শুক্রবার, নভেম্বর ১৬, ২০১৮

ধর্ষণ চেষ্টার ঘটনায় শালিসে চড় থাপ্পরে মীমাংসা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাটে এক নারী (২২) ধর্ষণ চেষ্টাকারি একদল যুবককে শালিসের মাধ্যমে সামান্য চড় থাপ্পড় ও মাফ মুক্তিতে দিয়ে অব্যাহতি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।


বৃহস্পতিবার রাতে ভাইঘাট বাজারের ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসে ধোপাখালী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আকবর হোসেনের পরিচালনায় এ মীমাংসা বৈঠক হয়। ওই ঘটনায় নেতৃত্বে ছিলেন, চেয়ারম্যান আকবর হোসেনের ভাতিজা শামসুল হকের ছেলে মানিক। এছাড়াও জনৈক বেলাল খন্দকারের ছেলে সিয়াম ও হোসেন সর্দার ওরফে হুসুর ছেলে মামুনসহ ৫/৭ জনের দল এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধুপুর উপজেলা শহরে এক চিকিৎসকের বাসায় আশ্রিতা হিসেবে বসবাস করা ওই নারী পালবাড়ী গ্রামের সন্তান। ওই চিকিৎসক পালবাড়ী গ্রামের জালালে জামাতা। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী আশ্রয়দাতা চিকিৎসকের সন্তানকে পালবাবাড়ীতে রেখে ভাইঘাট বাজার হয়ে মধুপুর ফিরছিলেন। বাজারে এসে একা অটো যাত্রী হয়ে অপেক্ষা করার সময় সিয়াম, মামুনরা যাত্রী হয়ে মধুপুরের উদ্দেশ্যে ওই নারীর সাথে মধুপুরের দিকে আসে। বাঘিল আসার পর মানিক মোটরসাইকেল যোগে অটোরিক্সার গতিরোধ করে জোরপূর্বক ঘুরিয়ে এনে ভাইঘাট বাজারের ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের এক কক্ষে তোলে । সেখানে মানিকের নেতেৃত্বে সিয়াম,মামুনসহ ৫/৭ জন মিলে ওই নারীর উপর নিয়ার্তন চালায়। স্থানীয়রা একে ধর্ষণ বললেও ওই নারীর পক্ষের অভিভাবকগণ লোক-লজ্জার ভয়ে একে ধর্ষণ বলতে নারাজ। প্রভাবশালীদের ভয়ে স্থানীয়রাও এ বিষয়ে মুখ খুলছেন না। দুইদিন পর বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটার অফিসেই শাালিস বসে। ওই যুবকদের অভিভাবকসহ লাঞ্ছিত নারীর পক্ষের লোকজনের উপস্থিতিতে চেয়ারম্যান আকবর হোসেন সামান্য চড় খাপ্পড় দিয়ে মাফ মুক্তির মাধ্যমে মীমাংসা দিয়েছেন।


শাালিসে বিষয়টি মীমাংসা করার কথা স্বীকার করে ধোপাখালী ইউ.পি চেয়ারম্যান আকবর হোসেন সাংবাদিককে বলেন, এটি একটি ভুল বুঝাবুঝির বিষয়। মীমাংসা করে দেয়া হয়েছে। 

‘ধানের শীষ’ নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ‘জাতীয় ঐকফ্রন্ট’ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) এমন তথ্য জানানো হয়েছে।

গণফোরাম গত ১১ ডিসেম্বর নিজেদের প্রতীকে ভোট করবে জানালেও  বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জানালো, তারা ধানের শীষেই ভোট করবে। জোটগত নির্বাচনের তথ্য জানানোর শেষ দিন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে জমা দেন। গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গণফোরাম’ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক রাজনৈতিক দল হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে।’

চিঠি জমা দেওয়া পর সুব্রত চৌধুরী সাংবাদিকদের জানান, ঐক্যফ্রন্টের নিবন্ধিত চারটি দল ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবে। এগুলো হলো-বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ ও গণফোরাম। গত ১১ নভেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ জানিয়েছিল ছিল, দলটির নিজের প্রতীক ‘গামছা’ অথবা ঐক্যফ্রন্টের মনোনীত প্রতীক ব্যবহার করবে।

