শুক্রবার, নভেম্বর ০২, ২০১৮

নব নিযুক্ত পিপি এস আকবর খানকে ঘাটাইল প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

 

টাঙ্গাইল জজ কোর্টের নব নিযুক্ত পিপি , আমাদের ঘাটাইল ডট কম এর সম্পাদক ও সিইও এবং ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আকবর খানকে ঘাটাইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে তাকে এই শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, সাংবাদিক সমাজ জাতীর বিবেক। দেশ ও জাতীর উন্নয়নে তাদের ভ’মিকা অনস্বীকার্য। ঘাটাইলের সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। ঘাটাইলে একক প্রেসক্লাব গঠনের জন্য তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ কর্মকর্তা ও সদস্য এবং ঘাটাইলে কর্মরত সকল মিডিয়া কর্মীকে ধন্যবাদ জানান। তিনি দ্বিতীয় বারের মত এ পদে নিযুক্ত হন। 

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, সহ সভাপতি খান ফজলুর রহমান, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আতিকুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ , কোষাধক্ষ্য মোঃ মাসুম মিয়া ও সুধীবৃন্দ।

হাওয়া ভবনের খাওয়া মেটাতে উন্নয়ন হয়নি: প্রধানমন্ত্রী

বিএনপি শাসনামলে রাজধানীর বনানীতে আলোচিত হাওয়া ভবনের ‘খাওয়া মেটাতে’ দেশকে উন্নয়ন বঞ্চিত থাকতে হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তার সরকার দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। আর চলমান প্রকল্প বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের ক্ষমতায় থাকা দরকার।

শুক্রবার ময়মনসিংহে করা জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। বিভাগীয় শহরটির সার্কিট হাউজ ময়দানে এই জনসভায় ময়মনসিংহ ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী যোগ দেয়।

নেতা-কর্মীদের ভিড়ে বিশাল সার্কিট হাউজ ময়দানে ছিল উপচে পড়া ভিড়। ময়দান ছাড়িয়ে নেতা-কর্মীদের ভিড় গিয়ে পৌঁছে আশেপাশের বিভিন্ন এলাকায়।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় থাকাকালে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ময়মনসিংহে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ছিল উৎফুল্ল। পুরো নির্বাচনী আমেজ নেয় জনসভাটি। কারণ, সেখানে যারা যোগ দিয়েছেন, তারা দলীয় প্রতীক নৌকার প্রতিকৃতি নিয়ে যেমন হাজির হয়েছেন, তেমনি ‘নৌকা, নৌকা’ স্লোগানে জনসভা মুখর করে রাখেন।

এ সময় প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের পরিস্থিতি তুলে ধরেন। বলেন, ‘খুন, হত্যা, দখল, সন্ত্রাস , চাঁদাবাজি-এই ছিল বিএনপির কাজ। সরকার ছিল সেই সময় হাওয়া ভবন। এই হাওয়া ভবনের খাওয়া মেটাতে দেশের কোনো উন্নয়ন হয় নাই। সব অর্থ পাচার হয়েছে।’

জোট আমলে (২০০১-২০০৬) এই এলাকার বিভিন্ন অঞ্চলে নারীদের ওপর অকথ্য অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। পাকিস্তানী হানাদার বাহিনীর মত গণধর্ষণ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে কারও ওপর অত্যাচার করে না। আওয়ামী লীগ নিযার্তন করে না। আওয়ামী লীগ  করে উন্নয়ন।  আওয়ামী লীগ  করে মানুষের কল্যাণ।’

‘বিএনপি-জামায়াত ২০১৪ তে নির্বাচন ঠেকানোর নামে ৩৯০০ মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে, ৫০০ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। হাজার হাজার গাড়ি রেললাইন ধ্বংস করেছে। মানুষের স্বাভাবিকভাবে চলাচলের কোনো অধিকার ছিল না।

বিকালে জনসভায় উপস্থিত হয়েই ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুরের জন্য ১৯৫ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘ময়মনসিংহবাসীর জন্য উপহার নিয়ে আজ হাজির হয়েছি।’



এসব প্রকল্পের মধ্যে আছে বিভাগীয় সদর দপ্তরের বিভিন্ন কার্যালয় ছাড়াও বিভাগীয় স্টেডিয়াম, পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, ৩৬০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভৃতি।

বর্তমান সরকারের আমলে উন্নয়নের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে তার সরকারের আমলে দেশের দারিদ্র্য ৪০ থেকে শতকরা ২১ ভাগে নেমে এসেছে।... আগামীতে দারিদ্র্য যেন আরও শতকরা ৫/৬ ভাগ কমাতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা চাই।’

‘আগে যেভাবে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আগামী দিনেও নৌকা মার্কায় ভোট দেবেন।’

এ সময় নৌকা মার্কায় ভোট দিতে জনতাকে ওয়াদাও করান প্রধানমন্ত্রী। বলেন, ‘নৌকা মার্কায় ভোট চাই। হাত তুলে ওয়াদা করেন।’  

দেশের উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগ এবং প্রকল্পের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আজকে দেশে খাদ্যের কোন অভাব নাই। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাদেরকে ভাতা দিচ্ছি। মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মানী ভাতা দিয়ে যাচ্ছি।’

‘সমাজে কেউ বাদ থাকবে না-সকলেরই উন্নয়ন হবে। সেই চিন্তা নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করি। বাংলাদেশ আজ বিশে^ উন্নয়নের রোল মডেল। এই দেশে প্রতিটি মানুষের ঘর থাকবে, কেউ গৃহহারা থাকবে না। এজন্য গুচ্ছগ্রামের মাধ্যমে গৃহহারা মানুষদের আশ্রয়ণের করতে ইতোমধ্যে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি।’

