ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সংরক্ষিত বনের ভিতর থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কামালপুর কয়েদীপাড়া নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কামালপুর কয়েদীপাড়া নামক স্থানে গজারি বনের ভিতরে অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় জনগন পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মহিলাটির আনুমানিক বয়স ২৫/৩০ বছর। তার গলায় ওড়না পেচানো ছিল। পড়নে ছিল গোলাপী রং এর সেলোয়ার কামিজ। লাশটি ময়না তদন্তের জন্য গতকাল শনিবার সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুবৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নির্জন জঙ্গল ফেলে গেছে।
