শনিবার, জানুয়ারি ১৪, ২০১৭

এমপি রানাকে জেলা আ’লীগ থেকে বহিস্কারের দাবীতে সড়ক অবরোধ

টাঙ্গাইলের চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামী ঘাটাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিস্কার করার দাবীতে প্রায় দেড় ঘণ্টাব্যপী টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে ঘাটাইল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মিরা। আজ শনিবার দুপুরে ঘাটাইল উপজেলার বিজয় ৭১ চত্বরে এই অবরোধ করা হয়। এসময় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম দূর্ভোগে পরে গাড়ির চালক ও যাত্রীরা। 
এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহিদ, যগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেলসহ কলেজের শিক্ষার্থা। 
এসময় বক্তারা সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে দ্রুত দল থেকে বহিস্কার না করলে আগামীতে আরো কঠোর কর্মসুচির দেয়া হবে বলেও হুশিয়ারী দিয়েছেন তারা। 
উল্লেখ্য ২০১৩ সালের ১৮ জানুয়ারী তারিখে মুক্তিযোদ্ধা ফারুক হোসেনকে তার বাসার সামনে গুলি করে হত্যা করা হয়। এই মামলার প্রধান আসামী ঘাটাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান রানা ও তার ৩ ভাইসহ ১৪ জনের নামে অভিযোগ পত্র দাখিল করেন গোয়েন্দা পুলিশ। 

সাংসদ আমানুরকে বহিষ্কারে টাঙ্গাইল আ.লীগের সিদ্ধান্ত

সাংসদ আমানুর রহমান খান ও তাঁর ভাইদের বহিষ্কারের ব্যাপারে জেলা আওয়ামী লীগের এক সভায় সিদ্ধান্ত হয়েছে। টাঙ্গাইল জেলা পরিষদের সভাকক্ষে গতকাল শুক্রবার ওই সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা এবং ছাত্রলীগ নেতা আবু সাঈদ ওরফে রুবেলকে কুপিয়ে হত্যাচেষ্টার পরিকল্পনার অভিযোগে সাংসদ ও তাঁর তিন ভাইয়ের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্তটি হয় বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগ সূত্র। --- খবর ঃ প্রথম আলোর।
এদিকে ছাত্রলীগ নেতা আবু সাঈদকে হত্যার পরিকল্পনায় আমানুরের জড়িত থাকার বিষয়ে তদন্ত শুরু করছে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ পেলেই তাঁকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হবে।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ১৮ জানুয়ারি ফারুক আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। দিনটি পালনের জন্য কর্মসূচি নির্ধারণে গতকাল সকালে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভায় কমিটির সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান ও নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান ও সাইফুজ্জামান সোহেল, আইনবিষয়ক সম্পাদক এস আকবর খান প্রমুখ অংশ নেন। সভায় নেতারা ফারুক আহমেদের মৃত্যুবার্ষিকীর আগেই আমানুর ও তাঁর ভাইদের দল থেকে বহিষ্কারের ব্যাপারে মত দেন। সভায় সিদ্ধান্ত হয়, আগামী সোমবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহীর পরিষদের সভা আহ্বান করা হবে। ওই সভায় আমানুর ও তার ভাইদের বহিষ্কারের সুনির্দিষ্ট আলোচ্যসূচি দেওয়া হবে।

সভা শেষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইলের পৌর মেয়র জামিলুর রহমান প্রথম আলোকে জানান, ফারুক আহমেদ হত্যার অভিযোগপত্রভুক্ত আসামি সাংসদ আমানুর ও তাঁর ভাইদের দল থেকে বহিষ্কারের ব্যাপারে সবাই একমত হয়েছেন। সোমবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এদিকে ঘাটাইলে ছাত্রলীগ নেতা আবু সাঈদকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আসামি আ. জুব্বার গত ২০ ডিসেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন, সাংসদ আমানুরের পরিকল্পনা ও নির্দেশে তাঁরা আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন। তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, জুব্বারের দেওয়া জবানবন্দি খতিয়ে দেখা হচ্ছে। সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে এ মামলার অভিযোগপত্রে সাংসদ আমানুরকে আসামি করা হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বলেন, একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দিসহ মামলার পুরো বিষয় তদন্ত করে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হবে।