সোমবার, জানুয়ারি ২৮, ২০১৯

‘পুলিশ সেবা সপ্তাহ’ উপলক্ষে নানা কার্যক্রম ঘাটাইল থানা পুলিশের

পুলিশি সেবা প্রাপ্তি সহজ করার লক্ষ্যে গতকাল রোববার (২৭ জানুয়ারি) থেকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা সহ সারা দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে পালিত হচ্ছে ‘পুলিশ সেবা সপ্তাহ’।

আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত এ সেবা সপ্তাহর কার্যক্রম চলবে। এ উপলক্ষে ঘাটাইল থানা পুলিশ পুলিশি সেবা গ্রহণ ও সেসব বিষয়ে সাধারণ জনগণকে অবহিতকরণ এবং উদ্বুদ্ধকরণ সম্পর্কিত নানা রকমের কার্যক্রম পরিচালনা করবে সপ্তাহব্যাপী।

পুলিশ সেবা সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে-

প্রত্যেক পুলিশ ইউনিটে র‌্যালি আয়োজন
পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণা
পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরণ
বাংলাদেশ পুলিশের বিগত বছরগুলোতে অর্জিত সাফল্য ও পুলিশি সেবা কার্যক্রম প্রদর্শন
বাংলাদেশ পুলিশ হেল্প লাইন ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সেবা প্রাপ্তি, আইজিপি কমপ্লেইন সেল, নারী ও শিশুবান্ধব পুলিশিং, কমিউনিটি পুলিশিং ইত্যাদি সম্পর্কে জনগণকে অবহিত করা।
জনবান্ধব পুলিশি সেবা প্রদানের জন্য ওপেন হাউজ-ডে আয়োজন
ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদত্ত সেবা সম্পর্কে প্রচারণা
অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা প্রদান
ইমিগ্রেশন পুলিশের আধুনিকায়ন এবং এর কার্যক্রমের ওপর প্রদর্শনী আয়োজন
সিটিটিসি, সোয়াট, সিডিএমএস এবং মাদক নির্মূল ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের কার্যক্রম, ট্রাফিক পুলিশের ‘ই-প্রসিকিউশন’ সম্পর্কে জনগণকে অবহিতকরণ
সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সহযোগিতা নিয়ে ছাত্র-ছাত্রীদের ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধকরণ
ট্রাফিক সচেতনতা বাড়াতে বাস/লঞ্চ টার্মিনাল, বাস স্টপেজ ও বাজার এলাকায় ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং লিফলেট বিতরণ করা
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সাংবাদিক, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে সভা-সেমিনারের মাধ্যমে এলাকায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করা
নদী বেষ্টিত এলাকায় নৌ আইন সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা চালানো
পর্যটন এলাকায় ট্যুরিস্টদের নিরাপত্তা প্রদানে পুলিশের কার্যক্রম সম্পর্কে উদ্বুদ্ধ করা এবং রক্তদান, শীতবস্ত্র বিতরণ, মাদকাসক্তদের পুনর্বাসন ইত্যাদি জনসেবামূলক কর্মসূচি গ্রহণ
পুলিশকে সহায়তা এবং পুলিশের সেবা গ্রহণের জন্য নাগরিকদেরকে প্রতি ঘাটাইল থানা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

(সোর্স : ঘাটাইল ডটকম)

ঘাটাইলে উপজেলা চেয়ারম্যার প্রার্থী আরিফের মোটর শোভাযাত্রা

সবুজ সরকার সৌরভ, ঘাটাইল: ঘাটাইলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আরিফ হোসেনের বিশাল মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷ আজ সোমবার (২৮ জানুয়ারী) শতশত মটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷

আরিফ হোসেনের মটরসাইকেল শোভাযাত্রায় ঢোলবাদ্যযন্ত্র সহকারে যোগ দেয় ঘাটাইলের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ৷

ঘাটাইলের সর্বসাধারনের সাথে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে পুর্ব ঘাটাইলের প্রার্থীকে বিজয়ী করেন পুর্ব ঘাটাইলের ভোটারেরা৷ আরিফ হোসেনের বাড়ি পুর্ব ঘাটাইলে হওয়ায় তার কর্মি সমর্থকদের দাবি তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন৷

মুহাম্মদ আরিফ হোসেন ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ঘাটাইল উপজেলা শাখার বর্তমান সভাপতি, বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারন সম্পাদক, উপজেলার বর্তমান সফল ভাইস চেয়ারম্যান সবার আস্থাভাজন ব্যক্তি।

