মঙ্গলবার, মার্চ ২৯, ২০১৬

জিবিজি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ উত্তর টাঙ্গাইলের অন্যতম বিদ্যাপীঠ ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের ছাত্র সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে অধ্যক্ষের কার্যালয়ের সামনে সমাবেশ করে ছাত্রলীগ।
সমাবেশ শেষে ছাত্রলীগের কর্মীরা কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের কাছে ছাত্র সংসদ নির্বাচনের দাবী জানালে তার আশ্বাসে ছাত্রলীগ কর্মীরা আশ্বস্থ হয়। এ বিষয়ে ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, “আমি মাত্র কয়েকদিন হলো এসেছি, পরিস্থিতি বিবেচনা করব। ছাত্রদের সাথে, অভিভাবকের সাথে প্রশাসনের সাথে ও সুধীজনের সাথে কথা বলে যেটা ভালো সেটাই করা হবে।

এমপি রানাকে হয়রানি না করার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানাকে হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সোমবার রানার জামিন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার এক আবেদনের শুনানি করে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।


এ মামলায় এমপি রানা ও তার ভাই সাঈদুর রহমানের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। গত বছরের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।