বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৬

ঘাটাইলে দানেশ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একাশি হাইস্কুল মাঠে দানেশ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় বসুবাড়ী দল ২-০ গোলে গৌরাঙ্গী একাশি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বিজয়ী দল উভয়ার্ধে একটি করে গোল করে। উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেললেও বসুবাড়ী দল গোলের দু’টি সুযোগ কাজে লাগায়। পক্ষান্তরে গৌরাঙ্গী দলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় তারা পরাজয় বরণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন। ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র শহীদুজ্জামান খান, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবুল হাশেম, টুর্ণামেন্ট কমিটির সাধারণ সম্পাদক ঘাবিবুর রহমান প্রমুখ।টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কমোডর মোহাম্মদ সোহায়েল।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ফ্রিজ ও বিজিত দলকে টেলিভিশন প্রদান করা হয়। উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম দানেশ মিঞার স্মৃতি রক্ষার্থে তার নাতি কমোডর মোহাম্মদ সোহায়েলের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর ‘দানেশ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’ অনুষ্ঠিত হয়ে থাকে। টুর্ণামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হামিদুর রহমান টিটো।