শুক্রবার, নভেম্বর ৩০, ২০১৮

ঘাটাইলে কাজী নূরুল আলম শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল : ঘাটাইলে কাজী নূরুল আলম শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘাটাইলের পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে এপরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় দেউলাবাড়ী ইউনিয়নের প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ৩ শত ৫০ জন শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান,উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মধুপুর আউশনারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জয়নাল আবেদীন ভূইয়া,কালীহাতি আর এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপম কুমার রায়, পাকুটিয়া পাবালিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবনু নিছা, কাজী নূরুল আলম শিশু বৃত্তির সভাপতি ব্যাংকার কাজী আরঙ্খজেব,কেন্দ্র সচিব ও পাকুটিয়া অক্সফোর্ড কিন্ডার গার্টেন অধ্যক্ষ সাকের আহম্মেদ,ইউপি সদস্য মো.রহিজ উদ্দিন,নুচিয়া মাহমুদপুর সরকারী স্কুলের শিক্ষক মো.শাহজাহান আলী, ভূয়াপুর কলেজের অধ্যাপক শ্যামল কান্তি পাল,পাকুটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজাহারুল ইসলাম (বি.এস.সি),মো.আব্দুল রাজ্জাকপ্রমুখ সহ আরও বিভিন্ন রাজনৈতিক নেতৃবন্দ।


ডিআরইউ নির্বাচন: ইলিয়াস সভাপতি, কবির সাধারণ সম্পাদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এসএ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেন সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার কবির আহমেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



সেগুনবাগিচায় কার্যালয়ে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে এই ফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৪৭৭ জন। ভোট পড়েছে ১১৪৮টি।

সভাপতি পদে ইলিয়াস হোসেন পেয়েছেন ৬৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী একাত্তর টেলিভিশনের মনির হোসেন লিটন পেয়েছেন ৪৯৬ ভোট। সহ-সভাপতি পদে খন্দকার কাওছার হোসেন ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে কবির আহমেদ খান ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৪৪০ ভোট। একই পদে আরেক প্রতিদ্বন্দ্বী শেখ জামাল পেয়েছেন ২৪৫ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু। অর্থ সম্পাদক পদে বাংলা ভিশনের জিয়াউল হক সবুজ ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার আফজাল বারী ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমকালের স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুল। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল হাই তুহিন। ক্রীড়া সম্পাদক পদে ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শামীম।

সাংস্কৃতিক সম্পাদক পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক খান। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দফতর সম্পাদক পদে জিহাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শেখ মাহমুদ এ রিয়াদ, আপ্যায়ন সম্পাদক পদে এইচ এম আকতার ও কল্যাণ সম্পাদক পদে কাওসার আজম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে ৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জিটিভি’র মহিউদ্দিন। অন্য সদস্যরা হলেন খালিদ সাইফুল্লাহ (৬৪৬), বাদল নূর (৫৮০), নঈমুদ্দিন (৫৬৪), মাকসুদুল হাসান (৫৬৪), রাসেদুল হক (৫৩০) ও শাহাবুদ্দিন মাহাতাব (৪৩২)।

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। অন্য সদস্যরা হলেন বিএফইউজের সাবেক সভাপতি এম শাজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, সাংবাদিক নেতা এম এ আজিজ ও জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী।


ভোটের মাঠে এবার সিদ্দিকী পরিবারের মেয়ে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনায় রয়েছে টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবার। এতদিন এ পরিবারের চার ভাইয়ের নির্বাচনে অংশগ্রহণের কথা থাকলেও এখন যোগ হয়েছে আরও একটি নাম কুঁড়ি সিদ্দিকী। তিনি কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে। টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে ঐক্যফ্রন্টের এমপি প্রার্থী হয়েছেন মেয়ে কুঁড়ি সিদ্দিকী।

একই দল ও আসন থেকে বাবা-মেয়ের এ প্রার্থিতা নিয়ে সাধারণ ভোটারসহ রাজনৈতিক অঙ্গনজুড়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম আর তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী সখীপুর-বাসাইল আসন থেকে ঐক্যফ্রন্টের দুই এমপি প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করে এ চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।


বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল সাড়ে ৪টায় বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার কার্যালয়ে তারা বাবা-মেয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ইতোপূর্বে টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে ঋণখেলাপী অভিযোগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় এটি দলীয় একটি বিশেষ কৌশল বলেই মনে করছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক জানান, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের ঐক্যফ্রন্টের এমপি প্রার্থী হিসেবে শুধু বাবা-মেয়েই মনোনয়নপত্র দাখিল করেননি, আসনটির তৃতীয় প্রার্থী হিসেবে তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন।


তিনি আরও জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে টাঙ্গাইলসহ কয়েকটি জেলায় কৃষক শ্রমিক জনতা লীগের ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে দলীয় সিদ্ধান্তে জেলার টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তেই আসনগুলোতে একক প্রার্থী নির্ধারণ হবে বলেও জানান তিনি।

এছাড়াও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী।

অপরদিকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করছেন তাদের ছোট ভাই মুরাদ সিদ্দিকী।