রবিবার, মার্চ ০৩, ২০১৯

যে কারণে বিএনপি থেকে ৯৪ নেতা বহিষ্কার

দলের মধ্যে শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে বিএনপি। এরই অংশ হিসেবে দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় হবিগঞ্জ জেলা, সিলেট মহানগর-জেলা, বগুড়া, নওগাঁ, রাঙ্গামাটি ও বান্দরবনে ৮২ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়। এ পর্যন্ত এই নিয়ে ফরিদপুর, সিরাজগঞ্জ,মাগুরার ১২ জনসহ মোট ৯৪ জন নেতাকে বহিষ্কার করলো বিএনপি।

শনিবার নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্কাইপিতে মতবিনিময়সভায় কোনো প্রতিনিধি অংশ না নেওয়ায় ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আমন্ত্রিতদের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঠাকুরগাঁও জেলা কমিটির নেতারা উপস্থিত হলেও নীলফামারী জেলার কোনো প্রতিনিধি অংশ নেননি। যদিও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগঠনিক স্থবিরতা ও বিশৃঙ্খলার কারণে দলটির নীলফামারী জেলা কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।

সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অতি শীঘ্রই আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত নীলফামারী জেলা বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এস এম শাহজাহান, মনজুর উদ্দিন আহমদ শাহীন, চুনারুঘাট উপজেলার সভাপতি এস লিয়াকত হাসান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, বানিয়াচং উপজেলা মহিলা দলের আহ্বায়ক তানিয়া খানম, মাধবপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুফিয়া আক্তার হেলেন, বাহুবল উপজেলা মহিলা দলের আহ্বায়ক নাদিরা খানম, লাখাই উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক তাউস আহমদ।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক খালেদুর রশীদ ঝলক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, দক্ষিণ সুরমা উপজেলার সহসভাপতি জিল্লুর রহমান সোয়েব, দক্ষিণ সুরমা উপজেলার উপদেষ্টা শামছুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা সুন্দর আলী, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদ, জকিগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াহইয়া বেগম, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক ফজলে আশরাফ মান্না, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি খোদেজা বেগম কলি।



জৈন্তাপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মিসবাহ উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক আহমদ নুর উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জুবেল আহমদ, সিলেট জেলা মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, বিশ্বনাথ উপজেলা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার ইয়াসমিন, সিলেট জেলা মহিলা দলের সহসভাপতি স্বপ্না শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবিদুর রহমান।

একই ঘটনায় আরো যেসব নেতাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ওয়াহিদুজ্জামান সুফী, ফেঞ্চুগঞ্জ উপজেলার উপদেষ্টা মনির আলী নানু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা হারুন আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদল নেতা সাহেদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফেরদৌসী ইকবাল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. গোলাম রব্বানী, বালাগঞ্জ উপজেলা মহিলা দলের সহসভাপতি সেবু আক্তার মনি।

বগুড়া জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. মাছুদুর রহমান (হিরু মণ্ডল), জেলা বিএনপির সদস্য টিপু সুলতান, সারিয়াকান্দি থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক গোলাপী বেগম, সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক লিপন, সোনাতলা থানা মহিলা দলের সভাপতি রঞ্জনা খান, সাংগঠনিক সম্পাদক নয়নতারা, শিবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোছা. বিউটি বেগম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট রাফি পান্না, নন্দীগ্রাম থানা যুবদলের সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম থানা বিএনপির সভাপতি এ কে আজাদ, কাহালু থানা কৃষক দলের সভাপতি শাহাবুদ্দিন, কাহালু থানা মহিলা দলের সভাপতি মমতাজ আরজু কবিতা, ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি আকতার আলম সেলিম, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, সদর থানা মহিলা দলের সভাপতি মোছা. নাজমা আক্তার, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম গফুর।

শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. আবুল বাশার, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জাহেরুল ইসলাম, শাজাহানপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুলতান আহম্মেদ, শাজাহানপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোছা. জুলেখা বেগম, মোছা. কোহিনুর বেগম, বিএনপি নেত্রী এ্যাডভোকেট রহিমা খাতুন মেরি, বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু, বিএনপি নেতা মো. আনোয়ার এহসানুল বাশার জুয়েল, বিএনপি নেত্রী ও জেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া জেরীন রনি, বিএনপি নেত্রী ও গাবতলী উপজেলা মহিলা দলের সদস্য সহমিনা আকতার রুমা এবং গাবতলী থানা বিএনপি নেতা ও সাবেক কমিশনার শ্যামল সরকার।

নওগাঁ জেলাধীন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সদরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি মোছা. মোনয়ারা বেগম, মান্দা উপজেলা বিএনপ’র সহ-সভাপতি মো. আহসান হাবীব, বিএনপি নেতা ও সাপাহার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, সাপাহার উপজেলা বিএনপির সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বিএনপি নেত্রী ও ধামইরহাট পৌর মহিলা দলের সদস্য মোছা. শাহিনা। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর নাহার বেগম, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হাওলাদার, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক রনো চাকমা, বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল কুদ্দুছ, আবুল কালাম।

বান্দরবান জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক শিরিন আক্তার, বান্দরবান জেলাধীন রুমা উপজেলা বিএনপির সভাপতি জিমসম লিয়ান বম এবং বিএনপি নেত্রী ও বান্দরবান জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হামিদা চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিদেশে নেয়া সম্ভব নয়, জানালেন সিঙ্গাপুরের চিকিৎসকরা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থায় বিদেশে নেয়া সম্ভব নয়। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রোববার রাত পৌনে ১০টা দিকে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল জানিয়েছে, তাকে (ওবায়দুল কাদের) এ অবস্থায় বিদেশে নেয়া সম্ভব নয়। এছাড়া সিঙ্গপুর থেকে তাকে নেয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছে সেটাতে আইসিইউ নেই। সেক্ষেত্রে তাকে বিদেশে নেয়া হবে আরও ঝুঁকিপূর্ণ।


তিনি আরও বলেন, আগামীকাল (সোমবার) সকাল ৮টায় সিঙ্গাপুর থেকে আসা টিমের সদস্যরা ফেরত যাবেন। তার (ওবায়দুল কাদের) চিকিৎসা এখানেই হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে রাত ৮টার দিকে সিঙ্গাপুর থেকে ৪ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছান। পরে ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি বুঝতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান তারা। সেখানে তার চিকিৎসার জন্য গঠিত বোর্ডের সাথে বৈঠক করেন তারা।

এর আগে দুপুরে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান বলেছেন, ‘ওনার (ওবায়দুল কাদের) তিনটি নালীতেই ব্লক ছিল। যেটা ক্রিটিক্যাল ছিল, এলইডি বলে। এলইডিতে ৯৯ শতাংশ... যেটার জন্য ওনার এই সমস্যা হয়েছে, আমরা শুধু সেটিকে সারাই করেছি। কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়। সবগুলোই সারানো দরকার, কিন্তু এই মুহূর্তে সারানো যাবে না। সারাতে গেলে আরও বিপদ ঘটবে।’

আজ রোববার (৩ মার্চ) ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলেও বর্তমানে সিসিইউ-তে রাখা হয়েছে।

ঘাটাইলে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা সালাম মাষ্টার

রবিউল আলম বাদল, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্য কর্না গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মাষ্টার মন্ডল (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার (২ মার্চ) বিকালে হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি দির্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ ডায়বেটিস রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

আজ রবিবার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রাম মধ্যকর্না গোরস্থানে দাফন করা হয়।

বাথটবে ‘অদ্ভুত’ সাজে প্রিয়াঙ্কা!

