নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ঘাটাইলের (টাঙ্গাইল ৩ আসন) স্থানীয় সাংসদ আমানুর রহমান খান রানার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার প্রতিবাদে ঘাটাইল উপজেলার হামিদপুরে বিকাল ৫ টার সময় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দিঘর দিগলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে হামিদপুর বাজার বাসস্ট্যান্ড চত্ত্বর এলাকায় অনুষ্ঠিত মিছিলে এমপি রানার গ্রেফতারী পরোয়ানা বাতিল করার দাবীতে স্লোগান দেয়া হয়। পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্করা বলেন, এমপি রানা ষড়যন্ত্রের শিকার। ঘাটাইল তথা টাঙ্গাইলের আওয়ামীলীগের বলিষ্ঠ নেতৃত্ব আমানুর রহমান খান ও তার ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানী করা হচ্ছে।
এসময় তারা অবিলম্বে গ্রেফতারী পরোয়ানা স্থগিত করাসহ সকল ষড়যন্ত্র বন্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দিগলকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহির উদ্দিন ও আলমগীর হোসেন, ঘাটাইল উপজেলা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সুমন খান বাবু, দিঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জনি ও আওয়ামীলীগের সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য যে, টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।


