সোমবার, আগস্ট ১৩, ২০১৮

নারী শিক্ষায় বর্তমান সরকারের অবদান

”বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”- কবির এই উক্তিটি শুধু কবিতায় নয়, বিশ্ব বাস্তবতায় বর্তমান। পুরো বিশ্বেই নারীরা উন্নয়নে সমান অংশীদার। কিন্তু শিক্ষা ক্ষেত্রে নারী ও পুরুষে রয়েছে পার্থক্য। নারীরা পিছিয়ে রয়েছে এখানে। কিন্তু উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শিক্ষা ক্ষেত্রে নারীকে এগিয়ে নিতে হবে।

বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে নারীশিক্ষার কোনো বিকল্প নেই। আর তাই বাংলাদেশ সরকার এ বিষয়ে গ্রহণ করেছে নানা পদক্ষেপ। শহুরে নারীদের তুলনায় গ্রামীণ নারীরা শিক্ষা ক্ষেত্রে বেশি পিছিয়ে রয়েছে। অর্থনৈতিক দৈন্যতা, সামাজিক নেতিবাচক মনোভাব, ধর্মীয় কূসংস্কার ইত্যাদি নানা কারণে গ্রামের মেয়েরা শিক্ষা গ্রহণের সুযোগ পায় না বা শিক্ষা গ্রহণে আগ্রহী হয়না। তাই বর্তমান সরকার গ্রামীণ নারীদের শিক্ষা অর্জনের লক্ষ্যে বিভিন্ন গ্রামাঞ্চলে নির্মাণ করেছে স্কুল ও কলেজ। অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলে নির্মাণ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়গুলোতে তৈরী করা হয়েছে নারীবান্ধব শিক্ষার পরিবেশ।

নারী শিশুদের শিক্ষামুখী করতে সরকার নারীদের জন্য উপবৃত্তি বা মাসিক টাকা প্রদানের ব্যবস্থা করেছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত প্রদান করা হয় উপবৃত্তি। ফলে নারীরা এখন শিক্ষা গ্রহণে অধিক আগ্রহী। এছাড়া সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বইও বিতরণ করছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের দুপুরের খাবার দেয়া হয়। এতে গ্রামের দরিদ্র শিশুরা বিশেষ করে নারী শিশুরা অধিকহারে বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে।

নারী শিক্ষার আরেকটি বড় প্রতিবন্ধকতা হলো ‘বাল্যবিবাহ’। তাই বাল্যবিবাহ বন্ধে করা হয়েছে আইন আর এ আইন অমান্যে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সরকার প্রাথমিক শিক্ষাকে সবার জন্য বাধ্যতামূলক করায় বেড়েছে শিক্ষার হার। বর্তমানে শিক্ষাক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। এছাড়া বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোতেও পাসের হার মেয়েদের বেশি।

কর্মক্ষেত্রেও বেড়েছে নারীর পদচারণা। আর এসব কিছুই সম্ভব হয়েছে বর্তমান সরকারের কারণে। বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদযাত্রাকে নিরাপদ ও যানজট মুক্ত করতে সরকারের পদক্ষেপ

নাড়ীর টানে বাড়ি ফিরতে অগ্রিম টিকিট কিনতে ভিড় জমাচ্ছে নগরীর মানুষ। যদিও সরকার ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে বাস, ট্রেন, প্লেন এর অগ্রিম টিকিট কাটার সুযোগ করে দিয়েছে, এতে অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়িয়ে, কষ্ট না করে পেয়ে যাচ্ছে বাড়ি ফেরার চাবি।

