বুধবার, আগস্ট ১৫, ২০১৮

ঘাটাইলে হিরোইনসহ গ্রেফতার ৩

টাঙ্গাইল টাইমস ডেস্ক:  টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় কদমতলী বাসস্ট্যান্ডে জহের বয়াতীর চা ও পানের দোকানের সামনে থেকে ২৮ গ্রাম হেরোইন, ০৩ টি মোবাইল,নগদ ৩ হাজার সতের টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন ঘাটাইল উপজেলার ১। মোঃ মীরগাজী (৩৫),মোঃ আলমগীর হোসেন (৩৬), মোঃ আলাল ব্যাপারী ।

র‌্যাবসূত্রে জানা যায় র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঘাটাইল থানায় কদমতলী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ২৮ গ্রাম হেরোইন, ০৩ টি মোবাইল,নগদ ৩ হাজার সতের টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ আশপাশের থানা এলাকায় মাদকের খুচরা ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন বিক্রয় করাসহ বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন সরবরাহ করে যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এমপি রানার পক্ষে ঘাটাইলে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন

ঘাটাইল ডটকম ডেস্ক : টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খানা রানার পক্ষে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বুধবার (১৫ আগস্ট) ঘাটাইলে শোক র‍্যালি ও সর্বস্তরের জনগণের জন্য কাঙালি ভোজের আয়োজন করা হয়।
শোক র‍্যালি ঘাটাইল পৌরর ৩ নং ওয়ার্ড এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে সরকারি জিবিজি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে গরীব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় ঘাটাইল জিবিজি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কবির হোসেন জাহিদ, সহ- সভাপতি সালেহ আহমেদ সোহাগ সহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ঘাটাইলে সুুনটিয়া উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগীতা

ঘাটাইল ডটকম ডেস্ক:  জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার (১৫ আগস্ট) টাঙ্গাইল জেলার ঘাটাইলের সুনটিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু জীবনীর উপর রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সম্মানিত সদস্য ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.শাহান শাহ সিদ্দিকী মিন্টু। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস ছামাদ, ব্যাবসায়ি রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, মো.কামাল হোসেন, মো.ফতেহ আহম্মেদ, সুলতান আহম্মেদ, সুনটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান অতিথী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে কোন দেশ প্রতিষ্ঠিত হতো না। বর্তমানে মাননীয় প্রধান প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট এদেশের স্বাধীনতা বিরুদ্ধী চক্র ও কিছু বিপদগামী সেনা সদস্য বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে মুছে দেয়ার জন্য জাতীর জনকসহ তার পরিবারের সদস্যদের বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করেছে।

ঘাটাইলের হামিদপুর জাতীয় শোক দিবস পালিত

টাঙ্গাইলের ঘাটাইলের হামিদপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 বুধবার সকাল ৯টায় দিঘর ও দিঘলকান্দী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে একটি শোক র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে এক আলোচনা সভায় হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতনের  ভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলিগনেতা আলহাজ্ব আতাউর রহমান খান ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কালিয়াগ্রামের কৃতি সন্তান তরুন,ত্যাগি,সাংগঠনিক ব্যাক্তিত্ব ঘাটাইল উপজেলা ছাত্রলীগ নেতা মো.রাসেল খান, যুবলীগনেতা মামুন খান,সাবেক ইউপি সদর্স শহিদুল ইসলাম খান গুঠু,খন্দকার আসাদুজ্জামান সাহেথ,ফারুক হোসেন খান ফনি,শহিদুল তালুকদার,আবুল হোসেন খান,মানিক মন্ডল,রনক খান,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো.স¤্রাট খান প্রমুখ ।

পরে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ ঘাটাইলের সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খাঁন রানার জন্য দোয়া প্রার্থনা এবং কাঙ্গালী ভোজসহ নানা আয়োজন করা হয়।

ঘাটাইলে হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ঘাটাইল ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  বুধবার টাঙ্গাইলের ঘাটাইল হামদর্দ শাখার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 এতে প্রায় অর্ধ শতাধিক অসহায় দুস্থ্য ও গরীব রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা , সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ ও মাসুম মিয়া, হামদর্দ ঘাটাইল শাখার  ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মহব্বত হোসেন, চিকিৎসক হাকীম মোঃ মাসুদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।   

ঘাটাইলে জাতীয় শোক দিবস পালিত


ঘাটাইল:  বুধবার টাঙ্গাইলের ঘাটাইলে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ পালিত হয়েছে।

বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ, শোকর‌্যালি, আলোকচিত্র প্রদর্শনী, মিলাদ মাহফিল, চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভা ।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে  শোক র‌্যালি বের হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আমাদের ঘাটাইল ডটকম এর সম্পাদক ও সিইও এডভোকেট এস আকবর খান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান, সোনালী ব্যাংক লিঃ পরিচালনা পরিষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আলম তালুকদার, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ তুহিন, তানভীর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

শোকাবহ ১৫ আগস্ট আজ

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের সেই কালরাতে নিজ বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য।


বঙ্গবন্ধু ছাড়াও এই নৃশংস হত্যাকাণ্ডে আরও যারা প্রাণ হারিয়েছিলেন তারা হলেন : বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে। ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেও সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। সে সময় স্বামী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে জার্মানিতে সন্তানসহ অবস্থান করছিলেন শেখ হাসিনা। শেখ রেহানাও ছিলেন বড় বোনের সঙ্গে।

