টাঙ্গাইলের ধর্ষণ মামলায় আব্দুল জলিল (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল জলিল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত ইদ্দিস আলীর ছেলে। দণ্ডিত আসামি পলাতক রয়েছেন।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন।
এছাড়া ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যাশিশুর ভরণপোষণের জন্য দণ্ডপ্রাপ্ত আসামিকে দায়িত্ব দেন আদালত। জেলা প্রশাসককে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের পয়লা জানুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের গজারীবনে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন আব্দুল জলিল। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তরুণীকে আর বিয়ে করেননি। ধর্ষণের ফলে তরুণী অন্তঃসত্ত্বা হলে একই বছরের আগস্ট মাসে তিনি নিজেই বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আব্দুল জলিলকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে তরুণী কন্যা সন্তানের জন্ম দেন।
এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট নাসিমুল আক্তার নাসিম পরিবর্তন ডটকমকে বলেন, এ ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট নাসিমুল আক্তার নাসিম।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন নিরুজা বেগম, সিরাজুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।