বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

১৮ বছর পর যৌতুকের টাকা ফিরিয়ে দিলেন বাদশা

বিয়ের ১৮ বছর পর যৌতুকের টাকা ফিরিয়ে দিয়ে অভিশাপমুক্ত হলেন চার সন্তানের জনক আব্দুর রহিম বাদশা। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের হাবিবপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

২০০০ সালে একই উপজেলার আলমনগর ইউনিয়নের দক্ষিণ নবগ্রামের মো. আব্দুল হালিমের মেয়ে লতা বেগমকে বিয়ে করেন তিনি। দাম্পত্য জীবনের বেশ কিছুদিন পর জানতে পারেন বিয়ের সময় তার বাবা স্ত্রীর পরিবার থেকে ৪০ হাজার টাকা যৌতুক নিয়েছেন। এরপর তিনি লজ্জায় পড়ে যান। সেই থেকে অন্তরে ঘৃণিত ওই যৌতুকের দায় পরিশোধের মনোভাব লালন করেন তিনি।


তাদের ১৮তম বিবাহবার্ষিকীতে আব্দুর রহিম বাদশা পূর্বের ভুল সংশোধনে নিজ উদ্যোগেই যৌতুক বাবদ নেয়া টাকা ফিরিয়ে দিলেন শ্বশুর আব্দুল হালিমকে। শুধু যৌতুকের টাকা পরিশোধ করেননি তিনি, স্ত্রীর পরিবার গৃহপালিত পশুও উপহার দেন তিনি।

১৮ বছর পর যৌতুকের টাকা ফেরৎ দেয়ার বিষয়টি সচেতনার অসাধারণ দৃষ্টান্ত রূপে তুলে ধরার গৌরব অর্জন করেছেন আব্দুর রহিম বাদশা।


এ নিয়ে তার আত্মীয় স্বপন জানান, এ খবরে আমরা খুবই খুশি। তার এরকম সিদ্ধান্তে আমাদের অনেক ভালো লাগছে। তার মতো সমাজের প্রতিটি পুরুষ যদি এমন যৌতুক বিরোধী মনোভাব গড়তো তাহলে নির্যাতনমুক্ত হত আমাদের নারী সমাজ।

বাদশার শ্বশুর মো. আব্দুল হালিম বলেন, আমার জামাতার এমন বুদ্ধিমত্তা দেখে আমার খুবই আনন্দিত। আমি চাই না, যৌতুক নিয়ে কেউ বিয়ে করুক। এটা একটি সামাজিক ব্যাধি। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

এ প্রসঙ্গে যৌতুক বিরোধী ব্যক্তিত্ব আব্দুর রহিম বাদশা জানান, যৌতুক একটি সামাজিক ব্যাধি। আমি যৌতুকের টাকা ফিরিয়ে দিলাম। আর আমি কখনও চিন্তা করিনি যৌতুক নিয়ে বিয়ে করবো। এত বছর পরে হলেও আমি যৌতুকের টাকা ফেরত দিলাম। কারণ যৌতুক নেয়া ও দেয়া দুটোই অপরাধ। আমি চাইবো বিয়েতে সমাজ তথা দেশের মানুষ যৌতুক যেন না নেন।

ঘাটাইলে সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরন

ঘাটাইলে বর্তমান  সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরন করেছে উপজেলা আওয়ামীলীগ।

আজ বুধবার বিকালে ঘাটাইল পৌরসভার মেইনরোড, বাজার রোডসহ বিভিন্ন স্থানে নৌকায় ভোট দিন শিরোনামে এই লিফলেট বিতরন করা হয়।

লিফলেট বিতরনের নেতৃত্ব দেন  জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান।

 এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ ও মজিবুর রহমান সহ যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরনের পাশাপাশি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ  নির্বাচনে  নৌকায় ভোট চান তারা।

পরীক্ষার ফরম পূরণে বাড়তি অর্থ আদায়? এখনি ফোন দিন ১০৬

টেস্টে ফেল করা ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেয়ার সুযোগসহ আসন্ন এসএসসি পরীক্ষায় ফরম পূরণে বাড়তি অর্থ নিলে কঠোর ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন দুনীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য‌্য এ তথ্য জানিয়েছেন।



তিনি বলেন, “রাজধানীর একটি বিদ্যালয়ে আসন্ন এস এস সি পরীক্ষায় ফরম পূরণে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে কমিশন একটি অভিযান পরিচালনা করে।”

