সোমবার, নভেম্বর ২৬, ২০১৮

৬টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন ১৩

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ৬টি সংসদীয় আসনে ১৩ জনকে ধানের শীষের প্রাথমিক মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।

সোমবার বিকেলে ঢাকার গুলশান কার্যালয়ে বরিশাল বিভাগের বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতাদের হাতে চিঠি হস্তান্তর করা হয়।


বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ১৩ জনকে ধানের শীষের প্রাথমিক মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। আসনে একাধিক প্রার্থী রাখা হলেও যথাসময়ে প্রতিটি আসনে একজন করে প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন আবুল হাসানাত আব্দুল্লাহ।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন সান্টু ও সাবেক এমপি শহিদুল হক জামাল।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান সুুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে মনোনয়ন পান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদ। এ আসন থেকে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসানকেও প্রার্থী রাখা হয়েছে। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি পংকজ নাথকে।

বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়ন দেয়া হয়েছে দলের যুগ্ম মহাসচিব মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চানকে।



বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে দুইজনকে মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন- বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান ও সাবেক এমপি আব্দুর রশিদ খান।

একই আসনে একাধিক প্রার্থী রাখার বিষয়ে দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, এটা দলের একটা কৌশল হতে পারে। যথাসময়ে প্রতিটি আসনে একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনজন কারাগারে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে ৩টি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট তিনজন প্রার্থী কারাগারে রয়েছেন। তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

এরা হলেন- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে তিনবারের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

তিনি দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন। পিন্টু টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দুই বারের সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীও কারাগারে রয়েছেন।

গত ৬ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে এবারও মনোনয়ন প্রত্যাশী।

অপরদিকে আব্দুস সালাম পিন্টুর ভাই কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নাশকতা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন। তিনি টাঙ্গাইল-৫ (সদর) ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা  বলেন, ‘রাজনৈতিকভাবে বিভিন্ন মামলায় তারা কারাবন্দি হয়েছেন। এরা তিনজনেই হেভিওয়েট প্রার্থী’।

তারা মনোনয়ন পেলে বিজয়ী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন শামছুল আলম তোফা।

উল্লেখ্য, আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি জোট সরকারের উপমন্ত্রীর দায়িত্ব পান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০০৮ সালের জানুয়ারিতে তিনি গ্রেফতার হন। তারপর থেকে তিনি কারাগারে আছেন।

চলতি বছরের অক্টোবর মাসে গ্রেনেড হামলা মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

এএসটি/

যোগ দিয়েই ধানের শীষ পেলেন গোলাম মওলা রনি

বিএনপিতে যোগ দিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করার টিকেট পেলেন গোলাম মওলা রনি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি।

এসময় পটুয়াখালী-৩ আসন থেকে তাকে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি হস্তান্তর করা হয়। 

বিএনপিতে যোগদান করে রনি বলেন, জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে আজীবন বিএনপিতে থেকে জনগণের সেবা করতে চাই।



এর আগে সোমবার দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন।

এই আসন থেকে নানা আলোচনার জন্ম দিয়ে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।

গোলাম মাওলা রনি তার ফেসবুকে লেখেন, ‘পুরুষের কান্নায় গলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।’

তিনি লেখেন, ‘উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামবো। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে’।

তবে স্বতন্ত্র নাকি কোনো দলের ব্যানারে নির্বাচন করবেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি রনি। কেন না বিএনপি বা ঐক্যফ্রন্ট পটুয়াখালী-৩ আসনে কে প্রার্থী হচ্ছেন, তা এখনও চূড়ান্ত করেনি।

২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মওলা রনি। পরে দলকে নিয়ে সমালোচনামূলক বক্তব্যের কারণে দলের ভেতরেই চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের নির্বাচনে দল থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হন রনি। বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণ থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও খুব একটা সুবিধা করতে পারেন নি।

এ বিষয়ে গোলাম মওলা রনি সোমবার দুপুরে  বলেন, ‘আমি নির্বাচন করব। বিএনপি একটি বড় দল যদি তারা মনোনয়ন দেয়, তাহলে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চাই। না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নেব’।

