সোমবার, ডিসেম্বর ১৭, ২০১৮

ঘাটাইলে নৌকার প্রচারণায় এহসান আব্দুল্লাহ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খানের পক্ষে ভোট প্রার্থনায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মিতালী গ্রুপের চেয়ারম্যান সৈয়দ তুহিন আব্দুল্লাহর সুযোগ্য সন্তান বঙ্গবন্ধু সাংস্কৃতিক গবেষনা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সম্পাদক ও বিজিএমই সদস্য সৈয়দ এহসান আব্দুল্লাহ।

গত ১৫ ডিসেম্বর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঘাটাইল সংসদীয় এলাকার পৌরসভাসহ, দেউলাবাড়ী, ঘাটাইল, জামুরিয়া, সাগরদিঘী, ধলাপাড়া, সংগ্রামপুুর, সন্ধানপুর, দিগড়, দিগলকান্দি, লোকের পাড়া, আনেহলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

গণসংযোগকালে তিনি, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড ভোটারদেরকে অবহিত করেন এবং তাদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার মুখে নয় কাজে বিশ্বাসী। বিগত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ওয়াদা করেছিলেন তা সিংহভাগ বাস্তবায়ন করেছেন। বাস্তবায়নকৃত কাজের মধ্যে পদ্মা সেতু নির্মান কাজ চলমান, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান, শ্রমিকদের মজুরী বৃদ্ধি, জেলেদের খাদ্যের সহায়তা প্রদান, বিনামুল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ, মাথাপিছু আয়বৃদ্ধি ও দারিদ্রতা হ্রাস, মাতৃত্বকালীন ভাতা প্রদান ও মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, গরীব ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, সমুদ্র সীমানা বিজয় ও পায়রা সমুদ্রবন্দর নির্মান, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান ইত্যাদি জনগণের মাঝে তুলে ধরেন।

এছাড়া তিনি তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন, গ্রামীণ রাস্তা ঘাট, কালভাট ব্রীজ নির্মান, মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, জঙ্গি ও সন্ত্রাস দমন সফলতা, হতদরিদ্র মানুষের জন্য গৃহনির্মান, সুন্দরবনের জলদস্যুও বন দস্যু নিয়ন্ত্রন করা, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চলমান, সারা দেশে ব্যাপী বিদ্যুৎ এর ব্যাপক উন্নয়ন, কৃষিতে সফলতা, অনলাইন সেবা প্রদান, মহা আকাশে বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপন, সিট মহল সমস্যার সমাধান, নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দান, উপকূলীয় বানভাসী মানুষের জন্য সাইক্লোন সেন্টার নির্মান, ফ্লাইওভার নির্মান ও মেট্রো রেল নির্মান কাজ চলমান, প্রত্যেক উপজেলা সদরে প্রাথমিকভাবে একটি করে মডেল মসজিদ নির্মান করে প্রক্রিয়া শুরু করা, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নতি করা, ন্যাশনাল সার্ভিসের আওতায় বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি করা সহ দেশের সার্বিক উন্নয়নে সাফল্য তুলে ধরেন। তিনি আরো বলেন,ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হয়েছে। অসহায় গরীব দুখীদের জন্য ৪০ দিনের কর্মসূচীর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ, ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ভিক্ষুক পূর্ণবাসন, ভিজিডি ও ভিজিএফ কার্ড, শিশু ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্নভাবে সাধারণ মানুষের সেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আ.লীগের ইশতেহার প্রকাশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ‌‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামের ওই ইশতেহার হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরমধ্যে বিভিন্ন মহলের কাছে দলটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিক ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের দাওয়াতনামা পাঠাচ্ছে দলটি।

ওই দাওয়াত নামায় উল্লেখ আছে, বাংলাদেশ আওয়ামী লীগ বিগত ১০ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতে দেশকে সমৃদ্ধির পথে নিতে প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্যে ১৮ ডিসেম্বর সকাল ১০টায় হোটেল সোনারগাঁও এ বাংলাদেশ আওয়ামী লীগের ‘নির্বাচনী ইশতেহার-২০১৮ ’ ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমি মরে গেলেও নির্বাচন বর্জন করবো না

আমি মরে গেলেও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করবো না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

আজ সোমবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন ভবনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, নির্বাচন হতে হবে। আমি মারা গেলেও নির্বাচন বর্জন করবো না। আমার লাশ ভোটকেন্দ্রে নিয়ে যাবে। আঙুলটাতো থাকবে। ওটা দিয়েই ভোট দেবো। আমার লাশও নির্বাচন বর্জনের কথা বলবে না।

