বুধবার, ডিসেম্বর ১২, ২০১৮

ঘাটাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ আল-আমিন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার আঠারদানা মিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আল-আমিন একই এলাকার জুলহাস মিয়ার ছেলে।

বুধবার দুপুরে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার হাসান আরাফাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায়, ঘাটাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদকসেবীদের কাছে তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল।

নৌকাকে বিজয়ী করতে ঘাটাইল আ.লীগ এখন অনেকটাই ঐক্যবদ্ধ

আবারো ঐক্যবদ্ধ হয়েছে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) সংসদীয় আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ এ আসনের বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় জেল হাজতে থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে হতাশা ও অভ্যন্তরীন কোন্দল দেখা দেয়৷ ফলে প্রায় ডজন খানেক নেতা এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মনোনয়ন পান কারান্তরিন এমপি রানার পিতা আতাউর রহমান। পরে এখন সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা নৌকা প্রতীককে বিজয়ী করতে একযোগে কাজ করে চলছেন।

একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ১২ জন প্রার্থী নৌকার জন্য মনোনয়ন ফরম ক্রয় করেন৷ তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান (রানা), রানার পিতা আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, বিএসএমএমসিবি’র সাবেক ভিসি ডাঃ কামরুল হাসান খান, সদ্য দলে আসা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ তুহীন আব্দুল্লাহ, ঘাটাইলের প্রয়াত সংসদ সদস্যর ছেলে তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিয়য়ক সম্পাদক এস আকবর খান, সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ডঃ নুরুল ইসলাম, সুপ্রীমকোর্টের সহকারি এ্যার্টনী জেনারেল শহিদুল ইসলাম, তেজগাঁও সরকারি কলেজের বাংলা প্রভাষক ডঃ অধীর চন্দ্র সরকার, জিবিজি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ শরিফ হোসেন প্রমুখ৷

তবে সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন সংস্থার তথ্য ও জরিপে সবার থেকে অনেক এগিয়ে থাকেন বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানা৷ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ২০ নভেম্বর (মঙ্গলবার) বলেন, “টাঙ্গাইলের ঘাটাইলে আমানুর রহমান খান রানা মনোনয়ন পাচ্ছেন না, পাচ্ছেন আতাউর রহমান খান। টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা একাধিক জরিপে এগিয়ে। আপনারা চাইলে আমি জরিপের ফল দেখাতে পারি। তবু কনট্রভার্সি (বিতর্ক) এড়াতে আমরা এবার তাকে মনোনয়ন দিচ্ছি না। যদিও তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। অভিযোগ তার ভাইদের বিরুদ্ধে।”

পরবর্তীতে মনোনয়ন বোর্ড ও দলের সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে মনোনয়ন দেয়া হয় এমপি রানার আতাউর রহমান খানকে৷

তারপর থেকেই ঘাটাইল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা আতাউর রহমান খানকে সমর্থন দিতে থাকেন৷ শেষ পর্যন্ত এমপি রানার বিরোধী শিবিরের উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকার মাঝি আতাউর রহমান খানকে সমর্থন জানিয়ে দীর্ঘ ১০ বছরের অভ্যন্তরীন কোন্দলের ইতি টানেন এবং ঘাটাইলে একযোগে নৌকার পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

এই দীর্ঘ সময়ের অভ্যন্তরীণ কোন্দল দৃশ্যত নিরসনের ফলে স্বস্তিতে রয়েছেন এই আসনের আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মি ও সমর্থকরা৷

এ বিষয়ে নৌকার মনোনীত প্রার্থী আতাউর রহমান বলেন, জননেত্রী আমাকে বৃদ্ধ বয়সে নৌকার মাঝি করে পাঠিয়েছেন, তাই আমি এই বয়সে সকল ভেদাভেদ ভুলে সকলে মিলেমিশে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে চাই৷

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু বলেন, জননেত্রী যাকে নৌকার মাঝি মনোনীত করেছেন সকলে মিলে তার পক্ষে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে চাই৷


ঘাটাইলে জাতীয় পতাকা বিক্রির ধুম

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। আর কয়েকদিন পর মহান ১৬ই ডিসেম্বর। জাতি উদযাপন করবে তাদের অর্জিত বিজয়ের আরেকটি দিবস। এবার এই মাসে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকায় বিজয় উৎসব ভিন্ন মাত্রা পেয়েছে। বাঙ্গালীর এই বিজয় উৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নানান জায়গায় দেখা যাচ্ছে ফেরি করে জাতীয় পতাকা বিক্রির ধুম। জনগণ তাদের চাহিদা মোতাবেক কিনে নিচ্ছেন বাংলাদেশের লাল সবুজের পতাকা। আবার কেউ দর্জি দিয়ে বানিয়েও নিচ্ছেন প্রাণের পতাকা।