কোরবানির ঈদ মানেই পশুহাট। ঈদের ৫ থেকে ৩ দিন আগেই বিভিন্ন ঘাটে এমনকি সড়কেও দেখা যায় পশুর পসরা, যা ঈদ যাত্রায় যানজট সৃষ্টির অন্যতম কারণ। তাই যেদিক সেদিক সড়ক পথ দখল করে যেন হাট না বসে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। সেই সাথে কোরবানির পশুকে যেন কোন প্রকার ওষুধ বা ইনজেকশন দিয়ে মোটাতাজাকরণ করা না হয় সেদিকে বিশেষ মনিটরিং টিম মাঠ পর্যায়ে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের সাথে। এছাড়া ভারতীয় গরুকে ‘না’ বলে দেশীয় গরু দিয়ে চাহিদা মেটাতে খামারিদের ব্যাংক ঋণের সুবিধাও দিয়েছে সরকার।

ঈদযাত্রা যেন বিঘ্নিত না হয়, দুর্ঘটনা ঠেকাতে এবং যানজট মুক্ত ঈদযাত্রা উপহার দিতে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সেগুলো হল: যানজট নিরসনে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো চার লেনে উন্নীতকরণ, যেদিক সেদিক সড়ক দখল করে পশুহাট না বসা, দুর্ঘটনা ও যানজট এড়াতে ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলাচল না করা, গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন না করা, গাড়ির ছাদে লোক না নেওয়া, লাইসেন্সবিহীন গাড়ি না চালানো, হেলপারকে দিয়ে গাড়ি না চালানোর নির্দেশ দিয়েছে সরকার এবং তা তদারকি করতে ভ্রাম্যমান আদালত থাকবে সড়কের বিভিন্ন পয়েন্টে।

ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে তৎপর সরকার।

চলে গেলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার

সিঙ্গাপুরে চিকিৎসাধীন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি এবং প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান গোলাম সারওয়ারের মৃত্যুর মধ্য দিয়ে এক সফল সাংবাদিকের জীবনের সমাপ্তি ঘটল। নিভে গেল এদেশের সাংবাদিকতার উজ্জ্বল বাতিঘর।

গোলাম সারওয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রিয় সম্পাদকের মৃত্যুতে সমকালের প্রকাশক এ. কে. আজাদসহ সমকাল পরিবার গভীরভাবে শোকাহত। সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

৭৫ বছর বয়সী গোলাম সারওয়ার মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার দুপুরের পর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন গোলাম সারওয়ারের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিকেল ৫টায় লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। তখন চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন। রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

সিঙ্গাপুরে গোলাম সারওয়ারের সঙ্গে তার স্ত্রী সালেহা সারওয়ার, দুই ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জন ও গোলাম সাব্বির অঞ্জন, জামাতা মিয়া নাইম হাবিব এবং সমকালের বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম গিয়েছিলেন।

গোলাম সারওয়ার হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পর দিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু গত রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে অসুস্থতা অনুভব করার পর গত ২৯ জুলাই মধ্যরাতে গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। ল্যাবএইড কর্তৃপক্ষ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। এদিকে, সমকাল সম্পাদককে দেখতে সোমবার দুপুরে হাসপাতালে যান সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান। হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।

বিভিন্ন মহলের শোক : গোলাম সারওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী আনিসুল হক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠজন যাতে এই কষ্ট সইতে পারেন মহান আল্লাহর কাছে তারা সে কামনা করেন।

বর্ণাঢ্য কর্মময় জীবন: বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে গোলাম সারওয়ার উজ্জ্বল এক নাম। মুক্তচিন্তা, প্রগতিশীল মূল্যবোধ আর মুক্তিযুদ্ধের সপক্ষে সোচ্চার এ মানুষটি সাংবাদিকতা জগতের প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব। ষাটের দশকে সাংবাদিকতার শুরু থেকে একটানা পাঁচ দশকের বেশি সময় তিনি এই পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠান হিসেবে সংবাদপত্রের অন্যতম প্রধান স্তম্ভ বার্তা বিভাগে গোলাম সারওয়ারের সৃজনশীলতা, সংবাদবোধ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদেশের সংবাদমাধ্যম জগতে উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। দৈনিক ইত্তেফাকে দীর্ঘ ২৭ বছর বার্তা সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি একাধারে সৃজনশীল ও পেশাদার সাংবাদিকতায় অতুলনীয় দক্ষতার স্বাক্ষর রাখেন। সত্তরের দশকের প্রথমার্ধে দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাপ্তাহিক পূর্বাণীর নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেন। পূর্বাণীতে তারই সম্পাদনায় এদেশে প্রথম ম্যাগাজিন আকারে বৃহদায়তনের ঈদসংখ্যা প্রকাশের রীতি শুরু হয়। তার নেতৃত্বে সাংস্কৃতিক সাপ্তাহিক হিসেবে পূর্বাণী অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করে।