তিনি তরুন প্রজন্মের একজন জনপ্রিয় লোক। ইতোমধ্যে তিনি রাত দিন ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ে জোর চেষ্টা চালচ্ছেন।

মনোনয়নয় পাওয়ার বিষয়ে আরিফ হোসেন বলেন, আমি জীবনের বিশটি বছর রাজপথে মুজিব আদর্শের ঝান্ডা হাতে নিয়ে মানুষের সেবা করে যাচ্ছি। আর আমি যদি আওয়ামী লীগের মনোনয়ন পাই তাহলে ঘাটাইল জনগনকে নেশামুক্ত সমাজ, সন্ত্র্সামুক্ত ঘাটাইল ও নৃতাত্বিক জনগোষ্ঠির স্বার্থের দিকে নজর দিয়ে তাদের হয়ে কাজ করবো।

ঘাটাইলে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।

ঘাটাইলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নূরজাহান সিদ্দিকার মতবিনিময়

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সর্বত্রই আলোচনা হচ্ছে চেয়ারম্যান ও ভাইস- চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে। নির্বাচনে কে হচ্ছেন এ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী- এটাই হচ্ছে এখন ঘাটাইলের প্রধান আলোচিত বিষয়। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজ সোমবার সকালে ঘাটাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষনা করেছেন ঘাটাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক নূরজাহান সিদ্দিকা।

প্রতিদিনই চলছে প্রার্থীতা ঘোষনা। পোস্টার ব্যানার ও সংবাদ সম্মেলন করে প্রার্থীতার কথা জানান দিচ্ছেন প্রার্থীরা। বসে নেই সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরাও। নূরজাহান সিদ্দিকা টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগেরও সদস্য। বর্তমানে তিনি জাতীয় মহিলা সংস্থা ঘাটাইল শাখার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

বিগত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দীতাও করেছেন তিনি। নারী
আন্দোলন ও মানবাধিকার রক্ষায় তিনি সব সময়ই নির্যাতিতদের পাশে দাড়িয়েছেন।

আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও ঘাটাইলবাসীর সমর্থন চান।

সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি বলেন, তার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির
সাথে জড়িত । আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে তার পরিবার সব সময়ই সক্রিয় ভুমিকা পালন করেছে। আশা করি দল আমাকেই মনোনয়ন দেবে।

ঘাটাইলে ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

ঘাটাইল উপজেলার এতিহ্যবাহী ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক দোয়া মহিফিল, নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্তরে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ৬ষ্ঠ শ্রেনীর নবীন ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। দ্বিতীয় পর্বে বিদায়ী
পরিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও টাংগাইল জেলা আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক আ ন ম বজলুর রহীম (রিপন)।

এতে উপস্থিত ছিলেন কালিহাতি অার এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর  রহমান, সাবেক প্রধান শিক্ষক হায়দায় আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাব হোসেন, দাতা ‍সদস্য আক্তার হোসেন কিছলু, ভাবনদও সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য মজিবর রহমান, হাজী আঃ গফুর, কমল সিদ্দিকী, ম্যানেজিং কমিটির সদস্য চান মামুদ, সদস্য আক্তার হোসেন, সদস্য আঃ লতিফ, সদস্য রোস্তাম আলী, আঃবাছেদ, হাজী আরফান আলী, সিনিয়র শিক্ষক ছুফিয়া খাতুন, বিপ্লব সরকার, নাজিম উদ্দিন, সোহরাব উদ্দিন, মিজানুর রহমান মিন্টু, রহমান আল আমিন প্রমুখ।

এ ‍সময় ‍সকল অভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শ্যামল চন্দ্র ভৌমিক ও  বাছির উদ্দিন।

ঘাটাইলে গাছের হাসপাতালটি কিভাবে কাজ করছে?

আব্দুল লতিফ, ঘাটাইল: ঘাটাইলে গাছের অভিনব হাসপাতাল চালু হয়েছে গত ১৩ জানুয়ারি (রবিবার)। হাসপাতালটি কৃষি ও কৃষকদের মাঝে ইতোমধ্যে দারুণ অবদান রেখে চলছে। এই হাসপাতালে শুধু উদ্ভিদ ও ফসলের বিভিন্ন রোগ বালাইলের চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের নাম দেয়া হয়েছে গাছের হাসপাতাল আর হাসপাতালটি পরিচালনার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে গ্রীণ কেয়ার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। হাসপাতালটি স্থাপন করা হয়েছে ঘাটাইল শহীদ সালাহ উদ্দীন সেনানিবাস সংলগ্ন শাহপুর নামক স্থানে।