‘বাংলাদেশকে ভিক্ষুকমুক্ত করা হবে। খুলনা জেলা বর্তমানে ভিক্ষুকমুক্ত। ময়মনসিংহ ও ভিক্ষুকমুক্ত হবে। কোনো মানুষ ভিক্ষা করবে না। সব মানুষ কাজ করে খাবে। আর যারা কর্মক্ষম না, তাদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা হবে। জাতির পিতার বাংলাদেশে ভিক্ষুক থাকবে না, ক্ষুধার্ত থাকবে না। কেউ রোগে কষ্ট পাবে না, অশিক্ষিত থাকবে না। সবার জন্য খাদ্য, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা হবে।’

আলেমদের ‘শোকরানা মাহফিলে’ বিশেষ ট্রাফিক নির্দেশনা

আলেমদের ‘শোকরানা মাহফিলে’ বিশেষ ট্রাফিক নির্দেশনা
বহুল কাঙ্ক্ষিত কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন হওয়ায় আগামী রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিলের’ আয়োজন করেছেন আলেমরা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ট্রাফিক বিভাগ।

শুক্রবার ডিএমপি হেডকোয়ার্টার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে ঢাকা শহরসহ সারাদেশের কওমি মাদ্রাসার কয়েক লাখ লোক বাস, ট্রেন, লঞ্চযোগে ওইদিন ভোর হতেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন। সেক্ষেত্রে সর্বসাধারণকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানস্থল এবং এর আশে-পাশের এলাকা দিয়ে ভারী বা হালকা যানবাহনসহ যাতায়াত পরিহার করতে ডিএমপি অনুরোধ জানিয়েছে।

ওইদিন জেএসসি পরীক্ষা রয়েছে বিধায় সোহরাওয়ার্দী উদ্যানের নিকটবর্তী কেন্দ্রসমূহের শিক্ষার্থী ও অভিভাবকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ারও অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ট্রাফিক নির্দেশনা হচ্ছে- গাবতলী, মিরপুর রোড হয়ে আসা ব্যক্তিরা সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে পায়ে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বর এবং নীলক্ষেত হতে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এক লাইনে পার্কিং করবেন।

উত্তরা হতে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী- মগবাজার- কাকরাইল চার্চ- রাজমনি ক্রসিং- নাইটেংগেল- পল্টন মোড়- জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার- বাড্ডা- গুলশান- রামপুরা রোড- মৌচাক ফ্লাইওভার-মালিবাগ- শান্তিনগর- রাজমনি ক্রসিং- নাইটেংগেল হয়ে পল্টনমোড় বা জিরোপয়েন্ট হয়ে আগত ব্যক্তিবর্গ পল্টন মোড় বা জিরো পয়েন্টে নেমে পায়ে হেঁটে দোয়েল চত্ত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে যাবেন এবং তাদের বাসগুলো মতিঝিল এলাকায় পার্কিং করবেন।

উল্লেখ্য, উত্তরা বা এয়ারপোর্ট থেকে আসা গাড়িগুলোর পার্কিং স্থান মতিঝিল বা গুলিস্থানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা হতে পারে।

চট্টগ্রাম, সিলেট হতে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল হতে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে আগত ব্যক্তিরা গুলিস্থানে নেমে পায়ে হেঁটে জিরো পয়েন্ট- দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে যাবেন এবং তাদের বাসগুলো মতিঝিল বা গুলিস্থান এলাকায় পার্কিং করবেন। যারা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে চাঁনখারপুল হয়ে আসবেন তারা চাঁনখারপুল নেমে পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবেন।

বাবুবাজার ব্রিজ হয়ে আগত ব্যক্তিরা গোলাপশাহ্ মাজারে নেমে পায়ে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো গুলিস্তান এলাকায় পার্কিং করবেন।

শাহবাগ থেকে মৎসভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিবর্গের গমনাগমন উপলক্ষে ওইদিন ভোর হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন যেমন-বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহাবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড ক্রসিংগুলো হতে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে।

অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিদের কোনো ধরনের হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপি ওই সব পরিকল্পনা বাস্তবায়নে মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

‘জিরো’র ট্রেলার মুক্তিতে মেলা

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পেয়েছে তার আসন্ন ছবি ‘জিরো’র ট্রেলার। এই ট্রেলারকে ঘিরে ভারতের বিভিন্ন প্রান্তে উত্তেজনার পারদ চরমে। ওয়াডালার Imax-এ তো মেলাই বসে গেছে। মীরটের যে মেলার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ‘জিরো’, সেই মেলাই উঠে এসেছে ওয়াডালায়। ব্যাকগ্রাউন্ডে বাজছে কিং খানের বিভিন্ন ছবির গান।

অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল, শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পাবে ‘জিরো’র ট্রেলার। সেই মতোই কাজ হল। ২ নভেম্বর বলিউড বাদশাহর জন্মদিন। এই ট্রেলারই এবারের জন্মদিনে শাহরুখের পক্ষ থেকে ভক্তদের জন্য উপহার। জন্মদিনের ঠিক একদিন আগেই প্রকাশ পায় ‘জিরো’র পোস্টার। টিজার প্রকাশ পেয়েছিল গত কোরবানির ঈদে।



‘জিরো’তে শাহরুখ খান অভিনয় করেছেন একজন বামনের ভূমিকায়। তার চরিত্রটির নাম বাউয়া। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে চরিত্র নিয়ে বহু পরীক্ষা নীরিক্ষা করলেও বামনের চরিত্রে এর আগে তাকে কখনোই দেখা যায়নি। সেটা এবার দেখা যাবে ‘জিরো’তে। আরও কী কী চমক আছে সেটা দেখা যাবে ছবি মুক্তির পরেই।



‘জিরো’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আসছে বড় দিনে। এই ছবিতে তার দুই নায়িকা, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। বলিউডের প্রথমসারির এই দুই সুপারস্টার এর আগেও শাহরুখের বিপরীতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জব তক হ্যায় জান’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ, ক্যাটরিনা ও আনুশকাকে।

ভোটে আসবে বিএনপি, ‘বডি ল্যাংগুয়েজে’ বুঝেছেন নাসিম

২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করলেও আগামী জাতীয় নির্বাচন বিএনপি অংশ নেবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে দলটির নেতাদের শরিরী ভাষায় এটিই প্রকাশ পেয়েছে বলে মনে করেন তিনি।

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখছিলেন নাসিম।

আগের রাতে ঐক্যফ্রন্টের শরিক হয়ে বিএনপির ছয় নেতার গণভবনে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘দীর্ঘ চার ঘণ্টার আলোচনা সংলাপের পর তাদের বডি ল্যাংগুয়েজ দেখে আমার মনে হয়েছে, এবারের ইলেকশনে বিএনপি আসবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওয়াকওভার দেয়ার কারণে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, অনেক খেসারত আপনাদের দিতে হচ্ছে। আর দয়া করে, এই কাজটি করবেন না। ভুল করবেন না। মহাভুল হয়ে যাবে যদি আপনারা (বিএনপি) নির্বাচনে না আসেন।’

‘গতবার আমাদের ওয়াকওভার দিয়েছিলেন (বিএনপি)। কেউ যদি নির্বাচন না করে কী করব আমরা? কেউ নির্বাচন না করলে তো আমরা জিতেই যাব। দয়া করে, আপনারা আমাদের ওয়াকওভার দেবেন না।’

সংলাপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেছেন, ইলেকশন ফেয়ার হবে, ভয়ের কোনো কারণ নেই। বিশ্বাস করে আসেন। নির্বাচনে কোন কারচুপি হবে না। এখনো বলছি নির্বাচনে আসেন। আর কয়েকদিন পর সিডিউল ঘোষণা করা হবে। জনগণ যদি সমর্থন দেয়া আপনারা থাকবেন। জনগণকে রায় দেয়ার সুযোগদেন, জনগণ যাকে রায় দেবে তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।’

‘তারা (ঐক্যফ্রন্ট) সাত দফা কথা বলেছেন, তাদের নেত্রীর মুক্তির কথা বলেছেন। কিন্তু আমরা বলেছি- সংবিধানে মধ্যেই বলেন। ইলেকশন তো এসে গেছে। নির্বাচন নিয়ে তো প্রতি বছর বছর আলোচনা হবে না। প্রতি বছর তো অবিশ্বাস সৃষ্টি করা যাবে না। ইলেকশন হবে সংবিধানে মধ্যে দিয়ে।’

‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, কারো বিরুদ্ধে গায়েবি মামলা হয়ে থাকে; মিথ্যা মামলা হয়ে থাকলে তালিকা দেন; মিথ্যা মামলা হয়েছে কি না আমরা বিচার করব।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, সন্ধানী কেন্দ্রীয় চক্ষুদান সমিতির সভাপতি এ কে এম সালেক ও মহাসচিব জয়নাল আবেদিন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুশফিক উল মুকিত ও সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মুঈদ প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

সবার চোখ ফাঁকি দিয়ে রোদেলাকে নিয়ে উধাও শাকিব

সবার চোখ ফাঁকি দিয়ে রোদেলাকে নিয়ে উধাও হয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। বড়লোক বাবা মায়ের এক মাত্র কন্যা রোদেলা। তাকে দেখে শুনে রাখার দায়িত্ব পালন করে গোটা দশেক দেহরক্ষী। না, সত্য না, এমনটা ঘটেছে শাকিব খান অভিনীত ‘শাহেন শাহ’ সিনেমায়। এতে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবাগত রোদেলা।

সম্প্রতি পূবাইলে শুরু হয়েছে ছবিটির দ্বিতীয় লটের শুটিং। যেখানে অংশ নিয়েছেন শাকিব খান ও রোদেলা। শুটিংয়ে দেখা যায় রোদেলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সব মানুষের মুখ থমথমে। এই সময় অপহরণ করা রোদেলাকে নিয়ে সবার সমানে হাজির হয় শাহেন শাহ!


এমনই একের পর এক মজার দৃশ্যের শুটিং করছেন তারা। ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি বললেন, ‘ এটি হবে একটি আধুনিক সিনেমা। এটা পুরোপুরি মৌলিক গল্পের সিনেমা। আর গল্প অনুযায়ী আমরা পরিশ্রম করে যাচ্ছি।’’

ছবির নবাগতা নায়িকা রোদেলা জানালেন, তিনি বেশ প্রশংসাই পেয়েছেন শাকিব খানের কাছ থেকে। পাশাপাশি ঢাকাই কিংয়ের কাছে পরামর্শও মিলছে অভিনয়ের ফাঁকে।

‘শাহেন শাহ’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। এছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, লিটন হাসমি, সাদেক বাচ্চু প্রমুখ।

সেই কুলসুমকে এবার ডেকে নিলেন ইউএনও

টাঙ্গাইলে খোলা আকাশের নিচে পলিথিনের তাবুতে বসবাস করে আসা অসহায় স্বামীহারা বৃদ্ধা রেহেনা বেগমকে (কুলসুম) নিজ কার্যালয়ে ডেকে নিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত নাদিরা আখতার।

বৃহস্পতিবার বিকালে ওই বৃদ্ধাকে তার অফিসে ডেকে আনেন। তার সমস্যা সমাধানে দীর্ঘসময় কথা বলেন তিনি। পরে সরকারিভাবে ত্রিশ হাজার টাকা, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আরও পাঁচ হাজার টাকা, আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিকের মাধ্যমে টিন তার হাতে তুলে দেন।

দেউলী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোশারফ বাপ্পির মাধ্যমে প্রয়োজনীয় কাঠসহ জেলা পরিষদের সদস্য হামিম কায়েস বিপ্লবের সহযোগিতা তার থাকার ঘর নির্মাণের ব্যবস্থা করে দেয়া হয়।

ইউএনও নাদিরা আখতার  বলেন, ‘আমরা খোজ খবর নিয়েছি। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না, একটি মানুষ ঘর বিহীন থাকবে না। সেখান এমনটা দুঃখজনক। বৃহস্পতিবার বিকালে কুলসুম বেগমকে ডেকে এনে তার ঘরের ব্যবস্থা করা হয়েছে।’

অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমে বুধবার “পলিথিনের তাঁবুতে করুণ জীবন!” শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হয়।

প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর বুধবার দুপুরেই কুলসুমের পলিথিনের ঘরটি পরিদর্শনে যান দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. কামরুল ইসলাম সাচ্চু। তিনি তাৎক্ষণিক ৫ হজার টাকা কুলসুমের হাতে তুলে দেন। ভিজিডি কার্ডেরও নিশ্চয়তা দিয়ে আসেন ইউপি চেয়ারম্যান।

ওইদিন বিকালে কুলসুমের তাঁবুটি পরিদর্শনে যান দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ। তিনি তাৎক্ষণিক কুলসুমের নাতি আসলামকে স্কুলে যাওয়া নিশ্চিত করেন। স্কুল ড্রেস কেনার টাকা দেন। এবং উপবৃত্তি পাওয়ার নিশ্চয়তা দেন। কুলসুমের জন্য বিনামূল্যে সরকারি ঘরের ব্যবস্থারও নিশ্চয়তা দেন উপজেলা চেয়ারম্যান।

বৃদ্ধা কুলসুম জানান, আমি দেলদুয়ার ইউএনও অফিসে গিয়েছিলাম। ম্যাডাম আমার ঘরের ব্যবস্থা করে দিতে চেয়েছেন। যাদের সহযোগিতায় তিনি পলিথিনের তাঁবুর জায়গায় ঘর পেতে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চান মাহমুদউল্লাহ

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট দিয়ে দেশের অষ্টম ভেন্যু হিসেবে ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগ্রহের এই টেস্টের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। শনিবার মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরির কারণে তার কাঁধে এখন দলের দায়িত্ব।

এই টেস্টে স্বাগতিক দলের একাদশে পরিবর্তন আসতে পারে বেশ কয়েকটি। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ চাইছেন সেরা একাদশ নিয়েই মাঠে নামতে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'প্রথম ম্যাচে হয়তো আমরা তেমন পরীক্ষা নিরীক্ষা নাও করতে পারি। আমরা সেরা একাদশ নিয়েই খেলব। কারণ প্রথম ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচটি সবসময়েই গুরুত্বপূর্ণ। আর আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের শুরুটা যখন ভাল হয় আমরা আমাদের আত্মবিশ্বাস অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। তো সেরা একাদশটিই খেলার সুযোগ পাবে এবং আশা করি সবাই সেই সুযোগের অপেক্ষাতেই আছে।'

নজর কেড়েছে ট্রেন স্কুল


ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? কবি শামসুর রাহমানের কবিতার মতোই ট্রেন থেকে নামছেন যাত্রীরা। কিন্তু এ যাত্রী সে যাত্রী নয়, আর এ ভ্রমণও সে ভ্রমণ নয়। এই ভ্রমণের যাত্রীদের গন্তব্য আলোর পথে। এরাই একদিন হবে আলোর দিশারী। বই, খাতা ও কলম হাতে দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাত্রা যাদের।

ঠিক ট্রেনের আদলে রং করা হয়েছে তাদের বিদ্যালয়। এর ফলে প্রাথমিক এ বিদ্যালয়টি জেলায় এখন ‘ট্রেন স্কুল’ নামে পরিচিত।


টাঙ্গাইলের মধুপুর উপজেলার দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যেন চলন্ত ট্রেন। এর কারুশিল্পী প্রধান শিক্ষক তারেকুল ইসলাম নিজ হাতে রেলগাড়ির মতো নকশা করেছেন বিদ্যালয়ের দেয়াল। এ কর্মযজ্ঞে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের পিয়ন শাহিন আলম। স্লিপ অনুদানের টাকায় বিদ্যালয়টিতে করা হয়েছে এমন শৈল্পিক আয়োজন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় মধুপুর উপজেলার দিগরবাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসী জানান, ট্রেনের সাজে রং করায় বিদ্যালয়টি পুরো উপজেলাসহ জেলাজুড়ে সাড়া জাগিয়েছে। নজর কেড়েছে সকলের। অনেকেই দিগরবাইদে আসছেন বিদ্যালয়টি দেখতে। বিদ্যালয়টি দেখে মুগ্ধ হয়েও ফিরছেন তারা। এ শৈল্পিকতার ফলে বিদ্যালয়টি এখন উপজেলার দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

বিদ্যালয়ে আগত দর্শনার্থী ফরিদা ইসমিন ও আব্দুস ছালাম জানান, বিদ্যালয়টি দেখে খুবই ভালো লেগেছে, মুগ্ধও হয়েছি। এ ধরনের উদ্যোগ মনযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন তারা।

Train-School

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মোখছিদুল আলম রাফি আবেগাপ্লুত হয়ে বলে, ট্রেন স্কুলে পড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। এছাড়াও আমাদের বিদ্যালয়টির দর্শনীয় রূপ দেখতে মানুষ এখানে আসছেন এটা ভেবেও গর্ববোধ করি আমরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা খাতুন ও উম্মে সালমা জানান, আমাদের প্রধান শিক্ষক অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। তারই পরিশ্রম আর মেধায় এখন দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দর্শনীয় ট্রেন স্কুল হয়ে উঠেছে। তিনি খুবই যত্ন সহকারে বিদ্যালয়ের দেয়ালগুলোতে রং করেছেন। যার ফলস্বরূপ এখন এলাকাবাসীসহ অনেকেরই প্রশংসা পাওয়া যাচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেকুল ইসলাম জানান, কবি শামসুর রাহমানের বিখ্যাত কবিতা ‘ট্রেন’র বাস্তব চিত্র শিক্ষার্থীদের বুঝানোর জন্যই আমি বিদ্যালয়টি ট্রেনের মতো করে রং করেছি। শিক্ষার্থীরা যাতে মজা পেয়ে লেখাপড়ায় মনযোগী হতে পারে সেই চিন্তা থেকেই বিদ্যালয়টি ট্রেনের মতো আকর্ষণীয় রূপে সাজানো হয়েছে।

