শনিবার, জুলাই ২১, ২০১৮

এক বছরের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

ক্যারিবিয়ান সফর মোটেও সুখকর হলো না লঙ্কানদের জন্য। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে বল টেম্পারিং করে নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক চান্দিমাল। চেতনা বিরোধী আচরণের কারণে শাস্তি পেলেন কোচ ও ম্যানেজার। এই শাস্তি দিয়েছেন অবশ্যই আইসিসি। তবে এবার লঙ্কান স্পিনারকে শাস্তি দিল তার দেশের ক্রিকেট বোর্ড।

গুরুতরভাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ফলে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন শ্রীলঙ্কান লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে। আচরণগত সমস্যার কারণে ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তার দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

তবে শুধু নিষেধাজ্ঞা কাটিয়েই পার পেয়ে যাচ্ছেন না ভ্যান্ডারসে। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে করা হয়েছে জরিমানাও। লঙ্কান বোর্ডের সাথে বার্ষিক চুক্তি রয়েছে তার। সেই চুক্তি থেকে ২০ শতাংশ ভাতা জরিমানা হিসেবে কেটে রাখা হবে।


গত জুন মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ সফর করেছিল শ্রীলঙ্কা টেস্ট দল। ঐ দলের অংশ ছিলেন ভ্যান্ডারসেও। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ তথা বার্বাডোজ টেস্টের আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে ভ্যান্ডারসের নামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় সেন্ট লুসিয়ায়, যে ম্যাচটি শ্রীলঙ্কার বল টেম্পারিং কাণ্ডের জন্য ব্যাপক আলোচিত ছিল। ড্র হওয়া ওই ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলা শেষে সতীর্থদের সঙ্গে সেন্ট লুসিয়ার একটি নাইট ক্লাবে যান ভ্যান্ডারসে। অন্য খেলোয়াড়রা নির্ধারিত সময়ে হোটেলে ফিরে আসলেও যথাসময়ে আসেননি ভ্যান্ডারসে। শুধু তা-ই নয়, পুরো রাতই তিনি ছিলেন ওই নাইট ক্লাবে।

সকালে ভ্যান্ডারসেকে টিম হোটেলে না পেয়ে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিষয়টি সেন্ট লুসিয়ার পুলিশকে জানান হয়। অবশ্য এর কয়েক ঘণ্টা পর নিজ থেকেই হোটেলে আসেন ভ্যান্ডারসে।

হোটেলে ফিরে জেফ্রি ভ্যান্ডারসে বলেন, ‘ওরা আমাকে নাইট ক্লাবে একা রেখে এসেছিল। এরপর আমি রাস্তা হারিয়ে ফেলি।’ ওই ঘটনার পরই ভ্যান্ডারসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে, যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার চলমান হোম সিরিজের টেস্ট দলে জায়গা পাননি তিনি।

ভ্যান্ডারসের শাস্তির মাত্রা অবশ্য আরো বেশি হতে পারত। তবে তিনি দোষ স্বীকার করে নেওয়ায় কঠোর হওয়ার পথ এড়িয়ে গেছে এসএলসি।

উল্লেখ্য, এর আগেও একবার আচরণগত কারণে জেফ্রি ভ্যান্ডারসেকে সতর্ক করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। ভারত সফরের আগে ঘরোয়া লিগের খেলা না বলে বাদ দিয়েছিলেন তিনি।

জাপানিদের সৌন্দর্যের রহস্য যে খাবার!

জাপানের মানুষদের গড় আয়ু বেশি। কারণ তারা কঠোর পরিশ্রমী এবং সুশৃঙ্খল জীবন যাপন করতে ভালবাসেন। জাতি হিসেবে তারা অনেক সফল। নানাবিধ কারণের মধ্যে সর্ব প্রথম হল নিয়ম তান্ত্রিক জীবন যাপন। আপনি জাপানে মোটা মানুষ দেখবেন না খুব একটা, তার মানে কি তারা সকলেই ডায়েটিং করে? আসলে তাদের প্রাত্যহিক খাদ্যাভ্যাসই হলো প্রচুর পুষ্টি উপাদানে ভরপুর খাদ্য অল্প পরিমাণে আহার করা। আর তারা তাদের প্রাত্যহিক চলাফেরায় অনেক কিছু এমন ভাবে পালন করে যাতে করে তাদের আর আলাদা ভাবে ব্যায়াম করতে হয় না। যেমন, অল্প দূরত্বের পথ তারা হেটে অতিক্রম করে, মোটর চালিত যান থেকে তারা সাইকেল বেশি পছন্দ করে। এই অভ্যাসগুলো তাদের শারীরিক ভাবে আরো সুস্থ রাখতে সাহায্য করে।

আমরা আজ জাপানের প্রধান খাবারের রেসিপি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব-

উপকরণ:-
১) মাছ, ঝিনুক বা মাংসসহ আপনার পছন্দের যে কোনো কিছু।
২) সুশির ভাত রান্না করার জন্যে ছোট দানার আতপ চাল।
৩) লবনবিহীন শুকনো সামুদ্রিক শৈবালের লেয়ার (সুশি তৈরির জন্যে এটি বিশেষভাবে প্রস্তত অবস্থায়ই বাজারে কিনতে পাওয়া যায়)
৪) চিনি
৫) লবন
৬) সয়া সস
৭) ভিনেগার

