ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট। শুরু হবে রাতের প্রথম প্রহর। মহান বিজয় দিবস উদযাপনে সবাই ছুটবেন শহীদ মিনারে। আর স্বাধীন দেশ হিসেবে প্রিয় জন্মভূমি পা রাখবে ৪৭বছরে।
শিশু-কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষের হাতে শোভা পাবে গুচ্ছ গুচ্ছ ফুল। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাবেন সবাই। বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে ফুল ফুলে ভরে দেবেন প্রত্যেক শহীদ বেদি।
দিবসটি সামনে রেখে টাঙ্গাইলে ঘাটাইলের চারদিকে ফুল বিক্রির ধুম পড়ে গেছে।
ফুল বিক্রেতাদের কাছে রয়েছে সরকারি, আধা সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি বিশেষের আগাম চাহিদা। এই সব ক্রেতাদের চাহিদার ফুল বিক্রি করতেই দিনরাত ব্যস্ত এখন দোকানিরা।
এছাড়া সাধারণ ক্রেতারাও ফুল কেনার দৌঁড়ে পিছিয়ে নেই। তারাও ফুল কিনতে ছুটছেন দোকানে দোকানে। বেছে বেছে কিনছেন পছন্দের সেরা ফুল। সব মিলিয়ে দোকানে দোকানে চলছে ফুল বিক্রির উৎসব।
শনিবার (১৫ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের ঘাটাইলে থানা রোডের আশেপাশের বিভিন্ন দোকানে গেলে ফুল ব্যবসায়ী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফুল কিনতে আসা ক্রেতা সাধারণের সঙ্গে কথা হলে এমন চিত্র উঠে আসে।
ফুলের দোকানগুলোয় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের ফুল ও ফুলের তোড়া। এর মধ্যে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা অন্যতম। এসব ফুল আকর্ষণীয়ভাবে বেঁধে শ্রদ্ধা জানানোর ফ্রেমে আটকে দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন আকারের মালা তৈরি করা হচ্ছে। ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