আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বিরোধিতা করে নোট অব ডিসেন্ট(আপত্তিপত্র) দিয়েছেন বলে জানালেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধন নিয়ে বৈঠক শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভোটারদের মধ্যে ইভিএম ব্যবহারে অনিহা রয়েছে। আগামী নির্বাচনে এটি সম্ভব নয়। আমি মনে করি ভোটারদের অভ্যস্ত করতে না পারলে ইভিএম সফল হবে না।
তিনি আরো বলেন, ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর মতৈক্যে পৌঁছাতে পারেনি। অল্প সময়ের মধ্যে ইভিএম প্রকল্পের বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারার সক্ষমতা, বিনা টেন্ডারে কেনা ইভিএমের কারিগরি পরীক্ষায় ঘাটতি, ইভিএম ব্যবহারে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, ইভিএম নিয়ে ভোটারদের অনভ্যস্ততা ও ইভিএম ব্যবহারে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কার কারণে ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনে ইসির উদ্যোগ সমর্থন করছি না।
মাহবুব তালুকদার বলেন, ডিসেম্বরে অনুষ্ঠেয় একাদশ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য যে প্রস্ততি থাকা দরকার তা আমাদের নেই।
তবে স্থানীয় সরকার নির্বাচনে যেভাবে ইভিএম ব্যবহার হচ্ছে তাতে করে আগামী ৫ থেকে ৭ বছরে ভোটাররা এতে অভ্যস্ত হয়ে পড়বেন বলেও মনে করেন এ নির্বাচন কমিশনার।
তিনি বলেন, আমি আশা করি আগামী ১০ বছর পর ইভিএম ব্যবহারে নির্বাচনে অনিবার্য হয়ে পড়বে।
এর আগে সকাল ১১টা ইসি সচিবালয়ের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার সভাপতিত্বে আরপিও সংশোধন নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
পরে সভা শুরুর ১০ মিনিট পর বের হয়ে ইভিএমের বিপক্ষে মত দিয়ে ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেন মাহবুব তালুকদার।