এসব কৃতিত্বের ধারাবাহিকতায় তিনি দেশের দুটি সেরা দৈনিক 'যুগান্তর' ও 'সমকাল'-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে নজিরবিহীন সাফল্য অর্জন করেন। ১৯৯৯ সালে প্রকাশিত দৈনিক যুগান্তরের সম্পাদক এবং এর ছয় বছর পর ২০০৫ সালে আরেকটি নতুন দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত পালন করে যান সে দায়িত্ব। তার সুযোগ্য নেতৃত্ব, ক্ষুরধার মেধা ও অসামান্য সাংগঠনিক দক্ষতা পত্রিকা দুটিকে দ্রুততম সময়ে পাঠকপ্রিয় করে তোলে।
মেধা, নিষ্ঠা ও দক্ষতার কারণে গোলাম সারওয়ারকে অনেকেই সাংবাদিকদের শিক্ষক হিসেবে অভিহিত করেন। তার হাতে গড়া অন্তত পাঁচ শতাধিক সাংবাদিক এখন দেশের বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন মাধ্যমে নিজ নিজ দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। তার হাতে সরাসরি কাজ শেখা বেশ কয়েকজন সাংবাদিক বর্তমানে দৈনিক পত্রিকা ও টেলিভিশন মাধ্যমের সম্পাদক বা প্রধান সম্পাদক হিসেবে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা অনেকেই গর্বভরে নিজেদের পেশার শিক্ষক হিসেবে গোলাম সারওয়ারের অবদানের কথা উল্লেখ করেন।

বাংলাদেশের সংবাদপত্রের বিকাশ ও ক্রমপরিণতির ইতিহাসে গোলাম সারওয়ারের নাম অতিগুরুত্ব ও স্পষ্টতার সঙ্গে উচ্চারিত হবে বারবার। শৌখিন, কুটিরশিল্পসদৃশ সংবাদপত্রের ক্ষীণ বলয় থেকে বৃহৎ কলেবরের সংবাদপত্রের অভিযাত্রার অন্যতম সফল পথিকৃৎ সম্পাদক গোলাম সারওয়ার। তিনিই প্রথম এদেশে প্রতিদিন রঙিন খেলার পাতা, বিনোদন পাতা, নানা স্বাদের গুচ্ছ গুচ্ছ ফিচার প্রকাশ করার রীতি প্রবর্তন করে দৈনিক পত্রিকার চেনা অবয়বকে পাল্টে দিয়ে একটি দৈনিককে পরিবারের সব সদস্যের উপযোগী করে তোলার পরিকল্পনাকে সফলভাবে বাস্তবায়িত করেন। সংবাদকে তার উপযুক্ত গুরুত্ব দিয়ে যথাযথ ট্রিটমেন্টে প্রকাশ করায় তার সমতুল্য কোনো সম্পাদক এদেশে নেই- এটি অপরাপর সম্পাদকের ভাষ্যেই বহুবার জানা গেছে। গোলাম সারওয়ার এদেশের সংবাদপত্রের সাফল্য ও পেশাদারিত্বের প্রতীক।

তার জন্ম ১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে। বাবা মরহুম গোলাম কুদ্দুস মোল্লা ও মা মরহুম সিতারা বেগম দম্পতির জ্যেষ্ঠ সন্তান গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার সাংবাদিকতা পেশার সূচনা। একই বছর দৈনিক সংবাদের সহসম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত সংবাদে চাকরিরত ছিলেন। এরপর মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নিজ এলাকা বানারীপাড়ায়। মুক্তিযুদ্ধের পর কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তার পরপরই ১৯৭২ সালে ইত্তেফাকে সিনিয়র সহসম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৯৯ সাল পর্যন্ত যথাক্রমে প্রধান সহসম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।

