শুক্রবার, নভেম্বর ২৩, ২০১৮

ঘাটাইলে ক্যাবল টিভি ডিজিটাল কন্ট্রোল রুম উদ্বোধন

প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল তারিফ ক্যাবল টিভি নেটওয়ার্ক, মীম স্যাটেলাইট ক্যাবল এর ডিজিটাল কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকালে ঘাটাইল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই কন্ট্রোল রুমের উদ্বোধন ঘোষণা করেন টিসি ভিসনের টাঙ্গাইলের সভাপতি মো.আনোয়ারুজ্জামান মিন্টু।

তারিফ ক্যাবল টিভি নেটওয়ার্ক এর পরিচালক খন্দকার মাজহারুল ইসলাম তারিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আরিফ হোসেন,আব্দুর রহমান, শুভ (টিসি ভিসন), গুপি দা (তারাকান্দি ক্যাবল টিভি নেটওয়ার্ক), মো.আখতার হোসেন (মীম স্যাটেলাইট), রবি দা(মধুপুর ক্যাবল টিভি নেওয়াকর্), মো.আশরাফ আলী(আশরাফ ইলেকট্রিক এন্ড স্যাটেলাইট) ,বিশিষ্ট ক্যাবল ব্যাবসায়ী ও সাংবাদিক রেজাউল করিম খান রাজু প্রমুখ।

অনুষ্ঠানে কয়েক জেলার ক্যাবল মালিক ও অপারেটরগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মধুপুরে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

টাঙ্গাইলের মধুপুর বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিধ্বস্ত বিমানের উদ্ধার কাজ চলছে। বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ বা ঘটনার বিস্তারিত জানাতে পারেনি আইএসপিআর।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সেখান থেকে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাদের সিদ্দিকীর আসনে কী হচ্ছে?

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ঐক্যফ্রন্টের অন্যতম নেতা হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে।

মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ঘাঁটি ও তার রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম এই টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)। এ আসনে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। এদিকে, আওয়ামী লীগ থেকে কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে উপনির্বাচনে তার ছেলে অনুপম শাহজাহান জয় এমপি নির্বাচিত হওয়ার পর তৃতীয় বারের মতো বিজয়ী হতে চায় আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ও বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদসহ আরও ১১ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন।

এ ছাড়া জাতীয় পার্টি থেকে রেজাউল করিমসহ দুজন ও বিএনপি থেকে অ্যাডভোকেট আহমেদ আযম খানসহ সাতজন মনোনয়ন ফরম ক্রয় করেছেন।