ঘাটাইলের জনগণ আনন্দিত, আতাউর রহমান নৌকার মনোনয়ন পাওয়ায়

উত্তম আর্য্য, ঘাটাইল: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি আমানুর রহমান খান রানার পিতা আতাউর রহমান খানকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়াতে তৃনমুল নেতাকর্মী ও সাধারন ভোটাররা এখন আনন্দ ভাসছেন। তার মনোনয়ন প্রাপ্তিকে কেন্দ্র করে প্রতিটি ইউনিয়নে শুরু হয়েছে বাধ ভাঙ্গা আনন্দ।

ঘাটাইলের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রার্থীকে কিভাবে জয়যুক্ত করবে এখন থেকেই শুরু হয়েছে সেই হিসাব নিকাশ।

বর্তমান এমপি আমানুর রহমান খান মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার সন্দেহভাজন আসামী হওয়ায় আসনটি নিয়ে সারা বাংলাদেশ আগ্রহের সৃষ্টি হয়। আওয়ামী লীগ থেকে ১০জন প্রার্থী এ আসনটি থেকে মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালায়। পরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমানুর রহমান খান এর পিতা আতাউর রহমান খানকে নৌকার জন্য মনোনীত করা হয়।

এ বিষয়ে রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ এমদাদুল হক সরকার জানায়, আমানুর রহামান খান ঘাটাইলে স্মরণকালের একজন জনপ্রিয় এমপি, আর তার বাবা নৌকার মনোনয়ন পেয়েছেন, এতে আমরা খুবই আনন্দিত।

দেওপাড়া ইউপি চেয়ারম্যান মাইনউদ্দিন তালুকদার তারু জানান, আমারা আগের থেকেই কাজ শুরু করে দিয়েছি। তিনি আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রান।

পৌর মেয়র শহিদুজ্জামান খান জানান, জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন সে একজন সৎ এবং যোগ্য ব্যাক্তি। আমরা তার হয়ে নৌকার পক্ষে কাজ করে যাবো।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, আতাউর রহমান খানের মনোনয়ন পাওয়ার বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ত্যাগী আওয়ামী লীগের কর্মীকে মনোনয়ন দিয়েছেন। আমারা সবাই নৌকার পক্ষে কাজ করে যাবো।

উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জানান, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের রায় দেখে মনোনয়ন দিয়েছেন। সেদিক থেকে আমাদের প্রার্থীর কোন তুলনা নেই।

সন্ধানপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল বাছেত জানান, আমরা একজন সৎ এবং নিষ্ঠাবান যোগ্যপ্রার্থী পেয়েছি। আমরা মিলেই একযোগে নৌকার মার্কার পক্ষে কাজ করে যাবো।

ধলাপাড়া ইউনিয়নের বাসিন্দা রেবুতি মন্ডল জানান, আমাদের এলাকায় শতকরা আশি ভাগ লোক এমপি সাহেবকে পছন্দ করে। তার বাবা মনোনয়ন পেয়েছে আমাদের জন্য খুশির খবর।

টাঙ্গাইলে আ.লীগের মনোনয়নে ৪ ইন ৪ আউট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনের চারটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চার নতুন মুখ। রোববার দলীয় চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলার সংসদীয় আট আসনের নতুন চার মুখ হলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আলহাজ আতোয়ার রহমান খান, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আহসানুল হক টিটু ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

গত সংসদে প্রতিনিধিত্বকারীদের মধ্যে থেকে বাদ পড়েছেন -টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে খন্দকার আসাদুজ্জামান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে কারাবন্দি আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে খন্দকার আব্দুল বাতেন ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে অনুপম শাহজাহান জয় আওয়ামী লীগের বর্তমান এমপি। এবার তারা বাদ পড়েছেন।

বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের চিঠি দেবে বিএনপি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে আরও আগেই। সোমবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গেইটে এমন নির্দেশনা দিয়ে নোটিশ টানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী জানা গেছে, বরিশাল বিভাগের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়ার মধ্য দিয়ে দলীয় টিকিট দেয়া শুরু করবে দলটি। সন্ধ্যা ৬ টায় দেওয়া হবে রংপুর এবং রাত ৮ টায় রাজশাহী বিভাগের মনোনয়নপত্র দেওয়া হবে।