তিনি আর বলেন, আমি ৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নির্বাচনের এজেন্ট ছিলাম। ৫৫ বছরের অভিজ্ঞতায় এমন পরিস্থিতি দেখিনি। সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে। ঢাকায় কেবল একটি দলের পোস্টার আছে। অন্য দলের প্রার্থীদের কোনো পোস্টার নেই। অনেক খারাপ-ভালো নির্বাচন দেখেছি। এমন দেখিনি।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকে ঢাকাসহ ৩০ জেলায় পুলিশি হয়রানি ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্যাতন বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ৮ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর কদমতলী বিএনপির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মীর হোসেন মীরুর বাড়িতে গোয়েন্দা বিভাগের একজন সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে হানা দেয় ও খুঁজতে থাকে। এ সময় ধানের শীষে প্রচার চালানো যাবে না বলে হুমকি দেয় তারা। অন্য নেতাকর্মীদের বাসায়ও তল্লাশির নামে হামলা চালিয়ে ভাঙচুর করে পুলিশ। এছাড়া আগামী নির্বাচনে ভোট থেকে বিরত রাখার জন্য পুলিশ অস্ত্রতুলে হুমকি দেয়।

ঢাকা-৯ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস ১২ ডিসেম্বর জনসংযোগে বের হলে আকস্মিক আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ চালায় ও ধানের শীষের লিফলেট কেড়ে নেয়া হয়। এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি নেতা রিপন ও সিরাজসহ অনেকেই গুরুতর জখম হয়।

নিউমার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীকে সাদা পোশাকে পুলিশ আটক করে নিয়ে গেছে। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

একইভাবে মহানগর দক্ষিণের সভাপতি আবদুল হামিদের বাসায় তল্লাশির নামে হামলা চালায় পুলিশ। নির্বাচন কমিশন এসব দেখেও নীরব ভূমিকা পালন করছে। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তাসহ সব থানার ওসিদের প্রত্যাহার করলে নির্বাচনের পরিবেশ ফিরে পাওয়া যাবে বলে চিঠিতে বলা হয়।

রোববার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী আবদুল মান্নানসহ বিএনপি নেতাকর্মীরা গণসংযোগ শেষে ফেরার পথে পুলিশ বাধা দেয়। এমনকি গুলিও করা হয়েছে বলে চিঠিতে বলা হয়।

কুমিল্লা জেলা শহরে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক নিয়ে শহরে বের হলে পুলিশসহ আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদেরও বাধা দেয়। বিএনপি নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করে। এতে বিএনপির পাঁচজন নেতাকর্মী গুরুতর জখম হন। এ সময় তিনজন সমর্থকের দোকানে ভাঙচুর করা হয়। আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশকে অনুরোধ করা হলে, নৌকা মার্কা ছাড়া এলাকায় কেউ থাকতে পারবে না বলে পুলিশ সুপার অফিস থেকে জানানো হয়।

জামালপু-৩ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলসহ নেতাকর্মীরা হযরত শাহ কামাল (রা.) এর মাজার জিয়ারত করতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১০-১২ জন নেতাকর্মীকে গুরুতর জখম করে।

ভোলা-৪ আসনের প্রার্থী নাজিম উদ্দিন আলমের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সেখানে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।

চট্টগ্রাম জেলায় রোববার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বাড়িতে নির্বাচনী সভা চলছিল। সভা থেকে বের হওয়ার পর ২৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম-৭ আসনে বিএনপির প্রার্থীকে অবৈধ অস্ত্র দিয়ে গ্রেফতার করা হয়।

শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা বিএনপির নির্বাচনী পথ সভায় পুলিশ আক্রমণ চালিয়ে পণ্ড করে দেয়। গতকাল ফরিদপুর শহরে ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। শহরের ২/৩ নং ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়। এ ছাড়া একই ধরনের ঘটনা ঘটেছে ফরিদপুর, নেত্রকোনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, নোয়াখালী, রাজশাহী, যশোর, বাগেরহাট, পটুয়াখালী, ঝিনাইদহ, নরসিংদী, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, মেহেরপুর, রংপুর, পাবনা, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, ফেনী, সিরাজগঞ্জ ও হবিগঞ্জ জেলায়।

অভিযোগগুলোর বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানানো হয়। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

বিডি২৪লাইভ/এআইআর

৪৪০০ বছরেও অবিকল সমাধির ভেতরের মমি কারুকার্য

মিসর নিয়ে রহস্য যেন শেষ হওয়ার নয়। ২০১৮ সাল জুড়েই সংবাদের শিরোনামে উঠে এসেছে দেশটির নাম। মিসরে একের পর এক আবিষ্কৃত হয়েছে নতুন প্রত্নক্ষেত্র, যেগুলো  সে দেশের প্রাচীন সভ্যতা সম্পর্কে তৈরি করেছে নতুন কৌতূহল।

জানা গেছে, সম্প্রতি মিসরের রাজধানী কায়রো শহরের দক্ষিণে সাক্কারা নামে এক প্রাচীন সমাধিক্ষেত্রে প্রত্নতাত্ত্বিকরা সন্ধান পেয়েছেন এক রহস্যময় সমাধির।

সেই সমাধি পর্যবেক্ষণ করে মিসরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিজ-এর সেক্রেটারি জেনারেল মোস্তাফা ওয়াজিরি জানান, সমাধি একেবারেই অবিকৃত অবস্থায় রয়েছে। তার মতে, এমন সমাধি গত কয়েক দশকে পাওয়া যায়নি।

ওয়াজিরি জানান, ওই সমাধি মিসরের পঞ্চম রাজবংশের তৃতীয় সম্রাট নেফেরিরকারে কাকাইয়ের সমকালীন। ওই সমাধি প্রায় ৪৪০০ বছরের পুরনো।

