শুক্রবার, এপ্রিল ০৫, ২০১৯

পাওয়া গেছে সেই ইডেনছাত্রী বিন্দুর খোঁজ

ট্রেনে করে কমলাপুর থেকে খালার বাড়ি উত্তরায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ায় ইডেন কলেজের ছাত্রী নাফিসা নেওয়াজ বিন্দুর খোঁজ মিলেছে।

প্রায় ৩৮ ঘণ্টা পর শুক্রবার ভোরে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে পুলিশ বিন্দুকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নেওয়াজ বলেন, ‘বিন্দু তার মায়ের সাথে রাগ করে বান্ধবীর বাসায় ছিলেন। পরে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে শুক্রবার ভোর ৬টার দিকে উদ্ধার করেছি। বর্তমানে সে সুস্থ রয়েছে।’

ওসি বলেন, ‘ঢাকা থেকে গাজীপুরে খালার বাসায় যাওয়ার উদ্দেশে রওয়ানা দেয় বিন্দু। কিন্তু খালার বাসায় না গিয়ে সেখান থেকে মোবাইল ফোন হারিয়ে ঢাকার মোহাম্মদপুরে তার বান্ধবীর বাসায় চলে আসে। আজ ভোরে সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দিয়েছি।’

জানা গেছে, বুধবার দুপুরে রাজধানীর উত্তরা খালার বাসায় যাবার উদ্দেশে বাসা থেকে রওনা দেন নাফিসা। কমলাপুর থেকে রাজশাহীগামী ট্রেনে ওঠেন তিনি। কিন্তু বিমানবন্দরে ট্রেন থেকে নামতে পারেননি বিন্দু। সেসময়ই বিকেল ৪টার দিকে মা’কে ফোন দেয় বিন্দু। বলে ‘মা আমি উত্তরা স্টেশন মিস করে ফেলছি। এখন ট্রেন কোথায় আছে জায়গাটা চিনতে পারছি না। পরের স্টেশন এলে নেমে বাস ধরে যাবো।’

এরপর অনেকবার ফোন করলে নাফিসার নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে এ নিয়ে যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

বিয়ের দশ বছর পর স্বামীকে প্রকাশ্যে আনছেন অভিনেত্রী

সাংবাদিক প্রথমেই প্রশ্ন করে বসলেন আপনি কি বিবাহিত? অভিনেত্রীদের খুব বেশি এই প্রশ্নটির সম্মুখীন হতে হয়। অবিবাহিত তারকারা মনে মনে প্রস্তুত হয়েও থাকেন এই প্রশ্নটির জন্য। উত্তরও তৈরি থাকে। আর যা-ই হোক আলাপ শুরু হতে না হতেই এই প্রশ্নের সামনে পড়ার কথা ভাবেন না কেউ। ব্যতিক্রমই ঘটলো শ্রীনন্দা শংকরের ক্ষেত্রে।

আজ শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে সুমন পরিচালিত শ্রীনন্দা শংকর অভিনীত ‘বসু পরিবার’ নামের একটি সিনেমা। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত প্রমুখ। সৃজিতের ‘এক যে ছিল রাজা’ সিনেমাতে অভিনয় করেছেন শ্রীনন্দা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত অপর্ণা সেনের ‘ঘরে বাইরে আজ’ সিনেমাটি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রীনন্দা শংকরকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বিষয়টা পরিষ্কার করে বলতে চাই। আমি মুম্বইতে সুখে সংসার করছি। আমাদের বিয়ের দশ বছর হবে এবার।

আপনি এটাও প্লিজ লিখবেন যে আমরা বেশ কিছু সময় লিভ-ইন করেছি। আর ‘বসু পরিবার’ এর প্রিমিয়ারে আমার স্বামী আসবেন। আমার স্বামী কিছুতেই ওর ছবি দিতে দেয় না। সব কিছু পাবলিক করার দরকার কী? তবে এ বার সকলের সঙ্গে আলাপ করিয়ে দেব। আশা করি এই ধারণাটা বদলাবে।’

শ্রীনন্দা শংকর বসু পরিবার ছবিটি নিয়ে বলেন, ‘আমি সত্যি লাকি। অনেকদিন আগে আমার মায়ের (তনুশ্রীশংকর) সঙ্গে সুমন একটা পার্টিতে আমায় ডেকেছিল। সে দিন থেকেই আমাকে কাস্ট করার কথা ও মাথায় রেখেছিল। আমি এ ছবিতে যিশুর বউ।

এই ছবিতে কাজ করা মানে বাংলা অভিনয়ের ইতিহাসের সঙ্গে থাকা। চমৎকার টুইস্ট আছে। দর্শকরা সেটা এনজয় করবেন। শুটিং-এর সময়টা একটা পিকনিকের মতো ছিল। অতো বড় বড় সব অভিনেতা, আমি বেশ নার্ভাস ছিলাম। তবে কেউ বুঝতে দেয়নি আমায় আমি নতুন।’

বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত সময় পার করছে টাঙ্গাইলের তাঁত পল্লী

 খটখট শব্দে মুখরিত টাঙ্গাইলের কালিহাতি ও পাথরাইলের তাঁত পল্লী । কেউ ব্যস্ত বুননের কাজে আবার কেউবা সুতা তুলছেন চরকায়। রঙিন সুতার কারুকার্যে ফুটিয়ে তুলছেন বাহারি নকশা|

বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ঈদের মতোই বৈশাখেও টাঙ্গাইলের তাঁত পল্লীতে তৈরি হচ্ছে জামদানি, সিল্ক, বালুচুরি ও তসরসহ শতাধকি ডিজাইনের শাড়ি। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমান তালে।

শ্রমিকরা জানান শাড়ির চাহিদা অনেক বেশি থাকায় বাড়তি পারিশ্রমিকের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা।

'ঘুষ না দেওয়ায়' ধর্ষিতাকে যৌনকর্মী সাজিয়ে চালানের অভিযোগ

গণধর্ষণের শিকার হয়ে থানায় মামলা করতে গেলেও 'ঘুষের টাকা' দিতে না পারায় উল্টো তাকেই যৌনকর্মী সাজিয়ে আদালতে চালান করা হয়— এমন অভিযোগ এনে রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ওই নারী বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। পরে আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদা বেগম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। দুই সন্তানের মা ওই নারীর (২৭) মামলার নথি অনুযায়ী আসামিরা হলেন— যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী মিয়া, এসআই আ স ম মাহমুদুল হাসান ও মোছা. লাইজু, শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা আক্তার শশী।

মামলার আরজিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় অপহরণ ও ৯(৩) ধারায় দলবেঁধে ধর্ষণের অভিযোগ রয়েছে। তবে ওসি ও দুই এসআইর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার জন্য ঘুষ চাওয়া ও ঘুষ না পেয়ে বাদীকে যৌনকর্মী সাজিয়ে আদালতে চালান দেওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহাজরে বলা হয়, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া দুই সন্তানের এই মা অভাব-অনটনের কারণে কাজের খোঁজে ছিলেন। তার পূর্বপরিচিত শফিকুল ইসলাম রনি তাকে অনলাইনে থ্রিপিস ও শাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানে কমিশনে চাকরি দেওয়ার কথা বলেন। সেই অনুযায়ী গত ১২ মার্চ করাতিটোলায় ফারজানা আক্তার শশী ও বিলকিস আক্তারের ফ্ল্যাটে তাকে ডেকে নেয় রনি। এরপর তাদের সহযোগিতায় বাড়ির মালিকের ছেলে স্বপন তাকে ধর্ষণ করে। তখন তিনি চিৎকার শুরু করলে আসামি শশী ও শিলা তার গলায় বঁটি ঠেকিয়ে মেরে ফেলার ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর জীবন, বিপ্লব, হানিফ, সাগর ও আলাউদ্দিনসহ আরও ১০-১২ জন ইয়াবা সেবন করে তাকে ধর্ষণ করে। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান। সেখান থেকে বেরোনোর পর তার চিৎকারে নাজমুল হোসেন নামে একজন এগিয়ে আসেন। সব কথা শুনে তিনি তাকে রেজাউল করিম নামে এক মানবাধিকারকর্মীর কাছে নিয়ে যান। তার মাধ্যমে তিনি যাত্রাবাড়ী থানায় যান। সেখানে ওসিকে না পেয়ে এসআই প্রদীপ কুমার ও আয়ান মাহমুদকে ঘটনাটি জানান। তারা এসআই লাইজুকে বিষয়টি দেখার দায়িত্ব দেন।

এজাহারে আরও বলা হয়, এসআই লাইজু ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শশী ও শিলাকে ১৮টি ইয়াবাসহ গ্রেফতার করে আনেন। এরপর লাইজু ভুক্তভোগী নারীকে বলেন, ওসি ওয়াজেদ, এসআই প্রদীপ কুমার ও আয়ান মাহমুদুকে এক লাখ টাকা ঘুষ দিলে ধর্ষণের মামলা হবে। না দিলে মিথ্যা মামলায় জড়ানো হবে। পরে গত ১৮ মার্চ ঘুষের টাকা না দিতে পারায় যৌনকর্মী সাজিয়ে শিলা, শশীসহ তাকেও আদালতে পাঠান ওসি ওয়াজেদ, এসআই মাহমুদুল হাসান ও লাইজু।

ভুক্তভোগী নারীর করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি শশী ও শিলা ইয়াবাসহ গ্রেফতার হলেও এ নিয়ে কোনো মামলা হয়নি। উল্টো বাদীকেই যৌনকর্মী সাজিয়ে আদালতে পাঠানো হয় এবং তাতে ধর্ষণের ঘটনা চাপা পড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ওসি ওয়াজেদ মিয়া সাংবাদিকদের বলেন, 'গত ১৩ মার্চ একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। জামিনে বেরিয়ে এসে তারা আবার একই কাজ শুরু করে। এতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা আদালতে এমন অভিযোগ করেছে। ওই নারীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।'

ঘাটাইলে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

আব্দুল লতিফ, ঘাটাইল: ঘাটাইলের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবুকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সংবর্ধনার আয়োজন করেন ।

শুরুতেই ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা সাবেক কমান্ডার মো.তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,সরকারী জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি,জেলা সহকারী কমান্ডার আব্দুস সাত্তার ভ’ইয়া,সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ,সাবেক ডেপুটি কমান্ডার এন. এম. শাহনেওয়াজ, দেউলাবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলী আকবর,ঘাটাইল ইউনিয়ন কমান্ডার রিয়াজুল হক কিরণ ও ধলাপাড়া ইউনিয়ন কমান্ডার আব্দুল বাতেন সিকদার প্রমুখ।


সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু তার বক্তব্যে আগামীর ভবিষ্যত স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং একটি সুন্দর নিরাপদ আধুনিক ঘাটাইল রুপান্তর করতে সকলের সহযোগীতা কামনা করেন।