ঘাটাইল পৌর এলাকার কলেজ মোড়ে দেখা মেলে পতাকা বিক্রেতা মোঃ কামাল হোসেনের। সে ঢাকার গাজীপুর থেকে পতাকা পাইকারি মূল্যে কিনে এনে ঘাটাইলের আনাচে কানাচে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করছেন। এতে করে জনগণ সহজেই তাদের চাহিদার যোগান দিতে পারছেন। আর এসব পতাকা সঠিক মাপ ও রঙের থাকায় সবাই স্বস্তি বোধ করছেন।

আসন্ন বিজয় দিবস উদযাপনের উন্মাদনা শুধু ঘাটাইল পৌর এলাকাতেই নয়, ছড়িয়ে পড়েছে উপজেলাটির প্রতিটা ইউনিয়ন থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত। এই উম্মাদনা দোলা দিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা এবং গোটা দেশটাকেই। সাথে নির্বাচনী গরম বাতাস স্বাধীনতাপ্রেমীদের মনে বিশেষ দোলা দিয়ে যাচ্ছে।

১৬ই ডিসেম্বরের দিন-তারিখ কাছেই চলে আসায় এখন জমে উঠেছে পতাকা বিক্রির মৌসুমি ব্যবসার রমরমা বাজার। কামাল হোসেনকে দেখা যায় একটা বাঁশে (স্ট্যান্ড) করে বাংলাদেশের নানা মাপের পতাকা সাজিয়ে হেঁটে হেঁটে বিক্রি করে চলছেন ঘাটাইলের অলিগলিতে। এছাড়া উপজেলার ছোট-বড় বিপণিবিতানও ছেয়ে গেছে বাংলাদেশের পতাকায়। সঙ্গে রয়েছে হাতের ব্যান্ড, মাথার ব্যান্ড সহ বাহারি সব পণ্য। ক্রেতাদের সরব উপস্থিতিতে ইতোমধ্যে জমে উঠেছে বেচাকেনা।

প্রতি বছর এই ডিসেম্বরে এমনই ক্ষুদ্র বাণিজ্যের সূচনা হয়। ব্যতিক্রম নয়। ঢাকার গুলিস্তান, বঙ্গবাজার, শ্যামপুর, সদরঘাট, মিরপুর, গাবতলী, গাজীপুর, মহাখালীসহ বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা।

পতাকা বিক্রেতা কামালের কাছে পাওয়া যাচ্ছে ছোট আকারের বাংলাদেশের জাতীয় পতাকা। অনেকেই সেটি ১০ টাকায় কিনে তাদের ব্যবহৃত মোটর সাইকেলে লাগিয়ে রাখছেন। মোটরগুলো ছুটে চলার সময় বাতাসে পতাকার দোল খাওয়ার দৃশ্য দেখতে খারাপ লাগে না। অনেক সিএনজি, বাস, ট্রাকেও এখন দেখা মিলছে এই ছোট আকারের পতাকার। প্রাণের বাংলাদেশের পতাকা টাঙিয়ে মানুষের আত্মতৃপ্তি লাভের এই বিষয়টি সার্বজনীন, নিঃস্বার্থ ও পবিত্র।

পতাকা বিক্রেতা কামালের সাথে কথা বলে জানা যায়, ডিসেম্বর মাস শুরু থেকেই চলে বেচাবিক্রি। যতই দিন যাবে, ততই বিক্রি বাড়বে। তার কাছে ১০ টাকার থেকে শুরু করে দুইশত টাকায় বিক্রি করার মতো পতাকা রয়েছে বলে তিনি জানান। বিশেষ করে ১৬ই ডিসেম্বর ও এর দুই/এক দিন আগে বিক্রি ভালো হয়।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার শামছু শিকদারের ছেলে পতাকা বিক্রেতা কামাল আরও জানান, বছরের অন্যান্য দিন অন্য কাজ করি। সামনে বিজয় দিবস, তাই বাড়তি আয়ের আশায় গাজীপুর থেকে পতাকা কিনে এনে বি‌ভিন্ন স্থা‌নে ঘু‌রে ঘু‌রে পতাকা বিক্রি করছি। শুধু ঘাটাইলেই নয়, আশেপাশের অন্যান্য এলাকাতেও যাবো পতাকা বিক্রির জন্য।