একই দিন ড. কামাল স্বাক্ষরিত গণফোরামের চিঠিতে ইসিকে জানানো হয়েছিল, গণফোরাম যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ প্রতীকে অংশ নেবে।’ এদিকে ঐক্যফ্রেন্টের অন্যতম শরিক দল বিএনপির বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে একটি চিঠিতে আরও তিনটি দলকে ‘ধানের শীষ’ প্রতীক দেবে বলে জানিয়েছে। বিএনপি এর আগে আটটি দলকে ধানের শীষ দেবে বলে জানিয়েছিল।

দলটির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘আগে পাঁচটি দলকে ‘ধানের শীষ’ প্রতীক দেওয়ার বিষয়ে ইসিকে জানানো হয়েছিল। আজ গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্যকে প্রতীক দেওয়ার কথা জানানো হলো। মাহমুদুর রহমান মান্না যেহেতু নির্বাচন করবেন, তার দল নিবন্ধিত নয়, তাই জানানো হলো।’ পুনঃতফসিলে পর বৃহস্পতিবার জোটগত নির্বাচনে অংশ নেওয়ার তথ্য সরবরাহের শেষ দিন ছিল।

আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। এই প্রথমবারের মতো কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ তাদের নির্বাচনী প্রতীক ‘গামছা’ প্রতীক বাদ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে।

রিজভীর হাতে মনোনয়নপত্র জমা দিলেন শিল্পপতি মাইনুল ইসলাম

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নির্বাচনী আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা শিল্পপতি মাইনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর হাতে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে নির্বাচনী এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

এর আগে গত ১৩ নভেম্বর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নির্বাচনী আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন শিল্পপতি মাইনুল ইসলাম।

মনোনয়ন সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘সব সময়ই ঘাটাইলবাসীর পাশে ছিলাম, আছি এবং আগামীদিনেও থাকতে চাই। আমাকে মনোনীত করা হলে ইনশাল্লাহ, জননন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসনটি উপহার দিতে পারবো।’

এদিকে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার পরও একই আশাবাদ ব্যক্ত করে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচন যাচ্ছে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, শান্তি চায়। গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। নিরপেক্ষ নির্বাচন হলে একক সংখ্যাগরিষ্টতা পাবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি।’

এর আগে গত ১২ নভেম্বর থেকে মনোনয়ন বিক্রি শুরু করে বিএনপি। ওই দিনই সকাল ১০টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ফেনী-১ আসনের জন্য দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার হাতে ফরম তুলে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

এরপর বগুড়া-৬ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনের ফরম গ্রহণ করেন।

এদিকে নির্বাচনের ৮-১০ দিন আগে সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়ে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন জানিয়েছে, ঐক্যফ্রন্ট ভোট পেছানোর দাবি জানালেও সব দিক বিবেচনায় ৩০ ডিসেম্বরই ভোটগ্রহণ হবে। ভোট পেছানোর আরও কোনও সুযোগ নেই। 

পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর। 

আমাদের ঘাটাইল ডটকম-কে ঘাটাইল প্রেসক্লাবের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : ৪র্থ বর্ষে পদাপর্ণ ও ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের ঘাটাইল ডটকম-কে শুভেচ্ছা জানিয়েছে ঘাটাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ঘাটাইল প্রেসক্লাব।

ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবে  সদস্যরা আমাদের ঘাটাইল সম্পাদক এস আকবর খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর মধ্যে ঘাটাইল প্রেসক্লাবের এর পক্ষে ঘাটাইল প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম (কালের কণ্ঠ), সহ-সভাপতি খান ফজলুর রহমান (যুগান্তর) ও সাধারণ সম্পাক নূরুজ্জামান মিঞা (ইত্তেফাক)  সহ অন্যান্যরা শুভেচ্ছা জানান।

বিএনপি’র সন্ত্রাসের প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

টাঙ্গাইলের ঘাটাইলে এমপি রানা সমর্থকরা বিএনপির আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঘাটাইল পৌর শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে ঘাটাইল কলেজ মোড় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঘাটাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মোড় চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, ৭নং ওয়ার্ড কমিশনার কবির হোসেন প্রমুখ সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির আগুন সন্ত্রাস ও পুলিশের গাড়িতে আগুন এবং ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানান। --- ঘাটাইলডটকম

প্রভার ‘বিয়ে এবং একটি শর্ত’

