মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯

মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই: কাদের সিদ্দিকী

দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই এমন অভিযোগ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। শক্তির জোরে যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে, কখনো মানুষের বন্ধু হতে পারবে না।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, সরকারকে অপ্রিয় করে বিরোধী দল জনগণের প্রিয় হওয়া- এটাই রাজনীতি। আজ দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। সরকার যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারছে না।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একজন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট চিকিৎসক কর্তৃক ছিড়ে ফেলার ৫ দিন পরও সেই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বঙ্গবীর বলেন, এই ডাক্তারকে যারা রক্ষা করতে চাইবে তারাই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, আজকে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গণতন্ত্রে মানুষের কোনো মূল্য নেই। মানুষ কি ভাবছে আর না ভাবছে, সেদিকে সরকারও পরোয়া করে না বিরোধী দলও পরোয়া করে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক। এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এটিএম ছালেক।

সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম লিখিত “স্বাধীনতা ৭১” এর তিনটি বই টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের হাতে তুলে দেন।

ঘাটাইলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও বৃত্তি প্রদান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ও দীঘলকান্দি ইউনিয়নের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। আজ ২৬ নভেম্বর মঙ্গরবার,ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এফডিসিএস প্রজেক্টের উদ্যোগে এসব শিক্ষা উপকরন ও বৃত্তির অর্থ প্রদান করা হয়।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ঘাটাইল শাখা কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, সাধুটি নজীবউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মমরেজ গলগন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ঘাটাইল শাখার ব্যবস্থাপক জেম্স সানি বৈরাগী প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক ,ইউপি সদস্য, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও,ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কর্মী-কর্মকর্তা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।