তিন কৃষিবিদ বন্ধু রকিবুল হাসান উজ্জল, গনেশ কর্মকার ও জাহাঙ্গীর হোসেন মিলে স্থাপন করেছেন এই হাসপাতালটি। এটির উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস।

সরেজমিনে গতকাল রোববার (২৭ জানুয়ারি) গিয়ে দেখা যায়, হাসপাতালটিতে একটি অফিস কক্ষ রয়েছে। সেখানে বসেই গাছের রোগ বালাই সম্পর্কে পরামর্শ এবং ব্যবস্থাপত্র দেয়া হচ্ছে। সামনে একটি ছোট নার্সারীও রয়েছে। কয়েকজন কৃষক পরামর্শ নিতে এসেছেন। কেউ আবার রোগাক্রান্ত ফসলও নিয়ে এসেছেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্রসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন গাছের হাসপাতালের প্রতিষ্ঠাতা রকিবুল হাসান উজ্জল। গাছের বিভিন্ন সমস্যা ও রোগ বালাই সম্পর্কে জানতে আসা চাষী ও ব্যাক্তিদের গাছ ও ফসলের বিভিন্ন রোগ-ব্যাধি এবং কীটনাশক ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা পরামর্শ দিচ্ছেন তিনি।

গাছের হাসপাতালে আসা উপজেলার বাইচাইল গ্রামের শহিদুল ইসলাম জানান, গত বছর তার আম গাছে সমস্যা হয়েছিল আম ঝড়ে যেত এবং ফেটে যেত। এবার আম গাছে মুকুল ধরার সাথে সাথে অগ্রিম পরামর্শ নিতে গাছের হাসপাতালে এসেছেন। তার কথা শুনে হাসপাতাল কতৃপক্ষের নিয়োজিত পরামর্শক দল তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

শাহপুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন জানান, আগে গাছ বা ফসলের কোনো সমস্যা হলে আমরা কীটনাশক ব্যবসায়ীদের কাছে গিয়ে কীটনাশক ও রাসায়নিক এনে নিজেদের ইচ্ছেমত গাছ বা ফসলে ব্যবহার করতাম। ব্যবহার বিধি জানা না থাকায় অনেক সময় আমরা ক্ষতিগ্রস্থ হতাম। গাছের হাসপাতাল চালু হওয়ায় এখন আমরা রোগ বালাই ধমনে সঠিক পরামর্শ ও সেবা পাব।

হাসপাতালের প্রতিষ্ঠাতা কৃষিবিদ রকিবুল হাসান জানান, গাছের সেবা ও পরিচর্যার কার্যক্রম মানুষের বিনা মূল্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিদিষ্ট স্থানে হাসপাতালের কার্যক্রম শুরু করেছি। প্রতি সপ্তাহে একদিন উপজেলা কৃষি কর্মকর্তা এ হাসপাতালে এসে চাষীদের গাছ ও ফসলের রোগ বালাই সম্পর্কে পরামর্শক সভা করে চাষীদের ফসলের রোগ বালাই প্রতিরোধ সম্পর্কে আগাম ধারনা প্রদান করেন।

প্রতিষ্ঠাতাদের আরেকজন কৃষিবিদ গনেশ কর্মকার জানান, অল্প কয়েকদিন হল আমরা হাসপাতালটির কার্যক্রম শুরু করেছি। সাড়াও পাচ্ছি ভাল। আমরা শক্তিশালী কৃষি নেটওয়ার্ক তৈরি করে সবুজ বাংলাদেশ গড়তে চাই। কীটনাশক ও রাসায়নিক মুক্ত ফল ও সবজি উৎপাদনে চাষীদের সহায়তা ও সকল ধরনের গাছ ও ফসলের নতুন নতুন জাত মাঠ পর্যায়ে সম্প্রসারনে কাজ করতে চাই।

ঘাটাইল উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস বলেন, ব্যাক্তি উদ্যোগে বেসরকারিভাবে এটি ভাল একটি উদ্যোগ। এর ফলে কৃষকরা যে কোন সময় হাসপাতালে গিয়ে সহজে কৃষি বিষয়ে পরামর্শ পাবে । এবিষয়ে আয়োজক কতৃপক্ষ কোন প্রশিক্ষণ মূলক পরামর্শ চাইলে আমারা তা প্রদান করব।

ঘাটাইলের এই গাছের হাসপাতালে গাছের চিকিৎসা ও যেকোন পরামর্শের জন্য ০১৩১৮-৪৯৯২৮৫ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।