প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস ব্রাদার্সের নতুন একক গান ‘সাকার’ নিজের উপস্থিতিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবার সেই শুটিং-এর নিজের কিছু ছবি পোস্ট করেছেন দেশি গার্ল। যা নেট দুনিয়ায় এখন ভাইরাল।

এমন সাজে আগে কখনো হাজির হয় নি বলিউডের পিগি চপস। ছবির একটিতে দেখা যাচ্ছে বাথটবে সাদা ফেনার মধ্যে শুয়ে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অদ্ভুত কিছু গয়না আর মাথায় ফুলের একটি মুকুট রয়েছে। 

এছাড়া অন্য একটি ছবিতে স্বামী নিক জোনাসকে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে তাকে। তৃতীয় ছবিটি দম্পতির পিছন দিক থেকে তোলা হয়েছে, সম্ভবত প্যাক আপের পরে তোলা হয়েছে এই ছবিটি। 



ছবির পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, গ্ল্যাম স্নান, হ্যাঁ অবশ্যই! জোনাস ব্রাদার্স ফিরে এসেছে! সাকার... আগে এবং পরে। সর্বকালের সেরা স্বামী! মাত্র তিন ঘণ্টার মধ্যে, ছবিগুলি ৮ লাখেরও বেশি লাইক পেয়েছে।

বাংলাদেশের তরুণ চিকিৎসকের বিবিসি অ্যাপ তৈরি

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস (ইংলিশ) তাদের খবর আরও সহজলভ্য এবং কম খরচে পাঠক-শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য নতুন অ্যাপ তৈরি করেছে। বিবিসি ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে অ্যাপটি তৈরি করেছে জেনো মিডিয়া। অ্যাপটি তৈরিতে কাজ করেছেন বাংলাদেশের তরুণ ডাক্তার নাজিফ মাহবুব। তিনি জেনো মিডিয়ার দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর।

সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি এ অ্যাপে ব্যবহার হয়েছে উন্নত প্রযুক্তি। নির্দিষ্ট কিছু দেশে অ্যাপের ইউজাররা সিলেক্ট করতে পারবেন তারা কীভাবে বিবিসির কন্টেন্ট শুনতে চান? এক্ষেত্রে তারা দুটি অপশন পাবেন। ‘কল-টু-লিসেন’ অর্থাৎ ফোন কলের মাধ্যমে অথবা মোবাইল ডাটা বা ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইউজাররা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ফলে যেসব দেশে ইন্টারনেট নেটওয়ার্ক অপ্রতুল অথব মোবাইল ডাটা ব্যয়বহুল সেসব দেশের নাগরিকরা কম খরচে ‘কল-টু-লিসেন’ এর মাধ্যমে বিবিসির কন্টেন্ট শুনতে পারবেন।

 এ প্রযুক্তির আওতায় একজন শ্রোতা তার মোবাইলে ইন্টারনেট অথবা এফএম রেডিও না থাকলেও শুধুমাত্র একটি লোকাল মোবাইল নম্বর ডায়াল করে রেডিও লাইভ শুনতে পারবেন। এক্ষেত্রে এটি একটি ফোন-কল হিসেবে গণ্য হবে এবং ফোনের চার্জই কাটা হবে। 

অ্যাপটি সারাবিশ্বে উন্মুক্ত করা হয়েছে (ইংল্যান্ড বাদে) যা পাওয়া যাবে অ্যানড্রয়েড ও অ্যাপল স্টোর উভয় মাধ্যমে। কল-টু-লিসেন সার্ভিস উন্মুক্ত করা হয়েছে বিশ্বের ৩৫টি দেশে যা ক্রমান্বয়ে বাড়ানো হবে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের (ইংলিশ) কন্ট্রোলার মার্ক হকাডে বলেন, ‘বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস (ইংলিশ) বর্তমানে সারাবিশ্বে প্রতি সপ্তাহে ৭৯ মিলিয়ন মানুষ ব্যবহার করেন। আমরা বিবিসির নিরপেক্ষ সংবাদ ও উন্নত কলেবরের মূল্যবান প্রোগ্রামগুলো এমন সব স্থানে পৌঁছাতে চাই যেখানে ইন্টারনেট নেটওয়ার্ক অপ্রতুল অথবা খরচ অনেক বেশি। পৃথিবীজুড়ে তরুণরা এখন মোবাইল ফোনে অ্যাপ ব্যবহারের দিকে বেশি ঝুঁকছেন। এ সিম্পল অ্যাপ ব্যবহারের মাধ্যমে কম খরচে এখন থেকে শ্রোতারা বিবিসির খবর ও বিভিন্ন প্রোগ্রাম শুনতে পারবেন।’

