বুধবার, আগস্ট ২২, ২০১৮

ঘাটাইলে তিন ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

 টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি এলাকার ৩টি ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসন এই ধারা জারি করে।

জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইলের মধ্যপাড়া সংগ্রামপুর, দেওপাড়া এবং নির্জনা এই তিন এলাকায় সমাজের দুই পক্ষের বিরোধের জেরে একই স্থানে ঈদুল আজহার নামাজের জন্য পুলিশের কাছে আবেদন করেন। পরে পুলিশ আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখে বিষয়টি উপজেলা নিবাহী অফিসারকে জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। পরে জেলা প্রশাসক ওই তিনটি স্থানে ১৪৪ ধারা জারি করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহম্মেদ পরির্বতন ডটকমকে বলেন, দুই পক্ষ একই স্থানে ঈদুল আজহার নামাজের বিষয়টি কেন্দ্র করে।

আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আজ পবিত্র ঈদুল আজহা

আজ পবিত্র ঈদুল আজহা। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করেছন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ি পশু কুরবানি করবেন। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে রাজধানীর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে বুধবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে । তবে আবহাওয়া প্রতিকুলে থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য প্রধান জামাতে নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে বুধবার কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল কারাগার, সরকারি হাসপাতাল, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র সরকারি আশ্রয় কেন্দ্র, সেফ হোম্স, দুস্থ কল্যাণ কেন্দ্র এবং শিশু ও মাতৃসদনগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।



উল্লেখ্য, প্রায় চার হাজার বছর আগে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজ পুত্র হজরত ইসমাইল (আ.)’কে কুরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপি মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কুরবানি করে থাকে। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমের জন্য আল্লাহ কুরবানি ফরজ করে দিয়েছেন। এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কুরবানি করাই এ দিনের উত্তম ইবাদত। সেই ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারাদেশের মুসলিম সম্প্রদায় বুধবার দিনের শুরুতেই ঈদগাহ বা মসজিদে সমবেত হবে এবং ঈদুল আজহার দু’রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। নামাজের খুতবায় খতিব তুলে ধরবেন কুরবানির তাৎপর্য।

এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বরাবরের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে অগণিত মানুষ নাড়ির টানে গেছেন গ্রামের বাড়িতে । ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিনের সরকারি ছুটি। তবে এ সপ্তাহের শেষ দু’দিন শুক্র ও শনিবার হওয়ায় ছুটি দাঁড়িয়েছে ৫ দিনে। পবিত্র ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে বরাবরের মতো এবারও দেশের সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা। অপরদিকে বিটিভিসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও ঈদের বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে।
ঈদের দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের নামায আদায়ের পদ্ধতি শিখে নিন

আল্লাহ তাআলা বলেন- فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ “তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর ও কোরবানি কর।” (সূরা কাওসার) অধিকাংশ সম্মানিত মুফাসসিরিনে কেরামের মতে এ আয়াতে সালাত তথা নামায বলতে ঈদের নামাযের কথাই বলেছেন। ঈদের নামায আদায় করা ওয়াজিব। তাই মুসলিম হিসেবে কর্তব্য হবে পূর্ব প্রস্তুতি নিয়ে আগ্রহ সহকারে ঈদের নামাযে অংশ গ্রহণ করা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, এবং ঈদের প্রচলনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে চিন্তা-ভাবনা করা।
যেহেতু ঈদের নামায বছরে কেবল দু’বার আদায় করা হয়, তাই অনেক মুসলিম ভাই-বোন আছেন যারা এর আদায় পদ্ধতি ভুলে যান। ফলে তারা অতিরিক্ত তাকবীরগুলোতে ভুল করে ফেলেন, কেউ কেউ অন্যরা কি করছে তা আড় চোখে দেখে অনুসরণের চেষ্টা করেন – যা অবশ্যই নামাযের জন্য ক্ষতিকর। তাই এ নিবন্ধে পাঠকদের জন্য ঈদের নামায আদায়ের পদ্ধতি তুলে ধরা হল।
প্রথমে কান বরাবর উভয় হাত তুলবে। তারপর এই ভাবে নিয়ত করবে যে “আমি ঈদুল ফিতর বা ঈদুল আযহার দুই রাকা‘আত ওয়াজিব নামায এই ইমামের পিছনে পড়ছি।” অতঃপর তাকবীরে তাহরীমা বলে হাত নাভির নিচে বাঁধবে এবং ছানা “সুবহানাকা…” পুরা পড়বে। তারপর আরো তিন বার তাকবীর বলবে। প্রথম দুইবার হাত কান পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। এরপর তৃতীয় বার হাত কান পর্যন্ত তুলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে চুপ করে ইমামের কিরাআত শ্রবণ করবে।
এভাবে প্রথম রাকা‘আত আদায়ের পর দ্বিতীয় রাকা‘আতের কিরাআতের পর তিন বার হাত কান পর্যন্ত উঠিয়ে প্রত্যেকবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। এরপর চতুর্থ বার হাত না তুলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে এবং অবশিষ্ট নামায অন্যান্য নামাযের ন্যায় সম্পন্ন করবে। (ফাতাওয়ায়ে শামী-১/১৭২)