তিনি আরো জানান, এ ব্যাপারে জেলা ও উপজেলা শিক্ষা বিভাগ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেছেন।

এ প্রসঙ্গে মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.এইচ.এম রেজাউল করিম জানান, আমাদের বিদ্যালয় আমরা গড়ব স্লোগানে প্রতিটি বিদ্যালয় আকর্ষণীয় রূপে সাজাতে উদ্যোগ নেয়া হয়েছে। এ স্লোগানেরই অংশ হিসেবে দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রং করে ট্রেনের আদলে আনা হয়েছে। বিদ্যালয়ের এ পরিবর্তন ইতোমধ্যেই জেলা ও উপজেলাবাসীর নজর কেড়েছে।

নাগরপুরে ইউপি সদস্যদের সাথে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী টিটুর মতবিনিময়

আব্দুর রাজ্জাক রাজা, নাগরপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা (বর্তমান ও সাবেক) সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০২ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার গয়হাটায় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটুর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকরের সভাপতিত্বে ও মামুদনগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরো উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার, বেকড়া ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শাকিল, মো.শওকত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন সহ উপজেলার বিভিন্ন ইউপি থেকে আসা মহিলা ইউপি সদস্যবৃন্দ।

মনোনয়ন প্রত্যাশী আহসানুল ইসলাম টিটু মহিলা ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, নারীর ক্ষমতায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই আগামীতে তার হাতকে শক্তিশালী করতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে সাথে নিয়ে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ করে দিতে হবে।

আকবরের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এর আগে তার বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ ওঠায় কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে তাকে সরে যেতে হয়। এবার তার বিরুদ্ধে যিনি ধর্ষণের অভিযোগ তুলেছেন তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওর (এনপিআর) চীফ বিজনেস এডিটর পল্লবী গগৈ।

দু’দশক আগে আকবরের সঙ্গে এশিয়ান এজে কাজ করেছিলেন পল্লবী গগৈ। তবে এম জে আকবরের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন।


ওয়াশিংটন পোস্টে লেখা এক কলামে পল্লবী জানিয়েছেন, দু’দশক আগে এম জে আকবর যখন এশিয়ান এজের সম্পাদক ছিলেন তখন তার হাতে ধর্ষণের শিকার হন তিনি। পল্লবী বলেন, তখন আমার বয়স মাত্র ২৩ বছর। ওই সংবাদপত্রে নতুন যোগ দিয়েছি। পল্লবী জানান, জয়পুরের একটি হোটেলে আকবর তাকে ধর্ষণ করেন।

পল্লবী বলেন, আকবরের আচরণ, ব্যবহার, কর্মচারীদের সঙ্গে তার কথা, এমনকি অপমানকেও শিক্ষণীয় হিসেবেই গ্রহণ করেছিলাম। আমি ভালো কিছু শিখতে চেয়েছিলাম। কিন্তু সেগুলো থেকে আসলে শিক্ষা গ্রহণের কিছুই ছিল না।

পল্লবীকে একটি পাতার সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়। তিনি বলেন, আকবরকে আমার সম্পাদিত পাতাটি দেখাতে গিয়েছিলাম। তিনি সবটা দেখে আমার খুব প্রশংসা করেন। তারপরই আচমকা আমাকে চুমু খেতে এগিয়ে আসেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। চুপচাপ দাঁড়িয়েছিলাম কয়েক মুহূর্ত।

তারপরই লজ্জা, ঘৃণা, একরাশ ভীতি নিয়ে অফিস থেকে বেরিয়ে আসি। আমি ধ্বংস হয়ে গিয়েছিলাম ভেতরে ভেতরে। পরবর্তী ঘটনাটি ঘটেছিল কয়েকদিন পরেই। একটি নতুন ম্যাগাজিনের উদ্বোধনের সময়। সেদিনও মুম্বাইয়ের তাজ হোটেলে তিনি আমাকে ডাকেন নিজের বিলাসবহুল ঘরে পাতার লে-আউট দেখার জন্য। ওইদিনও আমাকে চুমু খেতে আসেন তিনি। আমি বাধা দেই। ঠেলে সরিয়ে দেই তাকে। তিনি আমার মুখে আঁচড়ে দেন। আমি দৌড়ে পালিয়ে আসি আর অঝোরে কাঁদতে থাকি।

মেশিনে কাগজ দিলেই ইউরো!

কালো কাগজের সাথে আসল ইউরো মিশিয়ে মেশিনের ভেতর রাখলে ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে আসল ইউরো। এ ব্যবসায় আয় করা যাবে অনেক টাকা। এমন প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছে দেশি-বিদেশি যৌথ একটি প্রতারক চক্র। সম্প্রতি এ চক্রের দু’জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গত ২৮ অক্টোবর (রোববার) রুহুল আমিন নামে এক ব্যবসায়ী বাদি হয়ে রাজধানীর বাড্ডা থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় ব্যবসার কথা বলে ৯৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি। ওই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জনকে আটকের পর এমন অভিনব জালিয়াত চক্রের তথ্য পেয়েছে ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগ।


গত বুধবার রাতে রাজধানী উত্তরা থানাধীন হাউজ বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- আবুল হোসেন ওরফে পঙ্কজ শর্মা (৪২) ও ক্যামেরুনের নাগরিক এলেক্স টেনে ওরফে পেট্রিক (৪৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থাকা একটি প্রাইভেটকার (প্রিমিও), একটি ইলেক্ট্রনিক্স লকার, একটি কাঠের বক্স ও ১২ বান্ডিল কালো কাগজ জব্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, চার মাস পূর্বে মো. রুহুল আমিন নামে এক ব্যবসায়ী কাজের জন্য রাজধানীর খিলক্ষেত্রে অবস্থিত হোটেল লা মেরিডিয়ানে যান। সেখানে পরিচয় হয় আবুল হোসেন ওরফে পঙ্কজ শর্মা ও পেট্রিকের সাথে। পরিচয়ের সুবাদে আবুল হোসেন ক্যামেরুনের নাগরিক এলেক্স টেনে, মাইক ও পিটার মিলে ফাঁদ পাতেন। আলাপচারিতার সুযোগে রুহুল আমিনকে ব্যবসার প্রস্তাব দেন।

