মঙ্গলবার, আগস্ট ১৫, ২০১৭

ঘাটাইলে কাঙ্গালিভোজের খিচুড়ির পাত্রে পড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে শোক দিবসের কাঙ্গালিভোজের খিচুড়ির পাত্রে পড়ে মাইনুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওই শিশু উপজেলার আনোহোলা ইউনিয়নে যুগীহাটি গ্রামের হাসমত আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর বড় ভাই নাজমুল ইসলাম (৮)।
আহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার আনোহোলা ইউনিয়নের যুগীহাটি ওয়ার্ড মেম্বার লুৎফর রহমানের বাড়ির পার্শ্বে রাস্তার উপর গণভোজের খিচুড়ি রান্না হচ্ছিলো। এক পর্যায়ে দিনমজুর হাসমত আলীর দুই ছেলে মাইনুল ও নাজমুল সেখানে যায় খিচুড়ি খেতে। খিচুড়ি রান্নাবস্থায় চুলার পার্শ্বে অন্য শিশুদের সঙ্গে মাইনুলকে কাঁধে নিয়ে নাজমুল খেলছিল। এক পর্যায়ে কোনো এক শিশুর ধাক্কা লেগে নাজমুলের কাঁধ থেকে মাইনুল রন্ধনরত খিচুড়ির পাত্রে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে নাজমুলও খিচুড়ির পাত্রে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ওই দুই শিশুকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে শিশু মাইনুলের মৃত্যু হয়।

পোড়াবাড়ীতে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শোক র‌্যালি ও গণভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ঘাটাইল উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় শোক র‌্যালি ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সকাল নয়টায় দেউলাবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সম্মিলিত ভাবে এই শোক র‌্যালি ও গণভোজের আয়োজন করে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক রাসেল খানের নেতৃত্বে শোক র‌্যালিতে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কে নাগবাড়ী উচ্চ বিদ্যালয়, নাগবাড়ী পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোড়াবাড়ি পাবলিক ফাযিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কে নাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন নাহার, পোড়াবড়ি পাবলিক ফাযিল মাদ্রাসা র অধ্যক্ষ জাহিদুল ইসলাম, ১ নং দেউলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম মোস্তফা, কে নাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম পাতা মিয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাবেক সভাপতি আব্দুল বাছেত বাচ্চু প্রমূখ ও ১ নং দেউলাবাড়ি ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান প্রমুখ।
পরে উপস্থিত ছাত্রছাত্রীসহ জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।

ঘাটাইলে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শহিদুল ইসলামের সাংবাদিকদের সাথে মতবিনিময়

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মনোনয়ন প্রত্যাশী  ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট শহিদুল ইসলাম  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।  গতকাল সোমবার সন্ধ্যায় ঘাটাইল প্রেসক্লাবে এই মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভায় সুপ্রিম কোর্টের আইনজীবি ড. শহিদুল ইসলাম বলেন, সুষম উন্নয়ন, সন্ত্রাস ,মাদক ও জঙ্গীমুক্ত ঘাটাইল গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।  আমি দলের একজন নিবেদিত কর্মী ।  ঘাটাইল বাসীর সুখে দুঃখে আমি কাজ করে যাচ্ছি।  আগামী একাদশ নির্বাচনে সার্বিক দিক বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকেই মনোনয়ন দেবে বলে আমার বিশ্বাস।  এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি সাজ্জাদ রহমান, সাধাররন সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সাবেক সভাপতি মোঃ নূরুজ্জামান মিঞা, মোহাম্মদ কামাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব,দপ্তর সম্পাদক মোঃ মাসুম মিয়া সহ প্রেসক্লাবের অন্যান সদস্যরা।

ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে এ উপলক্ষে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভায় আলহাজ রমিজ উদ্দিনের সভাপতিত্বে সিরাজুল হক ঠান্ডু, মেজবাউল হক ফারুক, সোমেজ আলী, ছানোয়ায় মাষ্টার, শাহিন বি.এস.সি, ইমরান মাষ্টার, ছাত্রনেতা শহিদুল ইসলাম, আলমগীর হোসেনসহ প্রমূখ বক্তব্য দেন। পরে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যসহ ঘাটাইলের সংসদ সদস্য এমপি আমানুর রহমান খাঁন রানার জন্য দোয়া করা হয়।