শুক্রবার, সেপ্টেম্বর ১৪, ২০১৮

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) তিন ধাপ এগোলো বাংলাদেশ। ১৮৯টি দেশকে নিয়ে করা সূচকে বাংলাদেশ লাভ করেছে ১৩৬তম স্থান। সূচকে সবার ওপরে আছে যথারীতি আগেরবারের মতো নরওয়ে।

শুক্রবার  ইউএনডিপির ওয়েবসাইটে এ সূচক প্রকাশ হয়। আগের বছর ২০১৭ সালের সূচকে ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯তম।

এসবের মানদণ্ডে এবার বাংলাদেশের এইচডিআই মান দাঁড়িয়েছে ০ দশমিক ৬০৮। গত বছরের সূচকে এই মান ছিল ০ দশমিক ৫৭৯। অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, বৈষম্য ও দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টিসহ প্রায় সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে বাংলাদেশের। এ তালিকায় শীর্ষে থাকা নরওয়ের এইচডিআই মান ০ দশমিক ৯৫৩।

ইউএনডিপির প্রতিবেদন মতে, এই সূচক অনুযায়ী দেশের নাগরিকদের প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ দশমিক ৮ বছর। তাদের স্কুলে কাটানোর প্রত্যাশিত সময় গড়ে ১১ দশমিক ৪ বছর এবং বার্ষিক মাথাপিছু আয় (জিএনআই) ৩৬৭৭ ডলার।

নতুন জার্সিতে বাংলাদেশ

রবির সঙ্গে চুক্তি বাতিলের পর টাইগারদের নতুন স্পন্সর এখন ইউনিলিভার। এশিয়াকাপ দিয়েই নতুন জার্সিতে মাঠে নামবে টিম বাংলাদেশ। স্বাভাবিকভাবেই মাশরাফিদের জার্সিতে থাকবে বহুজাতিক প্রতিষ্ঠানটির পণ্যের লোগো। এ টুর্নামেন্টে বাংলাদেশের জার্সিতে থাকছে ‘লাইফবয়’এর লোগো।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) লাইফবয় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে উন্মোচিত জার্সির লগো প্রকাশ করেছে। এ জার্সি পরেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা। দুবাইয়ে বাংলাদেশ সময় সাড়ে ৫টায় শুরু হবে দুদলের লড়াই।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। এতে বাংলাদেশের জার্সি কেমন হবে- কয়েক দিন ধরে তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল ভীষণ আগ্রহ। অবশেষে জার্সি উন্মোচন করা হয়েছে। সেটির একটি ছবি আপলোড করেছে লাইফবয়। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই ছবিটি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ জার্সি পরেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা। দুবাইয়ে বাংলাদেশ সময় সাড়ে ৫টায় শুরু হবে দুদলের লড়াই। নিজেদের প্রথম ম্যাচ ঘিরে শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে দুদলই। উভয়ই চায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে।

গেল ২৬ আগস্ট বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করে রবি। বেশ কিছু দিন ধরেই উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তা সুরাহা না হওয়ায় বোর্ডের সঙ্গে চুক্তি বাতিল করে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটি। পরে ৬ সেপ্টেম্বর চুক্তি করে ইউনিলিভার। চুক্তির মেয়াদ আসছে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

শুধু জাতীয় দল নয়, বাংলাদেশ নারী দল, অনূর্ধ্ব-১৯ দল এবং বাংলাদেশ ‘এ’ দলের স্পন্সরও ইউনিলিভার বাংলাদেশ। অর্থাৎ আগামী দেড় বছর সাকিব-মোস্তাফিজদের জার্সিতে থাকবে 'লাইফবয়'-এর লোগো।

শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের সঙ্গী কে?

শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের মিশন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামবে টাইগাররা।


অনুশীলনের ফাঁকে তামিম ইকবাল দুবাইয়ের উইকেট ও কন্ডিশন নিয়ে কথা বলেন। এসময় তিনি জানান, ‘আমরা এখনো উইকেট দেখি নি। কিন্তু আমি এখানে পিএসএলের সুবাদে আগে খেলেছি। উইকেট কখনো ব্যাটসম্যানদের জন্য খুব ভালো হয়, কখনো আবার স্পিনারদের জন্য সহায়ক হয়। তাই আমাদের দেখতে হবে কি ধরণের উইকেট আমরা পাব। তবে দুবাইয়ে খেলার জন্য আমরা মুখিয়ে।’

টুর্নামেন্টের কথা না ভেবে ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাচ্ছে টিম বাংলাদেশ। তামিম ইকবাল জানালেন, ‘প্রথম দুই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা পরের রাউন্ডে যেতে চাই। কিন্তু এখনই দূরেরটা চিন্তা করতে চাই না। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই।’

ওপেনিং জুটি প্রসঙ্গে তামিম বললেন, এশিয়া কাপের স্কোয়াডে রয়েছে একাধিক ওপেনার। সৌম্য সরকার এর পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টিতে ভালো করার সুযোগ করে নিয়েছে লিটন কুমার।

বিকল্প হিসেবেও রাখা হয়েছে একসময়ের ওপেনার মোহাম্মদ মিঠুন এবং মমিনুল হককে। তবে সম্ভাব্য ওপেনার হিসেবে প্রথম ম্যাচের একাদশে দেখা যেতে পারে লিটন কুমারকে।