প্রথমত মুরগীর ফার্ম, গরুর খামার এবং তেলাপিয়া মাছের ফিসারিতে অনেক লাভ হবে এবং এসব মুরগী, গরু ও তেলাপিয়া মাছ বিদেশে (ক্যামেরুন) রফতানি করে অনেক টাকা আয় হবে বলে প্রলোভন দেখায়। তবে অল্প সময়ে সাদা কাগজে ইউরো মিশিয়ে আসল ইউরো তৈরির জালিয়াতির কৌশলও জানানো হয়।

প্রলোভনের ফাঁদে পড়ে রুহুল আমিন গত ৯ জুন রাতে ১৮ লাখ টাকা দেয়। পরে ময়মনসিংহের ত্রিশাল, ভালুকা ও মুক্তাগাছায় কয়েকটি তেলাপিয়া মাছের খামার দেখিয়ে গত ২০ আগস্ট ৪০ লাখ এবং ২৮ আগস্টা ৩৮ লাখসহ মোট ৯৬ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। এরপর হঠাৎ করে উধাও হয়ে যান প্রতারকরা। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বাড্ডা থানায় মামলা দায়ের করেন তিনি।

গ্রেফতার আবুল হোসেন ওরফে পঙ্কজ শর্মা জানিয়েছেন, মেশিনের মাধ্যমে কালো কাগজের সাথে আসল ইউরো মেশিনের ভেতর রাখলে আসল ইউরো তৈরি হবে। এই ব্যবসায়ে অনেক টাকা আয় করা যাবে বলে তারা প্রলোভন দেখায়। তারা বিভিন্ন সময় দামী গাড়ী নিয়ে ভুক্তভোগীর সাথে দেখা করতেন। ব্যবসার ব্যাপারে আলোচনা করতেন।


এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর ডিবি) গোয়েন্দা উত্তর বিভাগের বিমান বন্দর জোনের সিনিয়র সহকারী কমিশনার মহররম আলী বলেন, মামলাটি থানা থেকে গোয়েন্দা বিভাগে স্থানান্তর হলে বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ দিয়ে প্রতারকদের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা উত্তর বিভাগ।

বুধবার রাতে রাজধানী উত্তরা থানাধীন হাউজ বিল্ডিং এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। প্রতারণা মামলায় মাইক ও পিটার নামের দুই প্রতারক পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এ চক্রের মূলহোতা আবুল হোসেন। তিনি মূলত ইন্ডিয়ান ব্যবসায়ী হিসেবে পঙ্কজ শর্মা নামে মিথ্যে পরিচয় দিতেন। আর তার সাথে গ্রেফতার ক্যামেরুনের নাগরিক এলেক্স টেনে ওরফে পেট্রিক ও পলাতক মাইক ও পিটার দীর্ঘদিন ধরে এমন প্রতারণা ও জালিয়াতি করে আসছিল।



গ্রেফতার আবুল হোসেন ও পেট্রিককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাদের এক দিনের রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংলাপকে ঘিরে আশার মুকুল ঝরতে শুরু করেছে

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংলাপকে কেন্দ্র করে যে আশা দেখা দিয়েছিল সে আশার মুকুল ঝরে যেতে শুরু করেছে। সংলাপ চলাকালেও রাতে দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের ব্যাপকভাবে ধরপাকড় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী বলেন, সংলাপের কথা বলে একদিকে জনগণকে দেখাচ্ছে তারা কত আন্তরিক। অন্যদিকে সমানতালে নিষ্ঠুরতা ও পাশবিকতা অব্যাহত রেখেছে। গতকাল সংলাপ শেষ হওয়ার পরই আমরা দেখলাম-টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি সালেহ মোহাম্মদ ইথেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, খুলনায় রাতভর নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি পুলিশ অভিযান চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

এ সময় রিজভী বলেন, জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাশূন্য করে একতরফা নির্বাচনের নিখুঁত পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি আরও বলেন, অন্যায় অবিচারে বন্দি খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশগ্রহণ করা হবে আত্মঘাতী। দেশকে গণতন্ত্রমুখী করতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। আর নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করা হবে মৃত্যুকূপে ঝাঁপ দেয়া। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনীর হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা প্রমুখ।

‘দুর্বল’ অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই সেরা সুযোগ : শচীন

চলতি মাসের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও চারটি টেস্ট খেলবে বিরাট কোহলির দল। এ সফরে ভারতীয় দলের বিশেষ লক্ষ্য থাকবে টেস্ট সিরিজে ভালো করা।

কেননা নিজেদের ইতিহাসে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। ১৯৪৭-৪৮ মৌসুম থেকে শুরু করে ২০১৪-১৫ পর্যন্ত ১১ বার অস্ট্রেলিয়া গিয়েও একটি সিরিজ জিততে পারেনি ভারত। সর্বোচ্চ সাফল্য তিনটি সিরিজে ড্র করা।


তবে আসন্ন সফরটা বেশ ভিন্ন। কেননা বর্তমান অধিনায়ক কোহলির অধীনে রীতিমতো উড়ছে ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের নিষেধাজ্ঞার পরে টালমাটাল অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট।

দুই দলের বর্তমান অবস্থা বিবেচনায় ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার মনে করছেন তার দেশের জন্য এটিই সেরা সুযোগ অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জেতার। অতীতের যেকোনো দলের চেয়ে এটিই অস্ট্রেলিয়ার দুর্বল দল বলে মানছেন টেন্ডুলকার।

ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ ব্যাটিং গ্রেট বলেন, ‘আমরা এখন দারুণ একটি সুযোগের সামনে দাঁড়িয়ে আছি। আপনি যদি অতীতের যেকোনো অস্ট্রেলিয়া দলের সাথে বর্তমান দলটির তুলনা করেন তাহলে দেখবেন স্পষ্টত ভাবে ভারতই এগিয়ে। খুব সম্ভবত এটাই আমাদের সেখানে গিয়ে সিরিজ জিতে আসার সেরা সুযোগ। আমি বলতে চাচ্ছি অস্ট্রেলিয়া ক্রিকেট এখন তাদের সর্বোচ্চ পর্যায়ে নেই।’

‘অতীতে তাদের খুবই শক্তিশালী দল ছিলো। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সবসময়ই ভয়ঙ্কর দল ছিল তারা। সে তুলনায় বর্তমান দলটা একদমই অনভিজ্ঞ দল। তারা মূলত এখনো একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে একটি দল হিসেবে গড়ে উঠছ মাত্র। তবে এটাও সত্যি যে অস্ট্রেলিয়ানরা কখনোই ছেড়ে দেয়ার পাত্র নয়। আমি মোটেও অবাক হবো না যদি তারা কোহলির দলকে কঠিন চ্যালেঞ্জ জানিয়ে দেয়।’

খাশোগি ‘বিপজ্জনক’ ছিলেন!

নিহত সাংবাদিক জামাল খাশোগি ‘ভয়ঙ্কর ইসলামপন্থী’ ছিলেন বলে মনে করেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তিনি মিশরভিত্তিক মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন বলে দাবি করেন যুবরাজ।

খাশোগি নিখোঁজ হওয়ার পর হোয়াইট হাউজের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেছিলেন সৌদি ক্রাউন যুবরাজ। গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, জামাল খাশোগি নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর গত ৯ অক্টোবর হোয়াইট হাউজের সঙ্গে টেলিফোনে কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

অপরপ্রান্তে ছিলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন।

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সুসম্পর্ক বজায় রাখারও আহ্বান জানান যুবরাজ।

তবে ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের এ সংক্রান্ত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

এদিকে সৌদি যুবরাজের অভিযোগ অস্বীকার করেছেন নিহত সাংবাদিক জামাল খাশোগির পরিবার। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক বিবৃতিতে পরিবারটি জানায়, জামাল খাশোগি মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন না। এই অভিযোগ গত কয়েক বছর ধরে খাশোগি নিজেও অস্বীকার করে আসছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, “খাশোগি বিপজ্জনক ইসলামপন্থী ছিলেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। এ ধরনের অভিযোগ হাস্যকর ছাড়া আর কিছুই হতে পারে না।”

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে কাজ করা সৌদি নাগরিক জামাল খাশোগি নিজ দেশের শাসকদের কঠোর সমালোচক হিসেবে সুপরিচিত ছিলেন।

২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ঢোকার পর সেখান থেকে আর বেরিয়ে আসেননি জামাল খাসোগি। প্রথমে ‘তাকে হত্যা করা হয়েছে’- এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করে সৌদি আরব। পরবর্তী সময়ে তদন্ত ও বৈশ্বিক চাপে তাকে জিজ্ঞাসাবাদের সময় হত্যা করা হয়েছে- এ কথা স্বীকার করে দেশটি।

তবে ঘটনার সঙ্গে রাজ পরিবারের সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করে সৌদি আরব। সেই সঙ্গে খাশোগি হত্যার রহস্য উদঘাটনের প্রতিশ্রুতিও দেয় দেশটি।

গত মাসে সৌদি যুবরাজ বলেন, “সকল সৌদি নাগরিকের কাছেই এই হত্যার ঘটনা বেদনায়ক”।

আমাদের নেতারা এত ক্ষুধার্ত?

সংলাপের আগে থেকেই নৈশভোজ গ্রহনে বিরত থাকার সংকল্প করেছিলেন বিএনপি নেতারা। বিএনপি নেতারা বলেছিলেন, বেগম খালেদা জিয়া যেহেতু কষ্টে আছেন, সেজন্য তাঁরা নৈশভোজে অংশ নেবেন না। বিএনপির নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টও মোস্তফা মহসিন মন্টুর মাধ্যমে জাতীয় ঐক্যে জানিয়ে দেন নৈশভোজ যেন না দেওয়া হয়।
কিন্তু প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন নি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার বাসায় এসে রাতের বেলা কেউ না খেয়ে যাবে সেটা হতে পারে না। অতিথি যারা আসবে, তাদের আমি আপ্যায়ন করবো। অতিথি যদি চলে যায়, সেটা তাদের ব্যাপার।’ সেজন্য তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থা রাখা হয়েছিলো।
ঐক্যফ্রন্টের নেতারা নৈশভোজের লোভ সামলাতে পারলেন না। যদিও মুখে বলেছিলেন তাঁরা খাবেন না। সংলাপে প্রথম এক ঘন্টার পর বিরতিতে তাঁরা নৈশভোজ গ্রহণ করেন। শুধু তাই নয়, নৈশভোজের প্রশংসাও করেন তাঁরা।
ইতোমধ্যেই তাদের নৈশভোজ গ্রহনের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে বিএনপির যেসব নেতারা সংলাপে যাননি, তাঁরাও ছবি দেখে অবাক হয়ে গেছেন। তাঁরা বলেছেন, ‘আমাদের নেতারা কি এতোই ক্ষুধার্ত ছিলেন? যে  একটি নৈশভোজের লোভও সামলাতে পারলেন না। তাহলে মন্ত্রীত্বের লোভ তাঁরা কিভাবে সামলাবেন?’