গণমাধ্যমে এই বিযয়ে সংবাদ প্রকাশিত হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কমিশনে ব্যপকহারে অভিযোগ আসতে থাকে।

এসব অভিযোগে দেখা যায় বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত অতিরিক্ত অর্থ গ্রহণ করছে। এবং কোনো ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) ফেল করা ছাত্র-ছাত্রীদের থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে তাদেরকে পরীক্ষার সুযোগ করে দেয়া হচ্ছে।

এবার ১৬ ডিসেম্বর জাতীয় কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
এসব অভিযোগ কমিশনের গোচরীভূত হওয়ায় কমিশন সংশ্লিষ্টদের এ মর্মে অনুরোধ জানাচ্ছে, সরকারি নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি গ্রহণ করা হলে কিংবা ফেল করা ছাত্র-ছাত্রীদের টাকার বিনিময়ে পরীক্ষা প্রদানের সুযোগ দেয়া হলে, কমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।



এ বিষয়ে কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ সকলকে অভিযোগ জানানোর অনুরোধ করা হচ্ছে। ১০৬ এ অভিযোগ আসলে কমিশন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করবে।

ঘাটাইলে শিশু অধিকার ও আইসিটি বিষয়ক কর্মশালা

আব্দুল লতিফ, ঘাটাইল: গুড নেইবারস্ বাংলাদেশ কমিউনিটি ডেভোলেপমেন্ট প্রজেক্ট(সিডিপি) এর উদ্যোগে শিশু অধিকার ও আইসিটি (ট্যাব) ব্যবহার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল গুডনেইবারস্ স্কুলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ঘাটাইল সিডিপি প্রজেক্ট ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম। কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইমরান হোসেন, পাকুটিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ জীবুন নিছা , অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আইসিটি প্রজেক্টের আইটি অফিসার মো. হাবিবুর সিদ্দিক,সহকারী অফিসার মোস্তফা কামাল ও ট্যাব শিক্ষক ফাহিম আক্তার মুক্তা প্রমুখ।

উল্লেখ্য যে, দেউলাবাড়ি ইউনিয়নের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০জন শিক্ষার্থীকে বিনা মূল্যে ট্যাবের মাধ্যমে শিশু অধিকার বিষয়ে সচেতনা মূলক প্রশিক্ষণ দেয়া হয়।

মাহিকে বিয়ে করতে সিঙাড়ার দোকান!

ঢালিউডের জনপ্রিয় জুটি মাহিয়া মাহি-সাইমন। বর্তমানে এই জুটি ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিং এর জন্য মানিকগঞ্জে অবস্থান করছে। সিনেমায় ফরহাদ চরিত্রে অভিনয় করছেন সাইমন এবং শিরি চরিত্রে অভিনয় করছেন মাহি।


ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘২৭ অক্টোবর থেকে ‘আনন্দ অশ্রু’ ছবির তৃতীয় লট শুরু হয়েছে। আশুলিয়া শেষে বর্তমানে কাজ চলছে মানিকগঞ্জের জিটকা এলাকায়। বুধবার (৭ নভেম্বর) শেষ হবে এ লটের কাজ।’

ছবির গল্পে দেখা যাবে, মনের টানেই গান করেন সাইমন। এদিকে সংসারে লেগেই আছে টানা পোড়েন। মনের মানুষ মাহিয়া মাহিকে ঘরে নিয়ে আসতে হলে আরও উপার্জন বাড়ানো প্রয়োজন। তাই গান গাওয়া ছেড়ে সিঙাড়া সামুচার দোকান খুলেন সাইমন। আর সেই দোকানেই ক্রেতা হয়ে হাজির হন মাহি।

‘আনন্দ অশ্রু’তে আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, মারুফ প্রমুখ। সুদীপ্ত সাইদ খানের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

মজার বিষয় হলো, ১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত শিবলী সাদিক পরিচালিত এবং সালমান শাহ ও শাবনূর অভিনীত সুপারহিট ‘আনন্দ অশ্রু’ সিনেমার নামেই নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে। তবে নাম এক হলেও গল্পের কোনও মিল থাকছেন না বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

শ্রীলঙ্কাকে ২০৩ রানেই গুটিয়ে দিল ইংল্যান্ড

সাতে নেমে অভিষিক্ত বেন ফোকস সেঞ্চুরি করে না দিলে ইংল্যান্ডের রানও হয়তো খুব বেশি হতো না। তবে শেষ পর্যন্ত সফরকারি দল ৩৪২ রানের পুঁজি পেয়েছে। জবাবে ২০৩ রানেই গুটিয়ে গেছে ঘরের মাঠের শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমেছে ইংলিশরা।