 ধীরে ধীরে এ সংখ্যা আমরা বাড়াচ্ছি। আপাতত ৩৫টি দেশের মধ্যে বাংলাদেশ নেই কারণ বাংলাদেশের মোবাইল ফোনের কলিং সার্ভিসের মডেল ভিন্ন। কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং খুব শিগগিরই বাংলাদেশে কল-টু-লিসেন সার্ভিসটি নিয়ে আসতে পারব। 

অ্যাপটি লাইট-টাচ ডিজাইনে তৈরি করা হয়েছে যেন এটি খুব সহজে এবং কম ডাটা খরচ করে ব্যবহার করা যায়। ‘কল-টু-লিসেন’ বাটনটি অ্যাপের মাঝে আছে যার মাধ্যমে শ্রোতারা আইভিআর টেকনোলজি ব্যবহার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস (ইংলিশ) শুনতে পারবেন।

মোবাইল ডাটা বা ওয়াই-ফাইয়ের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করলে শ্রোতারা অ্যাপের কন্টেন্টগুলো পছন্দ মতো পারসোনালাইজ করতে পারবেন। এতে করে তারা তাদের পছন্দের প্রোগ্রামগুলো দ্রুত ও সহজে এক্সেস করতে পারবেন।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস (ইংলিশ) অ্যাপের আগেও জেনো মিডিয়া বিবিসির ‘বিবিসি সোমালি’ ও ‘বিবিসি হাউসা’- এ দুটি অ্যাপ তৈরি করে।

জেনো মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মরিস বারজার বলেন, ‘বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে আমাদের সম্পর্কের পরিধি বৃদ্ধি করতে পেরে আমরা গর্বিত।’

জেনো মিডিয়ার দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. নাজিফ মাহবুব বলেন, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইংলিশ অ্যাপটি তৈরিতে জেনোর অ্যাপ টিমের সঙ্গে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। অ্যাপটি চালুর মাধ্যমে মিডিয়া টেকনোলজিতে একটি মাইল-ফলকের অংশ হলাম।

‘দক্ষিণ এশিয়া ও বাংলাদেশে জেনো মিডিয়ার কার্যক্রম বৃদ্ধি করতে কাজ করব’- বলেও তিনি উল্লেখ করেন।

ডা. নাজিফ মাহবুব আরও বলেন, জেনো মিডিয়া বিশ্বের বিভিন্ন বড় বড় ব্রডকাস্টারদের জন্য ২০১৮ সালের অক্টোবর থেকে অ্যাপ বানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিবিসির অ্যাপটি নিয়ে জেনো মিডিয়ার অ্যাপ টিমের সঙ্গে কাজ করে যাচ্ছি। জেনো মিডিয়ার রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) হিসেবে আমার কাজ মূলত অ্যাপটির দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় সমন্বয় করা।’

অ্যাপটি সম্পর্কে তিনি বলেন, ‘কল-টু-লিসেন’ রেডিও প্রযুক্তিতে জেনো মিডিয়ার একটি অভূতপূর্ব উদ্ভাবন। এ প্রযুক্তির আওতায় একজন শ্রোতা তার মোবাইলে ইন্টারনেট অথবা এফএম রেডিও না থাকলেও শুধুমাত্র একটি লোকাল মোবাইল নম্বর ডায়াল করে রেডিও লাইভ শুনতে পারবেন। এক্ষেত্রে এটি একটি ফোন-কল হিসেবে গণ্য হবে এবং ফোনের চার্জই কাটা হবে। আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল ইন্টারনেট-ডাটা ব্যয়বহুল হলেও তারা ফোন-কলের ক্ষেত্রে আনলিমিটেড মিনিট পেয়ে থাকেন। তাই কল-টু-লিসেন সার্ভিসটি এসব দেশে খুবই জনপ্রিয়। যেসব দেশে আমরা কল-টু-লিসেন সার্ভিস উন্মুক্ত করেছি তাদের মধ্যে আছে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, ফ্রান্সসহ ৩৫টি দেশে।’

