রবিবার, জুন ০২, ২০১৯

পবিত্র ঈদুল ফিতর বুধবার!

বাংলাদেশের আকাশে আগামী ৪ জুন শাওয়ালের চাঁদ দেখা যাবে। সেই হিসেবে বুধবার (৫ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে।

গত ২১ মে বিশ্বের ১৪টি দেশের ২৮ জন বিশেষজ্ঞ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি)। অপরদিকে, বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস) গত মাসের ২১ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে, আগামী সোমবার (৩ জুন) বিকাল ৪টা ২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ হবে, সৃষ্টি হবে নতুন চাঁদ।

এই নতুন চাঁদ সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১ ডিগ্রি নিচে ২৯২ ডিগ্রি দিগশে অবস্থান করবে। তাই ৩ জুন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিএএস।

বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ সহ যেসব দেশে ৭ মে রোজা শুরু হয়েছে সেসব দেশের আকাশে মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় দেখা যাবে শাওয়াল মাসের নতুন চাঁদ। সে হিসেবে এবারের রমজান মাস ২৯ দিনে শেষ হবে। তাই আগামী বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

এদিকে আইএসির বিজ্ঞপ্তিতে আরও জানা যায় যে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আকাশে আগামী সোমবার (৩ জুন) সন্ধ্যায় ২-৬ মিনিটের জন্য শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে।

তবে এই দিন খালি চোখে চাঁদ দেখা সহজ হবে না। আবহাওয়া স্বচ্ছ থাকলে টেলিস্কোপের মাধ্যমে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) বিজ্ঞপ্তি এ তথ্যও জানায়, যেসব দেশে ৬ মে রমজান শুরু হয়েছে সেসব দেশে ৩০ দিন রমজান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে এ বছর ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার (৫ জুন)।

প্রসঙ্গত, ফিলিপাইনের প্রেসিডেন্ট দেশটিতে রাষ্ট্রীয়ভাবে ঈদুল ফিতরের ছুটি ৫ জুন এবং কোরবানির ছুটি ১১ আগস্ট নির্ধারণ করেছে।

ঘাটাইলে যানজট নিরসনে পুলিশ মোতায়েন দাবি

ঈদ সামনে রেখে মানুষের ভোগান্তি আরও চরম আকার ধারণ করতে পারে টাঙ্গাইলের ঘাটাইলের সেই এক কিলোমিটার সড়কে। সেজন্য এ স্থানে যানজট নিরসনে পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

এলেঙ্গা থেকে জামালপুর সদর হয়ে সরিষাবাড়ী পর্যন্ত জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ এ বছরের প্রথম দিকে শুরু হয়ে, শেষ হবে আগামী বছর জুন মাসে। কাজের ধীরগতির কারণে শুরু থেকেই ঘাটাইল হাসপাতাল মোড় থেকে বীরঘাটাইল পর্যন্ত ঢালাই করা এক কিলোমিটার অংশে সৃষ্টি হচ্ছে যানজটের। এ নিয়ে সোমবার সমকালে 'ঘাটাইলে ১ কিমি. সড়ক পার হতে লাগে দেড় ঘণ্টা' প্রতিবেদন প্রকাশ পায়। এরপর থেকেই ঈদে যেন ঘরমুখো মানুষের তেমন ভোগান্তি না হয় সেজন্য সড়কের এই স্থানে পুলিশ মোতায়েনের দাবি তুলছে এলাকাবাসী। ঈদে নিয়মিত চলাচল করা যানবাহনসহ অন্য রোডের গাড়িও চলে এ সড়ক দিয়ে। বৃষ্টির পানি ঠিক মতো নিস্কাশন না হওয়ায় নতুন করে গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে সেই গর্তে গাড়ি আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান বলেন, ঈদে মানুষের যেন কষ্ট না হয় সেজন্য সড়কে পুলিশ মোতায়েন প্রয়োজন। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আমাদের লোক রাস্তায় এ নিয়ে কাজ করছে। তবে তাদের মানুষ মানতে চায় না।

ঘাটাইল-সাগরদিঘী ভরাডোবা সড়কে গাড়ি বিকল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রধান গ্রামীণ সড়ক ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়ক। এ সড়কের ঘাটাইল উপজেলা সদর থেকে গুপ্তবৃন্দাবন পর্যন্ত ৩২ কিলোমিটার খানাখন্দে ভরা এবং যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী। তার পরও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

কিন্তু বছরের পর বছর বেহাল পড়ে থাকা সড়কটির প্রতি দৃষ্টি নেই কর্তৃপক্ষের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটাইল উপজেলা সদর থেকে ধলাপাড়া বাজার হয়ে সাগরদিঘী বাজার পর্যন্ত ২৬ কিলোমিটার সড়কে বড় বড় গর্ত। সাগরদিঘী থেকে গুপ্তবৃন্দাবন পর্যন্ত ছয় কিলোমিটার মনে হয় না এটা কোনো পাকা সড়ক। তার পরও থেমে নেই এ সড়কে যান চলাচল। প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়েই প্রতিদিন যানবাহন চলাচল করছে। সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার জনভোগান্তি দূর করতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।

টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছিল তারা কাজ শুরু করতে দেরি করায় দরপত্রটি বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে।’