সোমবার, মে ০৬, ২০১৯

ফণী নিয়ে মমতা-মোদির পাল্টাপাল্টি অভিযোগ

ভারতসহ পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সোমবার (৬ মে) অনুষ্ঠিত হয়। এদিন রাজ্যে ফের ষষ্ঠবারের মত হয়ে গেল মোদী-মমতা দ্বৈরথ। তবে অন্যান্য ইস্যুর মধ্যে এবারে দুই হেভিওয়েটের জনসভায় মূল ইস্যু ছিল ঘূর্ণিঝড় ফণী। দাবি, পাল্টা দাবিতে, ৩৬ ডিগ্রি গরমকেও হার মানালো এই দুই প্রতিদ্বন্দ্বী। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ফণীর দাপটে ক্ষয়ক্ষতির খবর নিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুই দু’বার ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাতে সাড়া দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। রোববার (৫ মে) এমনই দাবি করেছেন প্রধনমন্ত্রীর দফতর। এরপর ওই রাতেই জানা যায়, নির্বাচনি প্রচারে সোমবার রাজ্যে এসে, প্রথমে ফণীর ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আরও কতটা আর্থিক সাহায্য দরকার কি-না, তার খোঁজও নেবেন তিনি।

কিন্তু সোমবার এনিয়ে কোনও বৈঠক হয়নি। এ প্রসঙ্গে গোপীবল্লভপুরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী মানি না, তাই আপনার সঙ্গে বৈঠকে বসিনি। ফণী নিয়ে মোদি রাজনীতি করছেন।’ অপরদিকে প্রধানমন্ত্রী বলেন, দিদি (মমতা) আপনাদের ভালো চায় না, তাই বৈঠক করেনি। দিদি যদি সত্যিই রাজ্যবাসীকে ভালোবাসত, তাহলে ভোট ভুলে আমার সাথে বৈঠকে বসত। আমি এখানে আসার আগে ওড়িশার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে এলাম। স্পিড ব্রেকার দিদি আপনাদের ভালোবাসে না।

এর জবাবে মমতা বলেন, ‘ওষুধের মত ওনারও মেয়াদ শেষ। উনি এক্সপায়ারি পিএম। আমি নতুন প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেব।’ এছাড়া মোদি অভিযোগ করেন, ‘মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ, এটা দেশবাসীর গর্ব। কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করেনি দিদি।’

অন্যদিকে, মমতা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দেন। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে বলে জনসভা থেকে তোপ দাগেন তিনি। পঞ্চম দফার ভোট শেষ হলেও ভারতে সামান্যতম কমেনি রাজনৈতিক উত্তাপ। এর ফল কী হবে, তা ২৩ মে বলবে। কিন্তু বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনি ছেড়ে দিতে কোনো পক্ষই রাজি নন। তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যবাসী।

ঘাটাইলে এ প্লাস না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মাসুম মিয়া, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রত্যাশিত এ প্লাস না পেয়ে এ গ্রেড পাওয়ায় আসফিয়া মুন্না নীপা (১৬) নামে এক ছাত্রী ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সে উপজেলার আথাইল শিমুল গ্রামের আরশেদ আলী ও শামসুন্নাহার দম্পত্তির মেঝ সন্তান এবং আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার স্থানীয়রা জানায়, মা বাবা দুজনেই চাকুরীজীবী। বাবা ঢাকায় একটি বেসরকারী কম্পানিতে আর মা মধুপুর হাসপাতালে চাকুরী করেন। তারা ঘাটাইল সদর হাসপাতালের পেছনে ভাড়া করা বাসায় থাকতেন। আজ সোমবার (৬ মে) দুপুরে বাসায় ছয় বছরের ছোট বোন ছাড়া আর কেউ ছিল না। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হলে সে এ প্লাস না পেয়ে এ গ্রেড পেলে লজ্জায় ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে স্থানীয়রা দেখে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

জানা যায়, তিন বোনের মধ্যে নীপা ছিল মেধাবী। বড় বোন টাঙ্গাইল পলিটেকনিক্যালের ছাত্রী আর ছোট বোন এখনো স্কুলের গন্ডিতে পা রাখেনি।

আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর চৌধুরী বলেন, নীপা অনেক মেধাবী ছাত্রী ছিল। এ প্লাস পাওয়ার মতো মেধা তার ছিল। সে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। তার আত্মহত্যা করার বিষয়টি মেনে নিতে পারছি না।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুল আলম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘাটাইলে রমজানের পবিত্রতা রক্ষায় করনীয় বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলের ঘাটাইলে পবিত্র রমজান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ মে) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা চত্বর এলাকা থেকে শুরু হয়ে ঘাটাইলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে র‍্যালিটি উপজেলা মিলনায়তনে রমজানের পবিত্রতা রক্ষা বিষয়ক করনীয় নিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নুরুন্নাহার বেগম, পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমগণ উপস্থিত ছিলেন।