‘ধীরে ধীরে এ সংখ্যা আমরা বাড়াচ্ছি। আপাতত ৩৫টি দেশের মধ্যে বাংলাদেশ নেই কারণ বাংলাদেশের মোবাইল ফোনের কলিং সার্ভিসের মডেল ভিন্ন। কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং খুব শিগগিরই বাংলাদেশে কল-টু-লিসেন সার্ভিসটি নিয়ে আসতে পারব।’

পেশায় ‘চিকিৎসক’, তথ্যপ্রযুক্তির বিষয়ে কীভাবে সম্পৃক্ত হলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটকাল থেকেই বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির প্রতি আমার অনেক আকর্ষণ ছিল। রেডিও নিয়ে কাজ করছি ২০১১ সাল থেকে। নিজেই গড়ে তুলি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সাইবার রেডিও, রেডিও বিটজ। মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে পড়া অবস্থায় ২০১৪ সালে পরীক্ষা দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক মিডিয়া ব্রডকাস্টিং প্রতিষ্ঠান তৎকালীন জেনো রেডিওতে বাংলাদেশের রিজিওনাল কন্টেন্ট ম্যানেজার হিসেবে যোগ দেই। এরপর ক্রমাগত অরগানাইজেসনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির স্মারক রাখায় ২০১৬ সালে জেনো রেডিওর দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসেবে পদোন্নতি পাই। বর্তমানে আমি বাংলাদেশ ছাড়াও নেপাল ও পাকিস্তানে জেনো মিডিয়ার (পরিবর্তীত নতুন নাম) কার্যক্রম পরিচালনা করছি।’

জেনো মিডিয়া একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মিডিয়া ব্রডকাস্টিং অরগানাইজেসন। এটি মূলত বিশ্বের বিভিন্ন দেশের রেডিওর সঙ্গে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন- অনলাইন স্ত্রিমিং, অ্যাপ ডেভেলপমেন্ট, কল-টু-লিসেনসহ আরও অনেক কিছু।

বর্তমানে ব্রডকাস্টিংয়ে অনেক বড় বড় ব্রডকাস্টার যেমন- বিবিসি, ভয়েজ অব আমেরিকা, ইএসপিএন, ইউনাইটেড নেশনস, আরএফআই, ডয়চে ভেলেসহ সাত হাজারের বেশি রেডিও আমাদের ক্লায়েন্ট বলে জানান ডা. নাজিফ মাহবুব।

ঘাটাইলে বদলি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

মাসুম মিয়া, ঘাটাইল : নানা জটিলতার কারণে গত তিন বছর যাবৎ বদলি হতে পারছেন না টাঙ্গাইল জেলার ঘাটাইলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিগত দুই বছর উপজেলা শিক্ষা কমিটি গঠন নিয়ে জটিলতার কারণে আন্তঃউপজেলা বদলি বঞ্চিত হয় তারা। প্রতি বছর জানুয়ারি হতে ৩১মার্চ মধ্যে সহকারি শিক্ষকদের বদলির বিধিবিধান থাকলেও এ বছর এখন পর্যন্ত বদলি প্রক্রিয়ার কোন অগ্রগতি নেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে।