গল টেস্টে বল হাতে লঙ্কানদের সর্বনাশটা মূলতঃ করেছেন মঈন আলি। ইংলিশ এই অফস্পিনার একাই নিয়েছেন ৪ উইকেট। বাকি দুই স্পিনার আদিল রশিদ আর জ্যাক লিচও নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট জেমস অ্যান্ডারসন আর স্যাম কুরানের।


শ্রীলঙ্কার ইনিংসে ধ্বংসযজ্ঞের সূচনাটা অবশ্য করেছিলেন পেসাররাই। ইনিংসের প্রথম ওভারেই দিমুথ করুণারত্নেকে (৪) সাজঘর দেখিয়ে দেন জেমস অ্যান্ডারসন। ১ রান করে স্যাম কুরানের বলে এলবিডব্লিউ হন কুশল সিলভা। ১০ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর মাঝের ব্যাটসম্যানরা সবাই সেট হয়ে আউট হয়েছেন।

লঙ্কান ইনিংসের একমাত্র হাফসেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ১২২ বলে ৩ বাউন্ডারি ৫২ রান করে তিনি মঈন আলির শিকার হন। ৩৩ রানে আদিল রশিদের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন অধিনায়ক দিনেশ চান্দিমাল। মোটামুটি থিতু হয়ে যাওয়া নিরোশান ডিকভেলাকেও (২৮) ফিরিয়েছেন মঈন। ৬৮ ওভারে ২০৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে নেমে বেশ ভালো সূচনা করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার অভিষিক্ত ররি বার্নস আর কেটন জেনিংস। ৭ ওভার শেষে সফরকারিদের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান। বার্নস ৪ আর জেনিংস ১৬ রান নিয়ে উইকেটে আছেন।

ঘাটাইলে শিক্ষকের মৃত্যুবরণ

টাংগাইল ঘাটাইল উপজেলার ভবনদও গণ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শামচুল হক মাস্টার বার্ধক্য জনিত কারণে বুধবার (৭ নভেম্বর) ভোরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকালে ঘাটাইলের ভবনদও গণ উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোবিন্দের পাড়া সামাজিক গোরস্থানে তাকে  দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক এবং গোবিন্দের পাড়া গ্রাম সহ অত্র এলাকায় সর্বস্তরের জনসাধারণ 

ঘাটাইলে ঔষধি উদ্ভিদ সংগ্রহ ও সংরক্ষণ প্রশিক্ষণ কর্মসূচী

উত্তম আর্য্য, নিজস্ব সংবাদদাতা : বুধবার (৭ নভেম্বর) সকাল টাঙ্গাইলের ঘাটাইল পৌরর ঝরকা এলাকায় দুইদিন ব্যাপি ঔষধি উদ্ভিদ সংগ্রহ, সংরক্ষণ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ কর্মসুচী শুরু হয়েছে।

নিম ফাউন্ডেশন আয়োজিত, মেডিসিনাল প্লান্ট এন্ড হারবাল প্রডাক্ট বিজনেশ প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় হল রুমে মোঃ আবু হানিফের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্য রাখে পৌর মেয়র শহিদুজ্জামান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম এক্সিকিউটিভ ফাতেমা বিনতে রহমান, পৌর কাউন্সিলর মোঃ বিশা মিয়া, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন, ডেইলী সান পত্রিকার উত্তর টাঙ্গাইল এর প্রতিনিধি আতা খন্দকার, দৈনিক ভোরের কাগজ এর ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল প্রমুখ।

১ ওভারে ৪৩ রানের বিশ্বরেকর্ড

১ ওভারে ৪৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান জো কার্টার এবং ব্রেট হ্যাম্পটন। লিস্ট ‘এ’ মর্যাদার ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিকের বিপক্ষে নর্দান ডিস্ট্রিকের ম্যাচে পেসার উইলেম লুডিকের ওভারে তাঁরা এই কীর্তি গড়েন।  
৪৩ রান নেওয়া ওই ওভারের ৬ টি বলের স্কোর ছিল ৪, ৬ (+১ নো বল), ৬ (+১ নো বল), ৬, ১, ৬, ৬ এবং ৬। ম্যাচে ১০ ওভার বল করে ৮৫ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন লুডিক। ম্যাচে  নর্দান ডিস্ট্রিক ৭ উইকেট হারিয়ে তোলে ৩১৩ রান। জবাবে সেন্ট্রাল ৯ উইকেট হারিয়ে তোলে ২৮৮ রান। ২৫ রানে ম্যাচটি হেরে যায় তারা।
এর আগে ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনীর পেসার আলাউদ্দিন বাবুর ওক ওভারে ৩৯ রান নিয়ে লিস্ট ‘এ’ তে বিশ্ব রেকর্ড গড়েছিলেন শেখ জামালের এলটন চিগুম্বুরা।

