মঙ্গলবার, মে ১৪, ২০১৯

ঘাটাইলে বজ্রপাতে নিহত গৃহবধূর পরিবারকে দশ হাজার টাকা অনুদান

সোমবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে বজ্রপাতে নিহত আখি বেগমের পরিবারকে দশ হাজার টাকা অনুদান প্রদান করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে নিহতের বাড়িতে গিয়ে ঘাটাইল উপজেলা পরিষদের  চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু অনুদানের দশ হাজার টাকা নিহতের পরিবারের হাতে তোলে দেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর নাহার বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমূখ।

উল্লেখ্য গতকাল (১৩.০৫.১৯) সোমবার বিকালে বৃষ্টির  সময় সংগ্রামপুর গ্রামের হামিদ আলীর স্ত্রী আখি বেগম (৩০) পাশের বাড়ি থেকে দুধ ক্রয় করে বাড়ি ফেরার পথে  বজ্রপাতে নিহত হন।

ঘাটাইলে মালিকবিহীন একটি গরু উদ্ধার

রেজাউল করিম রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে মালিকবিহীন একটি গরু উদ্ধার করেছে স্থানীয় এক ব্যাবসায়ী। গত দুই মাস পূর্বে উপজেলার হামিদপুর বাজারে খান অটো রাইচ মিল থেকে গরুটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন ঐ মিল মালিক আনিছ খান। তবে কীভাবে ঐ রাইচ মিলে গরুটি এসেছে তা সে নিশ্চিত করতে পারেননি।

গরুটির আনুমানিক বাজার মূল্য ৮০,০০০ টাকার কাছাকাছি হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গরুটি হেফাজতে রাখা সালেংকা গ্রামের আনিছ খান বলেন, প্রায় দুইমাস পূর্বে সকাল বেলায় তার রাইচ মিলে একটি গরু ছুটোছুটি করতে দেখতে পান তিনি। তবে আশে পাশে কাউকে না দেখে সন্দেহ হলে গরুটি স্থানীয়দের সহযোগীতায় হেফাজতে নেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে গরুটি তার হেফাজতে দিয়ে যায়।

তাদের ধারণা, সংঘবদ্ধ চোরের দল গরুটি চুরি করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু স্থানীয়দের আনাগোনা দেখে তারা গরুটি ফেলে পালিয়ে গেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গরুটি উদ্ধার করে সালেংকা গ্রামের আনিছ খানের হেফাজতে রাখা হয়েছে। তবে গরুর প্রকৃত মালিক পাওয়া যায়নি। গরুটি কীভাবে ওই এলাকায় এসেছে তাও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

ঘাটাইলে ৫ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি

জাহাঙ্গীর হোসেন, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি এলাকায়  সোমবার (১৩ মে) বিকেল চারটার দিকে পাঁচ মিনিটের আচমকা ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

জানা যায়, উপজেলার সাগরদীঘি এলাকায় আজ বিকেলে পাঁচ মিনিট স্থায়ী ঝড় হঠাৎ করে আঘাত হানে। এতে করে সাগরদিঘী ও তার আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। সাগরদিঘী বনবিভাগের অফিসের সামনে বাদুড়ের আবাসস্থল নামে পরিচিত সংরক্ষিত বন এলাকায় ১৫টি বিশাল আকৃতির সেগুন গাছ ঝড়ের আঘাতে উল্টে যায়। সেগুন গাছের চাপায় একটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায় ও আরেকটি সিএনজি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এদিকে সেগুন গাছগুলো ভেঙ্গে ভুপাতিত হওয়ায় অসংখ্য বাদুড় আশ্রয়হীন হয়ে পড়েছে এবং অনেক বাদুড় ঘটনাস্থলে মরে পড়ে থাকতে দেখা গেছে।

সাগরদিঘী বাজারের গারোবাজার রোডে চৌরাস্তা সংলগ্ন রিপন নামের এক ব্যবসায়ী জানান, তার দোকানের টিনের চালা ঝড়ে উড়ে গিয়ে শতাধিক বস্তা চাল ভিজে নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ঘাটাইলে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) বিকেল চারটায় উপজেলার সংগ্রামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আঁখি আক্তার (৩০)। নিহতের স্বামীর নাম আবদুল হামিদ। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।

জানা যায়, গৃহবধূ আঁখি আক্তার নিজ বাড়ী থেকে গরুর দুধ সংগ্রহের জন্য পার্শ্ববর্তী বাড়ীতে গিয়েছিলেন। দুধ নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।