জেল হত্যা দিবসের আলোচনা সভায় উপস্থিত হতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী যুক্তফ্রন্ট ও বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
কিন্তু, শেষ মুহূর্তে তিনি এই অনুষ্ঠানে আসতে পারবেন না বলে জানিয়েছেন। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিতিকে না আসার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন।
শনিবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নের আলোচনা সভার স্বাগত বক্তব্যে এসব তথ্য জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, ‘আজ জেল হত্যা দিবসের আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন, ড. কামাল হোসেনসহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি।’
কাদের সিদ্দিকী বলেন, ‘এই অনুষ্ঠানে আরেকজনের থাকার কথা ছিল, তিনি সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। আমি তাকে আলোচনায় অংশ নিতে অনুরোধ করেছিলাম। শুক্রবার পর্যন্ত তিনি রাজি ছিলেন। আজ যখন শুনলেন এখানে ড. কামাল হোসেন আসবেন তখন তিনি আমাকে না করে দিয়েছেন, আসতে পারবেন না বলে জানিয়েছেন।’
জেল হত্যা দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজক কৃষক শ্রমিক জনতা লীগ। সভাপতিত্ব করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। অনুষ্ঠান শুরুর পর বিকেল সোয়া ৪টার দিকে আসেন ড. কামাল হোসেন। এ সময় মঞ্চ থেকে উঠে গিয়ে তাকে স্বাগত জানান কাদের সিদ্দিকী।
ড. কামাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জানা গেছে, এই আলোচনা সভা থেকেই ঐক্যফ্রন্টে যোগ দেবেন কিনা, তা স্পষ্ট করবেন কাদের সিদ্দিকী।
ড. কামাল হোসেন আসার কিছুক্ষণ আগে অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তাকেও স্বাগত জানান কাদের সিদ্দিকী। পরে সবাইকে নিয়ে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন।
ড. কামাল হোসেন ছাড়াও আলোচনা সভায় যোগ দিয়েছেন, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