কোটি বাঙ্গালির প্রাণের নেতার মৃত্যুতে সেদিন যে ক্ষতি সাধিত হয়েছিল, আজও তার ক্ষত বয়ে চলেছে বাংলাদেশ। দেশবাসীর কাছে আগস্ট মাসটি তাই শোকের মাস, বেদনার মাস। প্রতিবছর ১৫ আগস্ট আসে বাঙালির হূদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করবে। রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে আজ পালিত হবে জাতির পিতার শাহাদাতবার্ষিকী।

সেদিন যা ঘটেছিল

১৯৭৫ সালের ১৫ আগস্ট অতিপ্রত্যুষে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে কাপুরুষোচিত আক্রমণ চালায় ঘাতক দল। সে নারকীয় হামলার পর দেখা গেছে, ভবনটির প্রতিটি তলার দেয়াল, জানালার কাচ, মেঝে ও ছাদে রক্ত, মগজ ও হাড়ের গুঁড়ো ছড়িয়ে-ছিটিয়ে আছে। গুলির আঘাতে দেয়ালগুলোও ঝাঁঝরা হয়ে গেছে। চারপাশে রক্তের সাগরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ঘরের জিনিসপত্র। প্রথম তলার সিঁড়ির মাঝখানে নিথর পড়ে আছেন চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরিহিত স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ। তাঁর তলপেট ও বুক ছিল বুলেটে ঝাঁঝরা। পাশেই পড়ে ছিল তাঁর ভাঙা চশমা ও অতিপ্রিয় তামাকের পাইপটি। অভ্যর্থনা কক্ষে শেখ কামাল, মূল বেডরুমের সামনে বেগম মুজিব, বেডরুমে সুলতানা কামাল, শেখ জামাল, রোজী জামাল, নীচতলার সিঁড়িসংলগ্ন বাথরুমে শেখ নাসের এবং মূল বেডরুমে দুই ভাবির ঠিক মাঝখানে বুলেটে ক্ষত-বিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়েছিল ছোট্ট শিশু শেখ রাসেলের লাশ। লুঙ্গিতে জড়ানো শিশু রাসেলের রক্তভেজা লাশ দেখে খুনিদের প্রতি চরম ঘৃণা-ধিক্কার জানানোর ভাষা খুঁজে পান না মানবতাবাদী বিশ্বের কোনো মানুষ। এভাবেই নারকীয় পৈশাচিক হত্যাযজ্ঞের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

স্বাধীন দেশে কোনো বাঙালি তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না—এমন দৃঢ়বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর। সেজন্যই সরকারি বাসভবনের পরিবর্তে তিনি থাকতেন তাঁর প্রিয় ঐতিহাসিক ৩২ নম্বর ধানমন্ডির অপরিসর নিজ বাসভবনেই। বাঙালির স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার এ বাড়িটি অসম্ভব প্রিয় ছিল বঙ্গবন্ধুর। এখানে থেকেই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে সর্বশক্তি নিয়োগ করেছিলেন। সেদিন ঘাতকদের মেশিনগানের মুখেও বঙ্গবন্ধু ছিলেন অকুতোভয়। প্রশ্ন করেছিলেন, ‘তোরা কী চাস? কোথায় নিয়ে যাবি আমাকে?’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি ইতিহাস। তার জীবন ছিল সংগ্রামমুখর। সংগ্রামের মধ্যেই তিনি বড় হয়েছিলেন। ১৯২০ সালের ১৭ মার্চ তত্কালীন বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি ছাত্র অবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ৫২’র ভাষা আন্দোলনে তিনি ছিলেন সংগ্রামী নেতা। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি সনদ ৬ দফার প্রণেতাও ছিলেন। ৭০’র নির্বাচনে অংশ নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে এদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত করেন।

পাকিস্তানের সামরিক জান্তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলে ষাটের দশক থেকেই তিনি বাঙালি জাতীয়তাবাদের অগ্রনায়কে পরিণত হন। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তত্কালীন রেসকোর্স ময়দানে লাখো জনতার উত্তাল সমুদ্রে বঙ্গবন্ধু বজ্রদৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এই ঘোষণায় উদ্দীপ্ত, উজ্জীবিত জাতি স্বাধীনতার মূলমন্ত্র পাঠ করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ছিনিয়ে আনে দেশের স্বাধীনতা। জাতির ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধুর অমর কীর্তি এই স্বাধীন বাংলাদেশ।
জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ প্রমুখ।



শোক দিবসের কর্মসূচি

আজ সরকারি ছুটির দিন। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আজ। বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহেও জাতীয় পতাকা অর্ধনমিত ও আলোচনাসভার আয়োজন করা হবে। দিনের শুরুতে সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেশ ও জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে গিয়ে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অন্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। পরে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় গিয়ে সকাল ১০টায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। সেখানে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ দুটি স্থানেই তিন বাহিনীর একটি সুসজ্জিত দল বঙ্গবন্ধুর প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করবে।

বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন শোক দিবসের অনুষ্ঠানসমূহ সরাসরি সম্প্রচারসহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। সচিত্র বাংলাদেশ এর বিশেষ সংখ্যা প্রকাশ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জেলা ও উপজেলা প্রশাসন জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে: আজ সূর্য উদয়ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাত, ৬টা ৪০ মিনিটে শোক মিছিলসহ বঙ্গবন্ধু ভবনের সম্মুখে আগমন এবং শ্রদ্ধা নিবেদন, সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সকাল ১০টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মোনাজাত, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল।
বাদ আছর দেশের সর্বত্র মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকল মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সঙ্গে তাত্পর্যপূর্ণ কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ্ ও নাত প্রতিযোগিতা ও দোয়ার আয়োজন করবে। এছাড়া জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ বার কাউন্সিল, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, সুইড বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধা জানাবে। মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। 
তথ্যসূত্র : পূর্বপশ্চিম বিডি