হ্যাটট্রিকে ৩৪তম পাঁচ উইকেট এনামুলের

 ঘাটাইল, 
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম জয়ের নায়ক ছিলেন তিনি। তবু খেলতে পেরেছেন মাত্র ১৫টি টেস্ট ম্যাচ। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা রঙিন না হলেও দেশের ঘরোয়া ক্রিকেটে বরাবরই উজ্জ্বল সিলেটের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র।

দেশের ইতিহাসের প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেয়ার রেকর্ডে অনেকদিন ধরেই আব্দুর রাজ্জাকের সাথে পাল্লা দিয়ে চলছেন এনামুল। সে রেকর্ডে আবারও রাজ্জাকের পাশে বসার পথে এবার তিনি করেছেন অসাধারণ এক হ্যাটট্রিক।


জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে কক্সবাজারে টেবিল টপার ঢাকা বিভাগের বিপক্ষে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়েছেন এনামুল। বয়স ৩১ হলেও এনামুল হক মনির কারণে এখনো পর্যন্ত তাকে 'জুনিয়র' হয়েই খেলতে হচ্ছে দেশের ক্রিকেটে।

এনামুলের স্পিন ঘূর্ণিতে প্রথম ইনিংসের লিডটা খুব বেশি বড় করতে পারেনি ঢাকা বিভাগ। সিলেটের প্রথম ইনিংসে করা ২৩৮ রানের জবাবে ঢাকা অলআউট হয়েছে ৩৪৬ রানে। ৩৩ ওভারে ৬ মেইডেনের সাথে ৮৭ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন এনামুল।

ঢাকার ইনিংসের ৭৬তম ওভারের চতুর্থ বলে তাইবুর রহমানকে সরাসরি বোল্ড করেন এনামুল। পরের বলে জাকের আলীর হাতে ধরা পড়েন ঢাকার সেঞ্চুরিয়ান আব্দুল মজিদ। ফলে গতকালের করা ১০৪ রানের মাথায়ই সাজঘরে ফিরতে হয় তাকে। ওভারের শেষ বলে নাজমুল হাসান মিলনকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন এনামুল। সেই সঙ্গে পাঁচ উইকেট পূর্ণ হয় তার।

১২০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি এনামুলের ৩৪তম পাঁচ উইকেট। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ঠিক ৩৪ বার পাঁচ উইকেট রয়েছে আরেক বর্ষীয়ান স্পিনার আব্দুর রাজ্জাকেরও।

কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়েছে

অনড় অবস্থানের কারণে কোনো রকম সমঝোতা ছাড়াই সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ শেষ হয়েছে। পূর্ব নির্ধরিত একনেকের মিটিং থাকায় প্রধানমন্ত্রী সংলাপের ইতি টানেন। এর আগে প্রায় তিন ঘণ্টা সংলাপ চলে।

আজ বেলা ১১টা ১৫ মিনিটে গণভবনে ১৪ দলের সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা দ্বিতীয় দফায় সংলাপে বসেন। বেলা সোয়া ২ টার দিক সংলাপ শেষ হওয়ার খবর পাওয়া যায়।



এর আগে সকাল পৌনে ১০টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে ঐক্যফ্রন্টের নেতারা গণভবনের উদ্দেশ্যে রওয়ানা করেন এবং পৌনে ১১ টার দিকে তাঁরা গণভবনে পৌঁছান।

সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহ‌মদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত ‌চৌধুরী, গণফোরামের মহাসচিব মোস্তফা মহ‌সিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মা‌লেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের পক্ষে আজকের সংলাপে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

এর আগে ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেয়।

ঘাটাইলে পারিবারিক বিরোধে বসত বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক বিরোধে বসত বাড়িতে আগুন, মারধর এবং গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত সোমবার (৫ নভেম্বর) উপজেলার ২নং ঘাটাইল ইউনিয়নের কুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাটাইল থানায় গতকাল মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ নুরুল ইসলাম।

লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, নুরুল ইসলামের সাথে বাড়ীর জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল প্রতিবেশী চান মাহমুদ, বিল্লাল, রশিদ, শরীফ, আসলাম সহ অন্যান্যদের সাথে। ইতোপূর্বে এ বিষয় নিয়ে একাধিকবার ঝগড়াঝাঁটি সংগঠিত এবং আপোষ মিমামাংশার চেষ্টা চলেছে। কিন্তু গত সোমবার গভীর রাতে চান মাহমুদ, বিল্লাল, রশিদ, সাগর সহ অন্যান্যরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত নুরুল ইসলামের বসতঘরে হামলা করে ঘরের চালা কুপিয়ে, ঘরে আগুন ধরিয়ে দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে বলে অভিযোগপত্রে জানা যায়।

এ সময় নুরুল ইসলাম প্রাণ ভয়ে বাড়ী থেকে পালিয়ে যায় এবং সে সময় প্রতিপক্ষরা নুরুলের ৮০ হাজার টাকা মূল্যের একটি গরু ছিনিয়ে নিয়ে যায়। এরমধ্যে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিপক্ষরা পালিয়ে যায়।

এ বিষয়ে ইউনিয়নটির ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান খান জানান, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। পারিবারিক শত্রুতা বশত প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন। এ ঘটনায় ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে ঘাটাইল থানায় কর্মরত এসআই আলী হোসেন জানান, আমরা অভিযোগপত্র পেয়েছি। আজ সকালে (৭ নভেম্বর) আমরা ঘটনার প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। অধিকতর তদন্তর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ঘাটাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. শহীদুল ইসলাম লেবু’র সমর্থনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধ্বার সকালে ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক বীর প্রতীক। ঘাটাইল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. শহীদুল ইসলাম লেবু, উপজেলা সাবেক কমান্ডার মো. হাবিবুর রহমান,সাবেক ডেপুটি কমান্ডার শাহনেওয়াজ প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সেই সাথে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. শহীদুল ইসলাম লেবু নমিনেশন পেলে ঘাটাইল উপজেলার সার্বিক উন্নয়ন করতে পারবে। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইল আসন হতে শহীদুল ইসলাম লেবুর জন্য নমিনেশন প্রার্থনা করছি।

বিএনপি নেতাকর্মীদের নিয়ে পুলিশের লুকোচুরি

টাঙ্গাইলে বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে নাশকতার গোপন বৈঠকের প্রস্তুতি নেয়ার সংবাদ পেয়ে শহরের বিভিন্ন স্থান থেকে ওই নেতাকর্মীদের গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার রাতে নিশ্চিত করেন টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশের ওসি মো.সায়েদুর রহমান।

তবে মঙ্গলবার দিনব্যাপী টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লা থেকে ২২ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতারের গুঞ্জন বইলেও পুলিশ বিষয়টি নিয়ে লুকোচুরি করতে থাকে। সর্বশেষ রাত সোয়া ৯টায় টাঙ্গাইল মডেল থানায় ১২ নেতাকর্মীকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন ওসি।


এ সময় তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ছাড়া অন্য কোনো নেতাকর্মীর নাম প্রকাশ না করে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান।

তবে এ অভিযানে সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শহর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আইয়ুব আলীসহ ১২ জনকে গ্রেফতার দেখিয়ে মামলাটি হয়েছে বলে জানান শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ।

উদ্দেশ্যমূলক এ গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল  বলেন, একদিকে সরকার সংলাপের নাটক করছে, অপরদিকে পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করানো হচ্ছে। অনতিবিলম্বে গ্রেফতার ওই নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

এ সময় তিনি আরো জানান, সোমবার রাতব্যাপী বিএনপি নেতাকর্মীর বাসাবাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতারদের মধ্য থেকে ১২ জনকে আসামি করাসহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৩৪ জনকে আসামি করে এ নাশকতা মামলাটি করা হয়েছে। এছাড়াও ধনবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে।

সোমবার গভীর রাতে পুলিশ পৌর শহরের চালাষ এলাকার ধনবাড়ী পৌর বিএনপির নেতা খায়রুল মুন্সির বাড়ির পাশ থেকে তাদের গ্রেফতার করে। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।