রবিবার, এপ্রিল ২৩, ২০১৭

ঘাটাইলে অটোচালক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ঘাটাইলে অটোচালক আসাদুল হত্যার বিচার দাবীতে আজ রবিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ করেন সাত গ্রামের বাসিন্দারা। উপজেলার হামিদপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে  এ প্রতিবাদ সমাবেশ সড়ক অবরোধ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিশোর অটোচালক আসাদুল হত্যার বিচার দাবীতে সকালে উপজেলার কালিয়াগ্রাম. নাটশালা, মুজাহাটি, কুরমুরশি, শেখ শিমুল, সালেংকা ও হামিদপুর এ সাত গ্রামের নারী পুরুষ নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ শেষে কয়েক হাজার নারী পুরুষ উপজেলার হামিদপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে একত্রিত হয়। সেখানেও তারা প্রতিবাদ সমাবেশ করে এবং দুই ঘন্টা সড়ক অবরোধ করে  মানববন্ধন করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান, ইউপি সদস্য শফিকুল ইসলাম খান টিক্কা, মনিরতালুকদার, অতুল হোসেন, নাজমা বেগম, আবুল হোসেন খান, আরিফ সিদ্দিকী কাজিম মাষ্টার,আতাউর রহমান ও রেজাউল করিম রাজু প্রমূখ। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন আসাদুল হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ জনতা।উল্লেখ্য যে, গত ২০ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলের বাগুনডালি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রামের যুবকদের মাধ্যে সংঘর্ষে কালিয়াগ্রামের কিশোর অটো চালক মো. আসাদুল (১৬) নামে এক অটোচালক নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৫ জন। এ ঘটনায় নিহতের বাবা মুক্তার আলী বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন