বুধবার, নভেম্বর ২৮, ২০১৮

একই আসনে মনোনয়নপত্র জমা দিলেন কাদের সিদ্দিকী ও মেয়ে

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম ও তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী। বুধবার বিকেলে মনোনয়নপত্র জমার শেষদিনে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুর রহমানের কার্যালয়ে তারা উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।



এ সময় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ-সভাপতি আবদুল হালিম সরকার, উপজেলা কমিটির সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, স্থানীয় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

একই আসনে তিনি এবং তার মেয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, কাগজপত্র যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যেই মেয়ের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়াও আমি ব্যাংকের যথেষ্ট পরিমাণ টাকা পরিশোধ করেছি। যতক্ষণ এই সরকার থাকবে ততক্ষণ আমার নির্বাচন করা নিয়ে নানা রকম আলোচনা থাকবে। তারপরও সরকার যদি গায়ের জোরে কিছু করে এ নিয়ে কিচ্ছু আসে যায় না। এরপরও যদি সরকার আমার মনোনয়নপত্র বাতিল করে তাহলে এ আসনে আমার মেয়ে কুঁড়ি সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার যত চেষ্টাই করুক তাদের হাত সংকুচিত হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী আশরাফ সিদ্দিকী ও কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কমিটির সভাপতি মাওলানা আবদুল লতিফ মিয়া, স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইত্তেফাক/বিএএফ

ঘাটাইলে নৌকার প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র দাখিল

রবিউল আলম বাদল, ঘাটাইল: বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় অর্ধ লক্ষাধিক আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে বুধবার (২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে নৌকা প্রতিকের মনোনয় পত্র দাখিল করলেন আলহাজ্ব আতাউর রহমান খান। সহকারী রিটার্নিং অফিসার দিলরুবা আহমেদ এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর খান মেনু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সমৃদ্ধ ঘাটাইল এর আহ্বায়ক প্রফেসর ডঃ অধীর চন্দ্র সরকার, ঘাটাইলের প্রয়াত এমপি’র ছেলে ও আওয়ামী লীগ নেতা তানভীর রহমান, ষ্টাফ অফিসার মোঃ মাহমুদুল আলম, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান হেষ্টিং ও মোতালেব হোসেন, ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা এসএম বাবলু ছাড়াও বিপুল সংখ্যক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান, বিএনপি’র প্রার্থী মাইনুল ইসলাম ও লুৎফর রহমান খান আজাদ, ঐক্যফ্রন্টে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুর রশিদ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা রেজাউল করিম, তরিকত ফেদারেশনের প্রার্থী মো. আবু হানিফ, বিএনএফ’র প্রার্থী আতাউর রহমান খান বড় ভাই, জাকের পার্টির প্রার্থী মো. খলিলুর রহমান।

মনােনয়ন পত্র বাছাই আগামী ২ ডিসেম্বর, ৯ ডিসেম্বর প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রতীক বিতরণ, ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ।

টাঙ্গাইল-৩: মনোনয়নপত্র দাখিল করলেন শিল্পপতি মাইনুল ইসলাম

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নির্বাচনী আসন থেকে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা শিল্পপতি মাইনুল ইসলাম। 

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দিলরুবা আক্তারের হাতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।  

এর আগে গতকাল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে মনোনয়নের চিঠি নেন মাইনুল ইসলাম। 

এদিকে মনোনয়নপত্র দাখিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত সাংবাদিকদের ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘দেশনেত্রীকে কারাগারে বন্দি করে সরকার গোটা দেশের গণতন্ত্রকেই বন্দি করে রেখেছে। আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণ এবার গণতন্ত্র না ফিরিয়ে ঘরে ফিরবে না।’

গতকাল মনোনয়নের চিঠি হাতে পাওয়ার পরই বিকেলেই নিজের নির্বাচনী এলাকায় যান তিনি। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দলের মনোনয়ন পাওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানান। তিনিও সবাইকে অতীতের মতোই আগামী দিনেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন। 

এর আগে গত ১৩ নভেম্বর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নির্বাচনী আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন শিল্পপতি মাইনুল ইসলাম। ১৫ নভেম্বর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি। 

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসন আট প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ নজরুল ইসলাম, ঘাটাইল : মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে টাঙ্গাইল ৩- ঘাটাইল আসনে আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সকালে সহকারী রিটারনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। বিকালে সহকারী রিটারনিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান খান।