সৃজনশীল সাহিত্যে গোলাম সারওয়ারের অকৃত্রিম আগ্রহ ও উদ্যোগ তার সৃষ্টিশীলতা ও প্রাণময়তার আরেক ক্ষেত্র। দৈনিক পত্রিকায় সাহিত্যকে তিনি মানে ও মর্যাদায় স্বতন্ত্র করেছেন। তার গদ্য স্বাদু-অনায়াস দক্ষতায় তিনি রাজনীতির বক্র বিষয়াদির সঙ্গে সমকালীন বাস্তবতা ও ধ্রুপদী সাহিত্যের মেলবন্ধন ঘটিয়ে দেন। তিনি দক্ষ ছড়াকার; ষাটের দশকে অসংখ্য ছড়া লিখেছেন। সত্তরের দশকেও ছড়ায় সচল রেখেছিলেন নিজের কলম। 'রঙিন বেলুন' নামে শিশু একাডেমি থেকে প্রকাশিত ছড়ার বইটি তার ছড়া সৃষ্টির উজ্জ্বল নিদর্শন। বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতে একসময় তিনি ছিলেন ঘনিষ্ঠ। তার লেখা বেশ কয়েকটি গান আজও শ্রোতাহৃদয়ে শিহরণ জাগায়। তার রচিত গ্রন্থের মধ্যে 'সম্পাদকের জবানবন্দি', 'অমিয় গরল', 'আমার যত কথা', 'স্বপ্ন বেঁচে থাক' ইত্যাদি উল্লেখযোগ্য। সাংবাদিকতায় জীবনব্যাপী অনন্য ভূমিকার জন্য তিনি ২০১৪ সালে একুশে পদকে ভূষিত হন।

ঘাটাইল জিবিজি কলেজসহ সরকারি হল টাঙ্গাইলের ৮ কলেজ


আরিফুল ইসলাম, টাঙ্গাইল: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বেসরকারি ২৭১ কলেজ সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ৮ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে। সরকারি হওয়া কলেজগুলোর মধ্যে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার আটটি কলেজ সরকারি করণ হলো।

এগুলো হল, ঘাটাইল জিবিজি কলেজ, দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজ, কালিহাতী সামছুল হক মহাবিদ্যালয়, বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজ, গোপালপুর কলেজ, মির্জাপুর কলেজ,মধুপুর কলেজ, ধনবাড়ি কলেজ।

রবিবার, আগস্ট ১২, ২০১৮

সরকারের নয় বছরের সাফল্য

আগামী বত্রিশ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার। এ লক্ষ্যে রূপকল্প ২০২১ এবং ২০৪১ প্রস্তুত করা হয়েছে।

বিগত দশকে বাংলাদেশের দারিদ্রের হার ৫৭.৬ শতাংশ থেকে ২৪.৪ শতাংশে নামিয়ে এসেছে। চলতি অর্থবছরে মাথাপিছু আয় আগের বছরের চেয়ে ১৪২ ডলার বেড়ে ১ হাজার ৭৫২ ডলারে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ২০০৯ সালে দায়িত্ব নেয়ার নয় বছরে মাথাপিছু জাতীয় আয় প্রায় তিনগুণ বেড়েছে। প্রায় চারগুণ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার হয়েছে রফতানি আয়। সাড়ে তিনগুণ বেড়েছে প্রবৃদ্ধি। প্রায় দশগুণ বৃদ্ধি পেয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলারে। একইভাবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সড়ক ও অবকাঠামো উন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ এখন উন্নয়নের বিস্ময়। দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বিগত দশকে বাংলাদেশের দারিদ্রের হার ৫৭.৬ শতাংশ থেকে ২৪.৪ শতাংশে নামিয়ে এসেছে। চলতি অর্থবছরে মাথাপিছু আয় আগের বছরের চেয়ে ১৪২ ডলার বেড়ে ১ হাজার ৭৫২ ডলারে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ১০টি বিশেষ উদ্যোগ হচ্ছে- ডিজিটাল বাংলাদেশ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচী, সকলের জন্য বিদ্যুত নারীর ক্ষমতায়ন কর্মসূচী, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সংরক্ষণ।

