শনিবার, জানুয়ারি ১২, ২০১৯

ইয়াবা সেবনের সময় যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

টাঙ্গাইলের মির্জাপুর উপলোয় ইয়াবা সেবনের সময় যুবলীগ নেতা ফেরদৌস আলম পাহাড়ি ও মান্নান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে বাঁশতৈল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুকুলের নেতৃত্বে বাঁশতৈল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৬ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম পাহাড়ি ও মান্নান মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ তাদের গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ফেরদৌস আলম পাহাড়ি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নবাব মিয়ার ছেলে ও মান্নান মিয়া একই ইউনিয়নের খবির উদ্দিনের ছেলে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ইয়াবা নয়, সেবনের সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ঘাটাইলে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচী বাস্তবায়ন

টাঙ্গাইলের ঘাটাইলে ‘পারশী সামাজিক উন্নয়ন সংঘ’র আয়োজনে সারাদিন ব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। গতকাল শুক্রবার (১১ জানুয়ারি) উপজেলার কদমতলি এলাকার পারশী ঈদ গাহ মাঠে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

এতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অন্তত চারশত জনকে এই ক্যাম্পেইনের আওতায় রক্তের গ্রুপ পরীক্ষা করে তা তাদেরকে কাগজে লিখে জানিয়ে দেওয়া হয়।

‘পারশি সামাজিক উন্নয়ন সংঘ’ কর্তৃক আয়োজিত এই ক্যাম্পেইনের সাথে জড়িতদের সাথে কথা বলে জানা যায়, এই সামাজিক সংগঠনটি সব সময় আর্ত মানবতার পাশে থেকে কাজ করে যেতে চায়। সংঘটির সদস্যরা এই সংগঠনটির মাধ্যমে শুধু কদমতলি বা পারশী এলাকার মধ্যেই সীমাবদ্ধ না থেকে পুরো উপজেলার সর্বত্রই সমাজের উন্নয়নে অবদান রাখার আশা প্রকাশ করে।

সংঘটির কার্যনির্বাহী কমিটি সবাইকে ধন্যবাদ ও অসংখ্য সাধুবাদ জানায় সুন্দর একটি ক্যাম্পেইন সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য।