বৃহস্পতিবার প্রত্নবিদরা যখন সেই সমাধির ভিতরে প্রবেশ করেন, তারা দেখেন হায়ারোগ্লিফিক লিপিতে বহু কিছু লেখা রয়েছে সেখানে। সেই সঙ্গে রয়েছে বেশ কিছু মূর্তি। সেই সব লিপি এবং ওই মূর্তির ঔজ্জল্য প্রায় সাড়ে চার হাজার বছরেও অমলিন।

সমাধির ভিতরে পাঁচটি কুঠুরির সন্ধান পেয়েছেন প্রত্নবিদরা। এর মধ্যে চারটি কুঠুরি সিলমোহর করে বন্ধ। ধারণা করা হয়েছিল, সেগুলো খুললে অমূল্য কিছুর সন্ধান পাওয়া যাবে।  

শনিবার একটি কক্ষের সিলমোহর খুলে প্রবেশ করেন প্রত্নবিদরা। সেখানে তারা একটি শবাধার পান। ওই শবাধারের রং, নকশা ও আকার আশ্চর্য রকমের টাটকা।

মিসরের প্রত্নমন্ত্রী খালেদ এল-এনানি জানিয়েছেন, ওই শবাধার ও মমি সম্রাট নেফেরিরকারে কাকাইয়ের প্রধান পুরোহিতের। তার মতে, এটা ২০১৮-এর সেরা আবিষ্কার।

এই আবিষ্কার নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে প্রত্নতাত্ত্বিক মহলে। এখন বাকি রয়েছে ওই সমাধির লিপিগুলোর পাঠোদ্ধার। 

ঘাটাইলে নৌকায় ভোট চাচ্ছেন অর্ধশতাধিক মহিলা

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নৌকার প্রার্থী আতাউর রহমানের পক্ষে উপজেলার দেওপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন অর্ধশতাধিক মহিলা।

এতে নেতৃত্ব দিচ্ছেন ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকন তালুকদার।

এ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান খানের জন্যে বর্তমান সরকারের নানা উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে নৌকা মার্কায় বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা।

রোকন তালুকদার জানান, আমরা ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছি। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকায় মনোনয়ন দিয়ে ঘাটাইলে পাঠিয়েছেন আমরা তাকে বিজয়ী করতে বদ্ধপরিকর।

ক্ষমতায় গেলে পিইসি-জেএসসি পরীক্ষা বাতিল করবে ঐক্যফ্রন্ট

ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহারে এ ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন এই জোট।

সোমবার (১৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। এর আগে সূচনা বক্তব্য দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
ইশতেহারে জাতীয় ঐক্যফ্রন্ট যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো হচ্ছে:

১. জাতীয় ঐক্য গড়া

২. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে

৩. পরপর দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না

৪. মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিকরদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা হবে

৫. তৈরি করা হবে নির্বাচনকালীন সরকারের বিধান

৬. বাতিল করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন

৭. প্রথম বছরে বাড়বে না বিদ্যুৎ ও গ্যাসের দাম

৮. নিশ্চিত করা হবে প্রবাসীদের ভোটাধিকার

৯. সব নাগরিককে স্বাস্থ্য কার্ড দেয়া হবে

১০. পুলিশ ও সামরিক বাহিনী ব্যতিত সরকারি চাকরিতে প্রবেশের কোনো বসয়সীমা থাকবে না এবং সরকারি চাকরিতে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না

১১. পিএসসি-জেএসসি পরীক্ষা বাতিল করা হবে

১২. বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম পুরোপুরি বন্ধ করা হবে

১৩. অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে ও পাচারকৃত অর্থ ফেরত আনা হবে

১৪. যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকবে।

হয় বীরের বেশে বের হব, অন্যথায় লাশ বের হবে

নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এখনও টানা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লতিফ সিদ্দিকীর ভাতিজা মোশাররফ হোসেন সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ''চাচা (লতিফ সিদ্দিকী) গতকাল সকালের পর থেকে না খেয়ে আছেন। চাচা বলেছেন, ওসির প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনশন ভাঙবো না। সেখান থেকে হয় বীরের বেশে বের হব, অন্যথায় লাশ বের হবে।''

এর আগে, রবিবার সকালে নির্বাচনী প্রচারণার সময় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈলে লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলা ও ভাংচুর করা হয়। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হন। এ সময় বহরে থাকা চারটি গাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন।  
বিকালে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা শহীদুল ইসলাম এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কালিহাতী থানার ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানান লতিফ সিদ্দিকী। 

জানা গেছে, রবিবার বেলা সোয়া ২টা থেকে সেখানে অবস্থান নেন লতিফ সিদ্দিকী। পরে বেড, কাঁথা, বালিশ বিছিয়ে বসে পড়েন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও একটুও নড়েননি তিনি। বরং তাঁবু গেঁড়ে, লেপ নিয়ে রাত্রিযাপনের সব প্রস্তুতি সেরে শুয়ে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখার সময়ও টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতার অফিসের সামনে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন লতিফ সিদ্দিকী। 

বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৮/মাহবুব