সূত্রমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে আর্থ-সামাজিক উন্নয়ন ও সম্পূর্ণরূপে দারিদ্র্য বিমোচন। এছাড়া রূপকল্প-২১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের মর্যাদায় বাংলাদেশকে নিয়ে যেতে কাজ করছে সরকার। এই লক্ষ্য সামনে রেখে বাজেটে প্রবৃদ্ধি, উন্নয়ন এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দিকে সবচেয়ে বেশি নজর দেয়া হয়েছে। শেখ হাসিনার সরকার রূপকল্প-২১ বাস্তবায়নের কৌশলগত দলিল হিসেবে পরিপ্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১) প্রণয়ন করে।

জানা গেছে, আগামী ২০২১ সালে এ উন্নয়ন কর্মকান্ডের প্রাথমিক ধাপ শেষ হবে। কিন্তু রূপকল্প ২০৪১ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্যসমূহ হলো বিনিয়োগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, প্রবৃদ্ধি সঞ্চালক বৃহৎ অবকাঠামো প্রকল্প গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসৃজন, দক্ষ উৎপাদনশীলতা, সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি, পরিকল্পিত নগরায়ন এবং টেকসই পরিবেশবান্ধব নানামুখী পদক্ষেপ গ্রহণ

ই -পাসপোর্ট ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ

স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার যুগের পর বাংলাদেশ এবার প্রবেশ করতে যাচ্ছে ই-পাসপোর্ট যুগে। দেশের নাগরিকদের নিরাপত্তা জোরদার এবং ভুয়া পাসপোর্ট প্রতিরোধে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) চালু করছে সরকার। বর্তমানে ১১৮টি দেশ ই -পাসপোর্ট ব্যবহার করছে। ১১৯তম দেশ হিসেবে এই তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এই ইলেক্ট্রনিক পাসপোর্টের মাধ্যমে ভুয়া পাসপোর্টের পরিমাণ হ্রাস পাবে এবং আগের থেকে পাসপোর্ট বিষয়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে।

দেশের ১৬ কোটি মানুষের মধ্যে বর্তমানে প্রায় ২ কোটি মানুষ মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) মালিক। প্রতিদিন গড়ে ২০ হাজার মানুষ পাসপোর্টের জন্য আবেদন করছে। ঢাকার আগারগাঁও, যাত্রাবাড়ী, উত্তরা ও কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে জমা পড়ে গড়ে চার হাজার আবেদন। বর্তমানে ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) পাসপোর্টও থাকবে। বিপুল সংখ্যক আবেদনকারীর জন্য সঠিক সময়ের মধ্যে পাসপোর্ট হস্তান্তর করা একটু সময় সাপেক্ষ। তবে পর্যাপ্ত পরিমাণের দক্ষ জনবলের ফলে এই কাজ আরো দ্রুত করা সম্ভব।

ই-পাসপোর্টের জন্য স্মার্ট আইডি কার্ডের মতোই গ্রাহকের কাছ থেকে তথ্য নেয়া হবে। নিরাপত্তার জন্য ই-পাসপোর্টেও থাকবে চোখের মণির ছবি ও আঙুলের ছাপ। আর এর পাতায় থাকা চিপসে সংরক্ষিত থাকবে পাসপোর্টধারীর সব তথ্য। ফলে পরিচয় গোপন করা সম্ভব হবে না। এই ই -পাসপোর্ট তৈরির জন্য জার্মানির সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ই-পাসপোর্টের চুক্তি অনুযায়ী জার্মান কোম্পানি ৩০ লাখ ই-পাসপোর্ট বই সরবরাহ করবে। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫ শ’ ৬৯ কোটি টাকা।

