নিজস্ব প্রতিবেদক । আপডেট: ১:২৮ পিএম, তারিখ: ২৯ নভেম্বর ২০১৫ইং, রবিবার, সর্বশেষ সম্পাদনা ১:২৮ পিএম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোঘলপাড়া নামক স্থানে শনিবার বিকেলে মোটর সাইকেল দুর্ঘটনায় আজমত (৩৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। সে মোঘলপাড়া গ্রামে মৃত ওসমান গণির ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত তার কনস্টেবল নং-১১১৪৮। নিহত হওয়ার প্রতিবাদে রবিবার এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে।
পুলিশ ও নিহতের আত্মীয় নজরুল ইসলাম জানায়- শনিবার বিকেলে ঘাটাইল উপজেলার মোঘলপাড়া গ্রামের মৃত ওছমান গণির ছেলে আজমত (৩৮) ঢাকা থেকে পাঁচদিনের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে। বিকেল বেলা বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কালিহাতী অভিমুখী দ্রুত একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। মুমুর্ষ অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে গাজীপুর পৌছানোর পর রাত ৯টায় এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্যের স্বর্ণা (১৬), অমিত (৮) বৎসর এর দুটি সন্তান আছে। তার মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী দীর্ঘ এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ মোটরসাইকেল চালক সাব্বির হোসেন কে মোটরসাইকেল সহ আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই আবু সাইদ বাদী হয়ে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছে।
এ সময় ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম ও ঘাটাইল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে ইউএনও আছমা আরা বেগম জানান আমি দুর্ঘটনা স্থলে গিয়ে এলাকাবাসীকে রাস্তায় গতিরোধক (স্পীড ব্রেকার) তৈরির আশ্বাস দিয়েছি এবং প্রতিদিন গাড়ির কাগজপত্র দেখার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করব।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান-মোটর সাইকেল চালক মোঃ সাব্বির হোসেন কে থানায় আটক করে এনেছি এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/রবি-১ম/কেআই/১৫