কয়েকজন সহকারি শিক্ষকের সাথে কথা বলে জানা যায, বিধিমালা অনুসারে আবেদনকৃত শিক্ষকদের তালিকা করে বদলির প্রস্তাবনা জেলা শিক্ষা অফিসে প্ররণ করে উপজেলা শিক্ষা অফিস। সে মতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের শূণ্য আসনের বিপরীতে বদলির আদেশ প্রদান করেন। উপজেলা শিক্ষা অফিস এরই মধ্যে স্থানীয় এমপি’র শুপারিশকৃত একটি তালিকা যাচাই-বাছাই করে জেলা শিক্ষা অফিসে প্ররণ করেন। জেলা শিক্ষা অফিস এমপি’র শুপারিশকৃত তালিকাটি বিধি মোতাবেক পাঠানো হয়নি এই মর্মে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে যথাযথ বিধিমোতাবেক তালিকা প্রেরণের নির্দেশনা দিয়ে চিঠি প্রদান করেছেন। বদলির এরকম জটিলতায় শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.নূরুল ইসলাম বলেন, এমপি’র ডিও লেটারসহ ২৬ জনের নামের তালিকা আমরা এখান থেকে পাঠিয়েছিলাম। সেখানে জৈষ্ঠ্যতার নীতি অনুসরণ না করায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস জৈষ্ঠ্যতার তালিকা পাঠাতে বলেছেন। এ নিয়মানুসারে কাজ বদলি প্রক্রিয়ার কাজ চলমান অবস্থায় আছে।

ঘাটাইলে বিএনপি নয়, এবার নৌকার বিরুদ্ধে লড়বে আ.লীগ দলীয় ৩ প্রার্থী!

মাসুম মিয়া, ঘাটাইল : চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে আওয়ামী লীগ। ভোট গ্রহণ ৩১ মার্চ। টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় দলীয় মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুকে। এদিকে লেবুকে মনোনয়ন দেয়ার বিষয়টি মেনে না নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাাকবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিংস, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন এবং মো.শফিকুল ইসলাম খান জনি। নির্বাচনী মাঠে থাকার বিষয়টি তারা  নিশ্চিত করেছেন।

শহিদুল ইসলাম লেবু বলেন, আদর্শের প্রশ্নে কেউ নৌকার বিরুদ্ধে যাবার কথা নয়। নেত্রীর সিদ্ধান্তের বাইরে কেউ যাবে না এটা আমার আত্মবিশ্বাস। আমি নিজেও কোন দিন দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই। মুজিব আদর্শের কোন নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যাবে না এবং নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবাই এক সাথে কাজ করবে বলে আমি মনে করি।

শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, যে মানুষকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে সে অতীতে নৌকা প্রতীক নিয়ে উপ-নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল। তার পরিবর্তে জনগন বিকল্প প্রার্থী চায়। তৃণমূলের নেতাকর্মীরা এ মনোনয়ন মেনে নেয়নি। তারা বিকল্প প্রার্থী হিসেবে আমাকে উপজেলা নির্বাচনে চাচ্ছে।

মো.আরিফ হোসেন বলেন, আমিই একমাত্র মাঠে আছি। আজকে যে নৌকার মনোয়ন পেয়েছেন সে একদিনের জন্য হলেও কোন ভোটারের কাছে যায়নি। জনগনের সমর্থনের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে। জনগনের ভোট লাগবে বলেই আমি তাদের দ্বারে দ্বারে গিয়েছি। আমি ছাড়া অন্য কেউ প্রচারে নামেনি।

মো.শফিকুল ইসলাম খান জনি বলেন, জনগনকে সাথে নিয়ে শেষ পর্যন্ত আমি মাঠে থাকব।

এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু নঈম মোহাম্মদ বজলুর রহীম রিপন নৌকার বাইরে যাবেন না ও ববিন হায়দার চৌধুরী সাদী এখনই এ বিষয় নিয়ে কথা বলতে পারবেন বলে  জানান।

অন্যদিকে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করছে না বলে নিশ্চিত করেছেন ঘাটাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম।

ঘাটাইলে আওয়ামী লীগের বাইরে অন্য কোন দলের প্রার্থীর প্রচারণা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।