বিপিএল খেলতে ক্লাস-পরীক্ষা বাদ

প্যাট ব্রাউন নামটি এখনো আন্তর্জাতিক ক্রিকেট অপরিচিত। এই তরুণ পেসারকে এবারের বিপিএলে সিলেট সিক্সার্স দলে নিয়েছে। তাইতো প্রথমবারের মতো কোন বিদেশী লিগে খেলার সুযোগ পেয়ে যার পর নাই আনন্দিত ব্রাউন। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগেই বিদেশী ফ্রাঞ্চাইজি লিগে ডাক পাওয়া তো অবাক করার মতোই ঘটনা।
কিন্তু বিপিএলে ডাক পাওয়ার পর প্যাট ব্রাউনের সামনে হাজির হয়েছে নতুন এক সমস্যা। এই তরুণ সমস্যায় পড়েছেন তার ক্লাস আর পরীক্ষা নিয়ে। পেশাদার ক্রিকেটের আঙিনায় পা রাখলেও এখনো পড়াশোনাটা চালিয়ে যাচ্ছেন এই তরুণ ব্রিটিশ। স্কুলের গন্ডি পার হয়ে পড়ছেন উরসস্টার বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগে।

ইএসপিএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ব্রাউন স্বীকার করলেন, এত দ্রুত বিদেশি লিগে খেলার সুযোগ পাবেন সেটা আশা করেননি, ‘আমি সব টুর্নামেন্টের নিলামের দিনক্ষণ লিখে রেখেছিলাম, শুধু বিপিএলেরটা ছাড়া! রোববার সকালে আমার এজেন্টের ফোনেই জানতে পারলাম, সিলেট আমাকে দলে নিয়েছে। আমি একটু অবাকই হয়েছিলাম। এরকম একটা লিগে খেলতে যাব, এটা ভেবে সত্যিই উচ্ছ্বসিত।’
কিন্তু বিপিএলের ওই সময়ই চলবে তার বিশ্ববিদ্যালয় ক্লাস, আছে পরীক্ষায়ও। কী করবেন ব্রাউন? প্রথমবারের মতো বিদেশী লিগে খেলার সুযোগটা মিস করতে চাইছেন না এই উঠতি ক্রিকেটার। বলছেন, ‘আসলে আমি জানি না কী করবো! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে এই ব্যাপারে। আমি দেশ ছাড়ার আগে সব গুছিয়ে যেতে চাই। চেষ্টা করব সেভাবেই সব ঠিক করার। যত যাই হোক, এই সুযোগটা আমি ছাড়ছি না!’
ব্রাউন চাইছেন এই আসর দিয়েই ক্যারিয়াারে পায়ের তলায় মাটি খুঁজে পেতে। তবে একাদশে মাত্র ৪ জন বিদেশী খেলতে পারবেন সেটি চিন্তার বিষয় তার জন্য। দলটিতে তার সতীর্থ হিসেবে থাকবেন ডেভিড ওয়ার্নার, সোহেল তানভীর, মোহাম্মদ ইরফান, আন্দ্রে ফ্লেচারদের মতো অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। তাই নিয়মিত সুযোগ পাওয়া নিয়েও সংশয় থাকছে ব্রাউনের। তিনি নিজেও জানেন সেটা। বলেন, ‘প্রায় এক মাস ধরে এই টুর্নামেন্ট হবে। আশা করি কয়েক ম্যাচের জন্য হলেও আমি খেলার সুযোগ পাব। এটাই আসলে পেশাদার ক্রিকেট। সুযোগ এলেই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব। বিপিএলে ভালো খেললে আইপিএল, পিএসএলে খেলার পথ সুগম হবে।’
আর সুযোগ না পেলেও মন খারাপ করতে চাইছেন না ব্রাউন । তার আশা অভিজ্ঞতা অর্জন, ওয়াকার ইউনুসের মতো কোচের অধীনে এক-দেড় মাস থাকবেন তাই তো তার মতো উঠতি পেসারের জন্য বিরাট ব্যাপার। বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবিধা হচ্ছে, এখানে হারানোর কিছুই নেই। যদি আপনি পুরোটা সময় দলের জন্য পানি বহনও করেন, তাও সেটা কাজে দেবে। পুরো বিশ্ব থেকে ক্রিকেটাররা আসবে খেলতে, তাদের সাথে লম্বা একটা সময় কাটানো যাবে। টুর্নামেন্ট শেষে যখন ইংল্যান্ডে ফিরব, তখন সেই অভিজ্ঞতা আমাকে অনেক এগিয়ে রাখবে।’
বয়স ২০ ছুঁয়েছে দুই মাস আগে। উরসস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন ৫টি, তবে খুব আহামরি কিছু করে দেখাতে পারেননি ডান হাতি মিডিয়াম পেস বোলিংয়ে। তবে কিছুদিন আগেই হয়ে যাওয়া ঘরোয়া টি-টোয়েন্টি লিগে তার ৩১ উইকেটের সুবাদেই চ্যাম্পিয়ন হয় উরসস্টারশায়ার। ব্রাউনের নামটাও ছড়িয়ে পড়ে চারদিকে, ক্লাব অধিনায়ক মঈন আলি তো তার প্রশংসায় পঞ্চমুখ। ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ আসতে পারে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল।

ঢাবিতে ফের ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফের এক ছাত্রদল কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরমাণু শক্তি কমিশনের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমন। তিনি হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

এর আগে গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দুই ছাত্রদল নেতাকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এবার হামলায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগের সহসম্পাদক সাকিবুর রহমান সায়েমসহ সাত-আটজন। 

হামলার ঘটনার বর্ণনায় ইমন জানান, ছাত্রলীগের সাত-আটজন নেতাকর্মী রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু শক্তি কমিশনের সামনে তাকে মারধর করে গায়ের জামা-কাপড় ছিঁড়ে ফেলে। একপর্যায়ে ইমন দৌড়ে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ (আইএমএল)-এর ভেতরে যান।

খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা সরে পড়েন। পরে ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘এ রকম একটি ঘটনা শুনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে দেখতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এরই মধ্যে ইমনকে সাহায্য করতে প্রক্টরিয়াল টিম পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্তে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’