পতাকা কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে কামাল বলেন, বেচাকেনা শুরু হয়েছে। অনেকে দাম জানতে চাইছেন। দামে মিললে কিনেও নিচ্ছেন। এ পর্যন্ত (১২ ডিসেম্বর, ২০১৮) এক হাজার টাকার পতাকা বিক্রি করেছি। তবে এখন কেবল শুরু হয়েছে, সামনে বিক্রি আরও বাড়বে। এই চালানে প্রায় ১০ হাজার টাকার পতাকা এনেছেন বিক্রি করার জন্য বলে তিনি জানান।

পতাকা কিনতে আসা সাদিক খান নামে এক ছাত্রের সঙ্গে কথা হলে তিনি ঘাটাইলডটকমকে বলেন, এই পতাকার জন্য বাংলাদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। আর এই পতাকা কেনার ফলে আমি নিজেকে গর্বিত মনে করছি।

পতাকা তৈরির জন্য কাজের ফুরসত নেই পোশাকের কারিগর দর্জির দোকানগুলোতে। সব এলাকায় কমবেশি সব দর্জি পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। পতাকার এ চাহিদায় মৌসুমি ব্যবসা করছেন কয়েক হাজার মানুষ।

সূত্র:  ঘাটাইলডটকম

ঘাটাইলে শিক্ষা বৃত্তি’র পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে শাজাহান আকন্দ শিক্ষা বৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১টার সময় উপজেলার কে. নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ২৮টি স্কুলের সপ্তম শ্রেণির মোট ২১০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত এ পরীক্ষা চলে।

শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের সম্পাদক ও পরীক্ষা নিয়ান্ত্রক মোঃ আলমগীর হোসেন জানান, মৃত শাজাহান আকন্দ ছিলেন একজন স্বচ্ছ সুন্দর ও সাদা মনের মানুষ। তিনি ১৯৩২ ইং সালে নাগবাড়ী গ্রামে সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। কর্ম জীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ ছিলেন। তার পিতার নাম মৃত মজিবর রহমান। তিনি ২ ছেলে ও ৩ মেয়ের গর্বিত পিতা ছিলেন।

তার অবর্তমানে তার ছেলে মোঃ শামীম আকন্দ শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন সহ আরও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে আত্ম নিয়োগ করে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান।

আমির খসরুর নির্বাচনী প্রচারণায় হামালার অভিযোগ


চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগে হামলায় এক মহিলাসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমির খসরুর ব্যক্তিগত সহকারী মো. সেলিম।


বিএনপির নেতারা জানান, দুপুরে নগরীর কদমতলী শুভপুর বাসস্ট্যান্ড থেকে মাঝিরঘাট পর্যন্ত ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগ চলছিল। এ সময় গণসংযোগকারী দলের পেছনে থাকা বিএনপি কর্মীদের উপর অতর্কিত হামলা করে কয়েকজন যুবক। এতে এক নারীসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় কর্মী আহত হয়।

এদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী টিটু, ছাত্রদল কর্মী রানা, শিশির ও তানভীর।

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম রাশেদ খান দাবি করেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও উল্টো বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে।

এদিকে সদরঘাট থানার ওসি (তদন্ত) রুহুল আমিন বলেন, গ্রেফতারি পরোয়ানা থাকায় বিএনপি ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার বিষয়ে কিছু জানা নেই।

সরকার বদলের অস্থিরতা থাকলে উন্নয়ন হয় না

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,‘ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা একজন ধার্মিকের কাজ না। এই কাজটা যারা করেন তারা ইসলামের শত্রু।’ বুধবার দুপুরে নীলফামারী আইনজীবী সমিতি আয়োজিত বার লাইব্রেরীর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ‍তিনি।

এসময় তিনি বলেন, ইসলামের নাম করে যারা রাজনীতি করছেন তারা ইসলামের ভাবমূর্তি নষ্ট করছেন। ইসলাম যে শান্তির ধর্ম সেটাকে কলুষিত করছেন তারা। তারা সমাজকে কলুষিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন।

সরকারের উন্নয়নের কথা বলে তিনি বলেন, গত ১০ বছরে প্রমাণ হয়েছে বাংলাদেশের উন্নয় একমাত্র শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এর আগে যেকোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। সে ধারা বজায় রাখতে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো দরকার।
তিনি আরও বলেন, সরকার বদলের অস্থিরতা থাকলে উন্নয়ন হয় না। আর দেশের প্রতি যাদের নিষ্ঠা এবং ভালোবাসা আছে তাদেরকই ক্ষমতায় বসানো দরকার। সেজন্য প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব সত্যটা গ্রহণ করা, অসত্যটাকে বর্জন করা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, আইনজীবী রমেন্দ্র নাথ বর্ধন, আজাহারুল ইসলাম, আল মাসুদ আলাল প্রমূখ।