প্রণালী:-

১) দুই ধরনের সবজি বাছাই করুন (শসা ও গাজর হতে পারে) এবং এক ধরনের মাছ বা মাংস।

২) আতপ চাল ঠান্ডা পানি দিয়ে বার বার ধুয়ে নিন যতক্ষন না চাল ধোয়া পানি সম্পূর্ন পরিস্কার হচ্ছে। তারপর চাল সেদ্ধ করে ফেলুন। প্রথমে ঢাকনা না দিয়ে ২ কাপ চালের সাথে ২ কাপ পানি দিয়ে উচ্চ তাপে চুলায় চড়িয়ে দিন। যখন এটি সেদ্ধ হতে শুরু করবে চুলার আঁচ একেবারেই কমিয়ে দিয়ে ঢাকনা দিন। ১৫ মিনিট এভাবে সেদ্ধ করার পর চুলা থেকে নামিয়ে ১০ মিনিট সাধারন তাপমাত্রায় রেখে দিন। ভাতটা একদমই আঠালো ধরনের হবে।

৩) শসাগুলোকে চপিং বোর্ডে নিয়ে চিকন ও লম্বা করে কাটুন। চিংড়ি/কাঁকড়া ইত্যাদি ব্যবহার করতে চাইলে সিদ্ধ করে খোলস থেকে ছাড়িয়ে নিন। মাংস ব্যবহার করতে চাইলে পাতলা স্লাইস করে সিদ্ধ করুন বা আপনার পছন্দমতন মশলা মাখিয়ে ভেজে নিন। মাছকেও একই উপায়ে প্রস্তত করতে পারেন। জাপানীরা কাঁচা ও সেদ্ধ, উভয় প্রকারেই মাছ খেয়ে থাকে।

৪) এবার ছোট একটি বাটিতে ২ টেবিল চামচ ভিনেগার, ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ সয়াসস ও ১ টেবিল চামচ লবন মিশিয়ে হাল্কা গরম করে নিন।

৫) একটি কাঠের বা কাঁচের পাত্রে ভাত নিয়ে এই মিশ্রনটি ভালোভাবে নেড়ে চেড়ে মেশান। যাতে প্রতিটি ভাতে মিশ্রনটি লাগে। হয়ে গেল আপনার সুশি রাইস। একে রুম তাপমাত্রায় রেখে বাকি কাজ করুন।

৬)একটি বাঁশের ছোট্ট ম্যাটের ওপর শুকনো শৈবালের লেয়ারটি রাখুন। এবার এর ওপর ভাত বেশ পুরু করে ছড়িয়ে দিন, রুটিতে মাখন মাখাবার মতন করে। খেয়াল রাখবেন যাতে কোন ফাঁকা জায়গা না থাকে। এবার ভাতের উপর কয়েকটি গাজর/শসা/অন্যান্য সবজির টুকরো দিন ও তার মাঝখানে দিন কাঁকড়ার টপিং।

৭) এবারে বাঁশের ম্যাটটি সাবধানে রোলের মত করে মুড়ে নিন। মোড়াবার সময় চেপে চেপে মোড়াতে হবে। একটু মোড়াবেন, বাঁশের ম্যাটটি সরিয়ে নিবেন। তারপর আবার মোড়াবেন, যাতে এর ভেতরে ভাতটা টিউবের মত মুড়ে গিয়ে সবজি ও কাঁকড়ার টুকরোগুলো ঠিক মাঝে থাকে। মোড়ানো হয়ে গেলে দেখবেন বেশ সুন্দর একটা টিউবের আকার পেয়েছে।

৮) সুশি রোলটিকে ছোট ছোট টুকরোয় কাটার সময় অবশ্যই ধারালো ছুরি ও চপিং বোর্ড ব্যবহার করবেন। কারন, আপনার কাটার কৌশল ও দক্ষতার উপরেই এর পরিবেশনের সৌন্দর্য নির্ভর করবে, এবং সব চেয়ে বড় কথা এই রোল থেকে উপাদানগুলো যাতে ভেঙ্গে ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন।

৯) পরিবেশনের সময় উপরে দিতে পারেন একটু সস/ জাপানী মেয়নেজ/ ফিস সস। আর পাশে রেখে দিতে পারেন সুন্দর করে কাটা টমেটো, লেবু ও দু একটি লেটুস পাতা।

১৮ হাজার চিঠি ও ১১ হাজার ফুল পেলেন প্রিয়াঙ্কা!

গত ১৮ জুলাই ছিল জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জন্মদিন। নিজের ৩৭তম জন্মদিনে এক অন্যরকম উষ্ণ ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। এদিন তিনি ভক্তদের কাছ থেকে ১৮ হাজার হাতে লেখা চিঠি ও ১১ হাজার ফুল উপহার পেয়েছেন ‘দেশি গার্ল’ খ্যাত এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ সহ বিশ্বের ২৫টি দেশের ভক্তরা প্রিয়াঙ্কাকে এই চিঠি ও ফুল পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন প্রিয়াঙ্কা। এইতো কিছুদিন আগেই ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে গেছেন তিনি। এর আগে, সিরিয়ায় শরণার্থী ক্যাম্পেও গিয়েছিলেন এই তারকা অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়ার গোটা বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রিয় অভিনেত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া ইউনিসেফের অধীনে পরিচালিত বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াকে।



এবারের জন্মদিনে অবশ্য লন্ডনে ছিলেন প্রিয়াঙ্কা। তার আগের রাতে লন্ডনের একটি রেস্তোরাঁয় প্রিয়াঙ্কা-নিক জোনাসকে একসঙ্গে দেখা যায়।

এদিকে, পারিবারিকভাবেই প্রিয়াঙ্কা-নিকের সম্পর্কটা পরিণতির দিকে যাচ্ছে। কিছুদিন আগেই ভারত ঘুরে গেছেন হলিউড তারকা নিক।

দুই পরিবারের সম্মতিতে জুলাই অথবা আগস্ট মাসেই প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বাগদান হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিল্মফেয়ার ম্যাগাজিনের অনলাইন সংস্করণের খবর এমনটাই জানিয়েছে।