এর আগে বিপুল সংখ্যক নেতা-কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে উপজেলা সদরে নিয়ে আসে। মনোনয়নপত্র দাখিলকারি অন্যান্যরা হলেন, মো.আ. রশিদ মিয়া (কৃষক শ্রমিক জনতালীগ), মো.মাইনুল ইসলাম(বিএনপি), মাওলানা রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবু হানিফ  (তরিকত ফেডারেশন), আতাউর রহমান খান বড় ভাই ( বিএনএফ), মো. খলিলুর রহমান (জাকের পার্টি)।

টাঙ্গাইলে আইনজীবী ফরহাদ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, ঘাটাইল : টাঙ্গাইলে আইনজীবী ফরহাদ আলী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা এডভোকেট বার সমিতির উদ্যোগে বুুুধবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি এডভোকেট ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক এডঃ মোঃ শামস উদ্দিন, পিপি এডঃ এস আকবর খান, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবু, টাঙ্গাইল এডভোকেট বার সমিতির লাইব্রেরী সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহম্মেদ।

বক্তারা ফরহাদের হত্যাকারীদের সাত দিনের মদ্যে গ্রেপ্তার করা না হলে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবেন বলে জানান।

উল্লেখ্য: জমি সংক্রান্ত বিরোধের কারণে এডভোকেট ফরহাদ আলীকে তার নিজ বাড়ী ঘাটাইল উপজেলার সাগরদিঘি বেতুয়া গ্রামে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর তার চাচাত ভাই শফিকুল ইসলাম শফিক পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

ঘাটাইলে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে গত ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনব্যাপি শিক্ষা পদ্ধতি বিষয়ক এক আর্ন্তজাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ের উপযোগী শিক্ষা পদ্ধতি ও বিশ্বের উন্নত শিক্ষার সম্প্রসারণে এ সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক আনোয়ার আকাশ। যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ও বেসরকারি সংস্থা নির্মান সংগঠনের সহযোগী প্রতিষ্ঠান উইজডম ভ্যালি।

সেমিনারে স্থানীয় পেশাজীবী, যুব সমাজ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজনদের নিয়ে উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয়। উইজডম ভ্যালি স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম। সেমিনারে উপস্থিত ছিলেন উইজডম ভ্যালির অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, উপাধক্ষ্য মেহেরুন্নাহার,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, নির্মান সংগঠনের পরিচালক জাহাঙ্গীর হেসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর রাজিয়া সুলতানা প্রমূখ। সেমিনার শেষে অংশ গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়। 

উল্লেখ্য বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক আনোয়ার আকাশ বর্তমানে বাংলাদেশ সফর করছেন। বাঙ্গালির শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া সহ প্রায় ৪০টি দেশে সময় উপযোগী শিক্ষাবার্তা পৌঁছে দিতে কাজ করছেন।

কালিহাতীতে ক্ষোভে আ.লীগের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগে

দল থেকে মনোনয়ন না পেয়ে ক্ষোভে ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছেন টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পরির্ববতন ডটকমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী নিজেই।

জানা যায়, গত রোববার লিয়াকত আলী জেলা পরিষদের সদস্য পদ থেকে এবং উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। পরে তিনি কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেন। যোগ দেওয়ার পর তিনি মনোনয়ন পেয়েছেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ও  বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী ছাড়াও আরো তিনজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীকে মনোনয়ন দেয়।

দলের মনোনয়ন না পাওয়ায় দল বদল করে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদানের সিদ্ধান্ত নেন বলে তার সমর্থকরা জানান।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী পরির্ববতন ডটকমকে বলেন, কয়েক বছর ধরে নিজ উদ্যোগে কালিহাতীতে কাজ করছি। প্রতিটি গ্রামে আমার শক্ত অবস্থান তৈরি হয়েছে। নেত্রীর কথায় আমি মনোনয়ন পাওয়ার আশায় মাঠে নেমেছিলাম। কিন্তু  আমার মতো একজন সৎ এবং নিষ্ঠাবানকে মূল্যায়ন না করে আরেকজনকে  মনোনয়ন দেন। তাই আমি আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি। পরে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম লিয়াকত আলীর যোগদান এবং তাদের দল থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।