আমাদের ঘাটাইল ডট কম’র পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের ঘাটাইল ডট কম’র  সকল পাঠক-পাঠিকা, বিজ্ঞাপন দাতা ও সকল কর্মকর্তা কর্মচারীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’৷

পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক। এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷

আজ এক শুভেচ্ছা বার্তায় আমাদের ঘাটাইল ডট কম’র সম্পাদক ও সিইও এস আকবর খান বলেছেন, মঙ্গলবার থেকেই শুরু হয়েছে তিন দিনের সরকারি ছুটি। ঈদ ঘিরে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে, অনলাইন নিউজপোর্টালগুলোও এনেছে ভিন্ন আয়োজন, টেলিভিশন চ্যানেল ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ঈদুল আজহা  সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। পবিত্র এই দিনে আমাদের ঘাটাইল ডট কম’র পক্ষ হতে লেখক, পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপন দাতা, কলাকৌশলিসহ সমাজের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 শুভেচ্ছা বার্তায় আগমী দিনগুলোতে পাঠক-পাঠিকাসহ সবাই আমাদের ঘাটাইল ডট কম’র সঙ্গে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঘাটাইলে ঈদুল আযহার নামাজের জামাত সকাল ৭.৩০ ও ৮.৩০ মিনিটে

পবিত্র ইদুল আযহা। প্রস্তুত টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। মুসলমানদের অন্যতম উৎসবের দিন। এ দিনে মুসলিমদের আল্লাহর রাজি খুশীর জন্য পশু কুরবানি দেওয়া উৎসবকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। আজ বুধবার (২২ আগস্ট) টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার প্রধান প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭.৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ মিনিটে।
জানা যায়, ঈদগাহে ব্যাগ বা টোপলা জাতীয় কিছু নিয়ে আসা যাবে না। সঙ্গে করে জায়নামাজ, পাটি, চাদর, খাবার পানি ইত্যাদি নিয়ে আসা যাবে। কোনক্রমেই নামাজের সময়সূচী পরিবর্তিত হবে না।
ঘাটাইল ডট কম ঘাটাইলবাসী, টাঙ্গাইলবাসী, দেশবাসী, বিশ্বর সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। বিশ্বর সকল মানুষের উপর বর্ষিত হোক ঈদের আনন্দ, ভালবাসা। এবং ফিলিস্তিনসহ বিশ্বর সকল নিপীড়িত মুসলমানদের প্রতি রইল আন্তরিক সহমর্মিতা।

২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্নার মাগফেরাত কামনায় ঘাটাইলে দোয়া মাহফিল

২০০৪ সালের একুশ আগষ্ট ঢাকায় গ্রেনেড হামলায় নিহত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ নিহতদের আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় টাঙ্গাইলের ঘাটাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট (মঙ্গলবার) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২১ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জনকে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে যা বর্বরোচিত এক ঘৃণিত অধ্যায় হিসেবে বিশেষ স্থান করে নিয়েছে।

এ দিনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের আশু রোগমুক্তি ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে আজ দুপুর ১২টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. শহিদুুল ইসলাম লেবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ঘাটাইল পৌরসভার প্যানেল মেয়র লিটন সরকার, যুবলীগ ঘাটাইল উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক আব্দুল জলিল সরকার, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক রেজাউল করিম, সরকারি জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল, টাঙ্গাইলে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এস কে শিহাব প্রমুখ।

এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।