বাংলাদেশের বিনোদনের অন্যতম মাধ্যম ছোট পর্দার নাটক। প্রতিনিয়তই একের পর এক নতুন নাটক আসছে টিভি পর্দায় কিংবা ইউটিউবে। জনপ্রিয়তার দিক দিয়ে তরুণ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের নাটকই বেশি দেখছেন দর্শকরা। সেই ধারাবাহিকতায় নতুন নতুন মুখদেরও কমতি নেই।
আসছে ঈদুল আজহায়ও নতুন এক জুটিকে দেখা যাবে টিভি পর্দায়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবারের মতো দেখা যাবে স্নিগ্ধা মোমিনকে। নানা রকম আমেজের গল্পে দেখা যাবে তাদের। নাটকের নাম ‘তোমার প্রেমে বিভোর হয়ে’। এটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
প্রথমবার তৌসিফের সঙ্গে অভিনয় প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, 'তৌসিফ আমাদের প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেতা। কখনো ওর সঙ্গে কাজ করা হয়নি। সেই সুযোগটা এবার হয়ে গেল। এই নাটকে রোমান্টিক জুটি হিসেবেই হাজির হচ্ছি আমরা। আসছে কোরবানি ঈদে প্রায় হাফ ডজন নাটক-টেলিছবিতে কাজ করেছি। তার ভিড়ে এই নাটকের গল্প ও নির্মাণ দর্শককে ভিন্ন মাত্রার বিনোদন দিবে বলে আমার বিশ্বাস'।
পরিচালক জানান, গেল ৯ ও ১০ আগস্ট নাটকটির শুটিং হয়েছে। রাজধানীর উত্তরাতে শুটিং হাউস আপন ঘর-৩ এ এই নাটকের দৃশ্যায়ন হয়েছে। আসছে ঈদে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
