বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

ঘাটাইলে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ১২৬ পিচ ইয়াবা সহ আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন এবং ৩টি সিম কার্ড উদ্ধার করেছে র‌্যাব। উপজেলার বাহ্মনশাসন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাটাইল উপজেলার গুনদত্ত গ্রামের মৃত ইমান আলী ছেলে শুকুর মাহমুদ (২৫) ও একই উপজেলার গারট্র গ্রামের মৃত শাহজাহানের ছেলে রুবেল মিয়া (২০)।

বুধবার রাতে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঘাটাইল উপজেলার বাহ্মনশাসন এলাকার গ্রামীন ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ১২৬ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা ঘাটাইল উপজেলার আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে আসছিল।

ঘাটাইলে ৮ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

টাঙ্গাইলের ঘাটাইলে অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাদেঁ ফেলে একাধিকবার ধর্ষনের অভিযোগ উঠেছে রিফাত নামে এক বখাটের বিরুদ্ধে। ধর্ষিতাকে রক্তাক্ত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় ধর্ষিতার মা বাদী হয়ে রিফাতকে প্রধান আসামী করে দুইজনের নামে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলেও আসামীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ধর্ষক রিফাত ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার লিটন মিয়ার ছেলে।

ধর্ষিতা ও তার পরিবার জানায়, দীর্ঘদিন মোবাইল ফোনে উতক্ত করার পর গত তিন মাস যাবৎ ধর্ষকের সাথে ধর্ষিতা স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুত্র ধরেই গত ২৫ তারিখ সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষিতাকে কৌশলে রিফাত তার মামার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে একটি ঘড়ে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে।

এক পর্যায়ে ধর্ষিতা স্কুল ছাত্রী রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পরলে রিফাত সেখান থেকে পালিয়ে যায়। পরে ধর্ষিতার মা সংবাদ পেয়ে মেয়েকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে রিফাতকে প্রধান আসামী করে দুইজনের নামে একটি মামলা দায়ের করেছে। এখনও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্বজন ও এলাকাবাসী জানান, প্রেমের ফাদেঁ ফেলে ৮ম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন করেছে। তারা এঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, হাসপাতালে মেয়েটিকে ভর্তি করে তার শারিরিক পরীক্ষা করানো হয়েছে। প্রথমিকভাবে ধর্ষনের আলামত পাওয়া গেছে। বর্তমানে মেয়েটি আশংকামূক্ত রয়েছে।

এদিকে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সায়েদুর রহমান বলেন, এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ঘাটাইলে গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ভূইয়া বাড়ী মোড়ে হঠাৎ রাস্তার গাছ পড়ে মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন ।

আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল এগারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহিমের বাড়ী উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বড় মেধার শরিসাআটা গ্রামে। তিনি উক্ত এলাকার ছামাদ শিকদার ও আছিয়া বেগম দম্পতির সন্তান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে (৬) ও এক মেয়ে (৪) সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

তিনি স্থানীয়ভাবে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, আজ সকালের দিকে আব্দুর রহিম নিজ বাড়ী থেকে ধলাপাড়ার দিকে আসার সময় ভুঁইয়া বাড়ী মোড়ে এসে পৌঁছলে আকস্মিক রাস্তার পাশের একটি গাছের ডাল তার উপর ভেঙ্গে পড়ে। চলন্ত মোটরসাইকেলের উপর গাছের ডালটি ভেঙ্গে পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।