সোমবার, মে ০৮, ২০১৭

এমপি রানার জামিন আদেশ স্থগিত

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে (টাঙ্গাইল-৩ আসন) হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। আগামী ৪ মাসের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছে।
সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আনা এক আবেদনের শুনানি করে এ আদেশ দেন আদালত। এর আগে গত ১৬ এপ্রিল রানার জামিন গত ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিলো।
১৮ এপ্রিল শুনানি শেষে আজ ৮ মে পর্যন্ত জামিন আদেশ স্থগিত করেছিলো আপিল বিভাগের চেম্বার আদালত। বিষয়টির ওপর আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়। গত ১৩ এপ্রিল হাইকোর্ট এমপি রানার জামিন মঞ্জুর করে আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এমপি রানা গত বছরের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করে টাঙ্গাইলের বিচারিক আদালত। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।