রেজাউল করিম খান রাজু, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে পরিবহন শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে পরিবহন ধর্মঘট চলছে।
শ্রমিকদের ডাকা এই ধর্মঘটে বুধবার হামিদপুর থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথে বাস ও ট্রাকসহ কোনোপ্রকার যানবাহন ছেড়ে যায়নি। সেই সঙ্গে উপজেলার বাস স্ট্যান্ডসহ শহরের মোড়ে মোড়ে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল প্রতিরোধ করছে পরিবহন শ্রমিকরা। হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান (রতন) জানান, বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। এর প্রতিবাদে সংগঠনের ডাকে বুধবার সকাল থেকে ঘাটাইল উপজেলার হামিদপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও এ ধর্মঘট চলবে।
উল্লেখ্য,২০১১ সালের ১৩ আগস্ট চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বেপরোয়া গতির বাস ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরকে বহনকারী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। গতকাল এ মামলায় বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর।