বিয়ের দিন-তারিখ ঠিক হওয়ার পর সুহানের বাবা জানতে পারেন, মেয়ে নাচ করে। এমন মেয়েকে তিনি বাড়ির বউ করবেন না। সুহান ঠিক করে, নিজেরা বিয়ে করে ফেলবে। অনু রাজি হয় না। পরিবারের অমতে গিয়ে অনু বিয়ে করবে না। সুহান তার মাকে বলে, অনুকে ছাড়া সে কাউকে কোনো দিন বিয়ে করবে না। সে বাড়ি ছেড়ে চলে যাবে।

ছেলের জেদের কারণে বাবা একটা শর্ত দেন। অনুকে নাচ ছাড়তে হবে। বিয়ের পর আর কখনো অনু নাচতে পারবে না। অনু সুহানকে ভালোবাসে। কিন্তু নাচ ছেড়ে দেওয়ার কথা অনু মানতে পারে না। নাচ অনুর সাধনা। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

সাদিয়া জাহান প্রভা ও ইরফান সাজ্জাদ অভিনীত নতুন নাটক ‘বিয়ে এবং একটি শর্ত’।  মাসুম শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটি আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। নাটকটিতে সুহান চরিত্রে ইরফান সাজ্জাদ ও অনু চরিত্রে প্রভা অভিনয় করেছেন। 

শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত আমাদের ঘাটাইল ডট কম


নিজস্ব প্রতিবেদক : পাঠকের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে অনলাইন গণমাধ্যম। এ কথা এখন হরহামেশাই শোনা যায়। কথাটি যে মিথ্যা নয় তার প্রমাণ বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছে। অনলাইন গণমাধ্যমের দাপটে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে দেশের এক সময়ের প্রধান মাধ্যম প্রিন্ট মিডিয়া। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে সবকটি প্রিন্ট মিডিয়াই চালু করেছে অনলাইন সংস্করণ।

পাঠকপ্রিয়তা ধরে রাখতে প্রতিটি সংবাদ মাধ্যমকে প্রতিনিয়ত অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হচ্ছে। সংবাদ কে, কার আগে দিবে সে প্রতিযোগিতা যেমন আছে, তেমনি আছে সংবাদের নির্ভুলতা। সংবাদ মাধ্যমের একটুখানি ভুল অথবা বিকৃত তথ্য যেকোনো পরিস্থিতিকে মুহূর্তেই পাল্টে দিতে পারে। ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ।

এক সময় অনলাইন সংবাদ মাধ্যমগুলো নিউজ আপলোড করার ক্ষেত্রে হুড়োহুড়িতে ব্যস্ত থাকত। সংবাদের মান বিচার-বিশ্লেষণ না করে নিউজের নামে ‘নয়েজ’ সৃষ্টি করত।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অবিচল নীতি নিয়ে যাত্রা শুরু আমাদের ঘাটাইল ডটকমের। শুরু থেকেই এ ধারাবাহিকতা অব্যাহত রাখায় মিলেছে তার সুফলও। ২০১৫ সালের ১৫ নভেম্বর ‘তারুণ্যের অনলাইন’— এই ধারণা নিয়ে যাত্রা শুরু করে আমাদের ঘাটাইল ডটকম মাত্র তিন’বছরেই অসংখ্য পাঠকের আস্থা অর্জন করে নিয়েছে। উঠে এসেছে টাঙ্গাইল জেলার শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর তালিকায়।

এখন জেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় নিউজের সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করছে আমাদের ঘাটাইল। ঘাটাইল, টাঙ্গাইল রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক,পরিবেশনযোগ্য সংবাদ দ্রুততার সঙ্গে উঠে আসছে আমাদের ঘাটাইল অনলাইন পোর্টালের পাতায়। আর তা থেকেই প্রিন্ট মিডিয়াগুলো পেয়ে যাচ্ছে তাদের দৈনন্দিন সংবাদের নির্ভুলতা যাচাইয়ের সুযোগ।

শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা আর ভালোবাসায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে থাকে ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে। সেই সঙ্গে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য বারবার শুভাকাঙ্ক্ষীদের মুখে উচ্চারিত হতে থাকে আমাদের ঘাটাইল’র প্রশংসা বাণী।

আমাদের ঘাটাইল’র বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ নিয়ে প্রশংসা করেন মেয়র শহিদুজ্জামান খান।

তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আমাদের ঘাটাইল ডটকম পাঠকের আস্থা অর্জন করেছে।’