বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ০৪, ২০১৬

ঘাটাইলে অগ্নিকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল উপজেলা ধলাপাড়া ইউনিয়নের আটা গ্রামের অগ্নিকান্ডে ৩টি দোকান সহ বসতবাড়ি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টায় ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আটা গ্রামের আঃ মান্নানের বাড়ি ও তার তিনটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হলে  বাড়ির জিনিসপত্র ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী দৌড়ে এসে আগুন নিভানোর জন্য চেষ্টা করে। পরে পার্শ্ববর্তী থানা মধুপুরে দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা জয়নাল আবেদিন।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে এবং তাৎক্ষনিকভাবে কিভাবে আগুন ধরেছে সে বিষয়ে জানা যায়নি।

ঘাটাইলে রানা গ্রুপ ও লেবু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া: ১৪৪ ধারা জারি চলছে

 টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের নামে অভিযোগপত্র দাখিল করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ(ডিবি)। অভিযোগপত্র দাখিলকে কেন্দ্র করে  ঘাটাইল উপজেলায়    বুধবার গভীর রাতে আওয়ামীলীগের দু’গ্রুপ নেতা-কর্মীদের বাড়িতে পাল্টাপাল্টি  ভাংচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক বারটার দিকে স্থানীয় সাংসদ আমানুর রহমান খান রানা সমর্থিত নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু ও জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান এর বিলবোর্ড ভেঙ্গে ফেলে এবং ছাত্রলীগ নেতা আবিদ ও তমালের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

এ ঘটনার ত্রিশ মিনিট পর শহিদুল ইসলাম লেবু সমর্থকরা  ৩ নং জামুরিয়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস এর বাসায় ঢুকে টিনের রান্না ঘর ও বাসার জানালা ভাংচুর করে। বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  সকালবেলা টাংগাইল র‌্যাব-১২এর একটি দল  উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লেবু গ্রুপের ৪ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে টাঙ্গাইল নিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জিবিজ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সহঃ ক্রীড়া সম্পাদক মোঃ আবু সাঈদ রুবেল(৩০), তার ছোট ভাই মোঃ সোহেল (১৮), মিতুল(২০) ও মনজু (২১)। এরা সবাই ছাত্রলীগের কর্মী। এ দিকে লেবু গ্রুপের ৪ কর্মীকে গ্রেফতারের  প্রতিবাদে বিকালে তারা একটি প্রতিবাদ মিছিল  ও সমাবেশ করে ।  অপর দিকে  সাংসদ সদস্য আমানুর রহমান খান রানা সমর্থকরা শহরে  কলেজ মোড়ে জনসভা করার জন্য মাইকিং করেন ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিকেল ৪.০০ টা থেকে ১৪৪ ধারা জারি করেন। ফলে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে । র‌্যাব ও পুলিশ উপজেলার বিভিন্ন অলি-গলিতে টহল দিচ্ছে।

১৪৪ ধারা সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছমা আরা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিকেল থেকে রাত ১২.০০ টা পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত আইন শৃংখরা বাহিনী মোতায়েন করা হয়েছে।