মঙ্গলবার, ফেব্রুয়ারি ১২, ২০১৯

ঘাটাইলে লক্ষীপেঁচা উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গর্জনা গ্রাম থেকে সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে আহত অবস্থায় একটি লক্ষীপেঁচা উদ্ধার করেছেন জাহাঙ্গীর নামের এক যুবক।

পরে তিনি পেঁচাটি উপজেলা সদরে শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে নিয়ে আসেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ কামাল হোসেন পেচাঁটি দেখে তার চিকিৎসার জন্য উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে যান।

কামাল হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাণি সম্পদ কর্মকর্তা আমার তত্বাবধানে আরো দুই  তিন দিন রাখতে বলেছেন। পেঁচাটি একটু সুস্থ্য হলে তাকে ছেড়ে দেওয়া হবে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আ. মান্নান বলেন, পেঁচাটা অত্যন্ত দুর্বল ও তার শরীরের কিছু অংশে ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছেএ তবে সুস্থ্য হতে আরো দুই  তিন দিন সময় লাগবে।

ঘাটাইলে ‘হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ’র উদ্যোগে ওয়াজ মাহফিল

টাঙ্গাইলের ঘাটাইলে ‘হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ’র উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

হাফেজ হযরত মাওলানা আব্দুস সালাম সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম (সুনামগঞ্জ)। এ সময় বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, হযরত মাওলানা মুফতি মইনুল ইসলাম (সিরাজগজ্ঞ), হযরত মাওলানা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দিগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম জনি প্রমুখ।

অভিযানের সুফল, মাপ সঠিক হচ্ছে ইটভাটায়

পরিমাপে কারচুপি করে ভোক্তা ঠকানো ইটভাটা মালিকদের নিয়মিত কাজ। এ অপকর্ম বন্ধে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সারাদেশে একযোগে চলে অভিযান। জরিমানার কবলে পড়ে প্রায় পাঁচ শতাধিক প্রতিষ্ঠান। বছর না যেতেই এ সুফল আসতে শুরু করেছে। বদলে যাচ্ছে ইটভাটা। সঠিক হচ্ছে পরিমাপ। এর প্রমাণ মিলেছে অধিদফতরের অভিযানে।

সোমবার ঢাকার অদূরে আমিনবাজার এলাকায় ১৪টি ইটভাটায় অভিযান পরিচলনা করা হয়। এ সময় বেশিরভাগ ভাটায় নিয়মনীতি মেনে সঠিক পরিমাপে ইট তৈরির প্রমাণ পায় অধিদফতর। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।


অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল  বলেন, ইটভাটার পরিমাপের কারচুপি বন্ধে গত এক বছর ধরে অভিযান পরিচালনা করছে অধিদফতর। এর সুফল মিলতে শুরু করেছে। সোমবার আমিনবাজারে ১৪টি ইটভাটায় অভিযান পরিচলনা করা হয়। এ সময় ১১টি ভাটায় সঠিক পরিমাপে ইট তৈরি করতে দেখা যায়। এটি ইতিবাচক দিক। কারণ এক বছর আগেও বেশিরভাগ ভাটায় ইট তৈরিতে কারচুপি করছে দেখা যেত। এখন ব্যাপক পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, ভাটাগুলো নিয়মনীতি মেনে ইট তৈরি করছে। ভোক্তাদের ন্যায্য পরিমাপে ইট দিচ্ছে। এটিই আমাদের সফলতা। এভাবে প্রতিটি সেক্টরে পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন হচ্ছে। এ রকম সব খাতে পরিবর্তন আসুক এটাই আমারা চাই। ভোক্তার ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করাই আমাদের কাজ। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সবাই মেনে ব্যবসা করবে এটাই আমাদের প্রত্যাশা।

সোমবারের অভিযানে ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটির নামফলকে ত্রুটিসহ কিছু সমস্যা পাওয়া যায়। এসব অভিযোগে তিন প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতে এসব সমস্যা সংশোধন করা হবে মর্মে- তাদের সতর্ক করা হয়েছে।

এদিকে অধিদফতর সূত্রে জানা গেছে, গত এক বছরে সারাদেশে প্রায় পাঁচ শতাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় দুই কোটি টাকা জরিমানা করা হয়।

ইট তৈরির জন্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সঠিক পরিমাপ নির্ধারণ করেছে। সংস্থা‌টির পরিমাপ অনুযায়ী, প্রতিটির ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১ দশমিক ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৭ সেন্টিমিটার। কিন্ত‌ু প্র‌তিষ্ঠানগু‌লো ইট তৈরি‌তে স‌ঠিক প‌রিমাপে ইট তৈরি না করায় অভিযানে নামে ভোক্তা অধিদফতর।