রবিবার, মে ০৫, ২০১৯

মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে সহিদুল ইসলাম (২০) নামের এক যুবক। শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে রোববার (৫ মে) তাকে পরিবারের লোকজন চিকিৎসা করাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে ফনীর প্রভাবে বৃষ্টিপাতের সময় উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেকারকোণা গ্রামের সহিদুল প্রতিবেশি ওই শিশুটিকে হয়ত খাওয়ার লোভ দেখিয়ে পাশে নির্মাণাধীন একটি পাকা বাড়িতে নিয়ে যায়।

ওখানে নিয়ে সে শিশুটির উপর পাশবিক নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। শিশুটির কান্নার শব্দে প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। লুকিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারির শিক্ষার্থী। ধর্ষক সহিদুল ইসলাম জনৈক শাহজাহান আলী ওরফে ইয়াজউদ্দিন দর্জির ছেলে। বখাটে সহিদুল কোন কাজকর্ম করে না বলে জানা গেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল ও ইউপি সদস্য গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি জেনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।

ঘাটাইলে চোলাই মদের কারখানা সন্ধান; ৯ ড্রাম মদ উদ্ধার, ২ জন আটক

রবিউল আলম বাদল, ঘাটাইল: রোববার (৫ মে) ভোর ৪.১৫ মিনিটে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার ভানীকাতরা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদের কারখানা সন্ধান পেয়ে দুইজনকে আটক করেছে। এ সময় ৫০০ লিটার মদ উদ্ধার করে পুলিশ।

আটককৃত আবদুল জলিল (৪৫) মৃত খোয়াজ আলীর ছেলে এবং মৃত জুরান আলীর ছেলে আব্দুল করিম। তাদের দুজনের বাড়ী পৌর এলাকার ভানীকাতরা গ্রামে।

ঘাটাইল থানার উপপরিদর্শ (এসআই) আব্দুল মান্নান, আবু হানিফ জানান, পৌর এলাকার ভানীকাতরা গ্রামের আব্দুল জলিল, আব্দুল করিম দির্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। মদের গোডাউনে থাকা ৫০০ লিটার দেশীয় মদ ভর্তি নয়টি ড্রাম উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

একসঙ্গে তিন পুত্র সন্তান প্রসব করলেন ঘাটাইলের লিপি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্ধি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী লিপি আক্তার রোববার (৫ মে) দুপুরে কুমুদিনী হাসপাতালে এক সঙ্গে পর পর তিন পুত্র সন্তান প্রসব করেন।  

হাসপাতাল সূত্র জানায়, প্রসব ব্যাথা নিয়ে শনিবার লিপি আক্তার কুমুদিনী হাসপাতালের ডেলিভারি বিভাগে ভর্তি হন। রোববার বেলা বারটার দিকে স্বাভাবিক ভাবে তিনি প্রথমে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর তিনি দুপুর একটার দিকে দ্বিতীয় এবং পৌনে দুইটার দিকে তৃতীয় পুত্র সন্তানের জন্ম দেন।

নবজাতক তিনটি কুমুদিনী হাসপাতালের শিশু ওয়ার্ডের নিবির পরিচর্যা কেন্দ্রে রয়েছে মা সুস্থ রয়েছে বলে কুমুদিনী হাসপাতালের সহকারি ব্যবস্থাপক অনিমেষ ভৌমিক জানিয়েছেন।

কালিহাতীতে এরা জ্বিনের বাদশা!

টাঙ্গাইলের কালিহাতীতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করার সময় কথিত দুই জ্বিনের বাদশাকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে ওই দুজন প্রতারককে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রতারকরা হলেন, গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের দিপ্তী মিয়া আকন্দের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই গ্রামে মৃত আবু ছাত্তারের ছেলে আবু তাহের (৩৩)।

শনিবার (০৪ মে) দিবাগত রাতে উপজেলার দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর আজ রোববার (০৫ মে) সকালে ওই দুজনকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

এ ঘটনায় সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে ওই প্রতারকচক্রটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষকে নানা ধরণের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি স্থানীয় অটো-ভ্যানচালক বাছেদও এ চক্রের ফাঁদে পড়ে বিকাশের মাধ্যমে ৩ হাজার ২০০ টাকা পাঠিয়ে দেয়। এ সময় মূর্তি দিতে নানা রকম টালবাহানা করলে তার সন্দেহ হয়।

তারপর কৌশলে আরও টাকার লোভ দেখিয়ে ওই প্রতারকচক্রের দুই সদস্যকে গতরাতে শনিবার গ্রামে ডেকে এনে একটি নকল মূর্তিসহ হাতেনাতে ধরে গণধোলাই দেন এলাকাবাসী।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, স্থানীয় জনতা ওই দুজনকে রাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং এ বিষয়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

টাইগার-অনন্যার ‘ফকিরা’ গানটি শুনেছেন?

তরুণ ভক্তকুলে এ বছরের বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। নির্মাতারা একে একে অবমুক্ত করছেন গানের ভিডিও। দর্শক-শ্রোতার মনে দারুণ সাড়াও ফেলছে।

এবার মুক্তি পেল করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র চতুর্থ গান ‘ফকিরা’। এর আগে মুক্তি পেয়েছিল তিনটি গান—‘জওয়ানি’ (‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ গানের রিমিক্স ভার্সন), ‘মুম্বাই দিল্লি দি কুড়িয়াঁ’ ও সাবেক স্টুডেন্ট আলিয়া ভাটের সঙ্গে টাইগার শ্রফের ‘হুক আপ’।

‘ফকিরা’ গানে নেচে ঝড় তুলেছেন ‘বাঘি’ খ্যাত টাইগার শ্রফ ও নবাগত অনন্যা পান্ডে। গেয়েছেন সনম পুরি ও সদ্য বিবাহিত নীতি মোহন। বিশাল-শেখরের সুরে রোমান্টিক ধাঁচের এ গান ভক্তকুলে সাড়া ফেলেছে। গানটি লিখেছেন অন্বিতা দত্ত।

টাইগার শ্রফ ও অনন্যা পান্ডের নতুন রসায়নে উচ্ছ্বসিত অন্তর্জাল দুনিয়া। কলেজ শিক্ষার্থীদের প্রেমের গল্প নিয়ে এ সিনেমা। তরুণ মহলে তাই আগ্রহ বেশি। এ মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার আদিল শেখ।

ছবিটি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর দ্বিতীয় কিস্তি। ২০১২ সালে মুক্তি পেয়েছিল রোমান্টিক কমেডি ধাঁচের প্রথম কিস্তি। এতে অভিষেক হয়েছিল আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার।

পুনিত মালহোত্রা পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রডাকশনস ও ফক্স স্টার স্টুডিওস। এ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে ও সংগীতশিল্পী-অভিনেত্রী তারা সুতারিয়ার। ১০ মে বড়পর্দায় উঠবে এ ছবি। সূত্র : ডিএনএ