বাংলাদেশের পক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল এম মাসুদ রেজওয়ান এবং জার্মানির ভেরিডোস কোম্পানির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা হেনস উলফগ্যাং কুনজ এই চুক্তিতে স্বাক্ষর করেন। ই-পাসপোর্ট শুরু হলে সেবার মান আরো বাড়বে। এতে জালিয়াতি রোধ করা সম্ভব হবে। এর জন্য বিমান, স্থল ও নৌবন্দরে ই-গেট স্থাপন করা হবে। ইমিগ্রেশন চেকপোস্ট পেরিয়ে যাওয়া ই-পাসপোর্টধারী ব্যক্তি লাইনে না দাঁড়িয়েই স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশন শেষ করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমবে।

দিন দিন দেশ উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছে। এর ধারাবাহিকতায় উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ব্যবস্থা করা হচ্ছে উন্নত সব সেবা। এই প্রেক্ষিতেই দেশে নাগরিক সুবিধার সাথে যুক্ত হচ্ছে ইলেক্ট্রনিক পাসপোর্ট। বর্তমান সরকার দেশের জনগণের জীবন মানোন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট। এজন্যই দেশের মানুষের জন্য সংযোজন করা হচ্ছে আধুনিক নাগরিক সেবা এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঘাটাইলের হাক্কানী দরগাহ শরীফের পীরের বাসায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

উত্তম আর্য্য, ঘাটাইল : শনিবার (১১ আগস্ট) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের গৌরাঙ্গী গ্রামে হাক্কানী দরগাহ শরীফের পীর আব্দুল হালিম এর ঢাকা মিরপুর ছয় নং রোডের বাসায় ১১ বছরের কাজের ছেলে রাসেল এর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লাশের গায়ে, মাথায়, মুখে, দুহাতে পায়ে গলায় ও অন্ডকোষে নির্যাতনের চিহ্ন রয়েছে।

নিহত রাসেল উপজেলার গৌরাঙ্গী গ্রামের আব্দুল হামিদের ছেলে।

নিহতের বাবা ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঢাকায় বসবাসরত আনেহলা ইউনিয়ের গোরাঙ্গী গ্রামের আব্দুল হালিম পীর একই গ্রামের হত দরিদ্র আব্দুল হামিদকে বাড়ি ঘর তৈরী করে দেবে বলে নানা ভাবে প্রলোভন দেখিয়ে তার ছোট ছেলে রাসেলকে আট মাস পুর্বে ঢাকা মিরপুরের বাসায় কাজের জন্য নেয়। চলতি আগষ্ট মাসের শুক্রবার (১০ আগস্ট) দিনের বেলায় নির্মমভাবে নির্যাতন করলে রাসেলের মৃত্যু হয় বলে স্থানীয়রা ধারনা করেন। পীরের পরিবার ঘটনাকে ধামাচাপা দিতে রাসেল ছয় তলা ছাদ থেকে পড়ে আহত অবস্থায় মিরপুর ১১নম্বর রোডে ডেলটা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রাসেলের বাবা-মাকে জানায়। রাতেই তাদেরকে ছেলের অসুস্থতার কথা বলে ঢাকায় নিয়ে যায়। হাসপাতালে গিয়ে দেখে ছেলে নিথর দেহ পড়ে আছে।

এসময় রাসেলের বাবা-মা এর কাছ থেকে সাদা কাগজে টিপ সহি দিয়ে লাশ বুঝিয়ে দেয় আব্দুল হালিম এর পরিবার।

শনিবার দুপুরে উলঙ্গ অবস্থায় রাসেলের লাশ গ্রামে পৌছালে এলাকায় শোকের মাতম পড়ে যায়। এ সময় শোকাহত পরিবারকে শান্তনা দেওয়ার জন্য নিহতের বাড়িতে শতশত লোকের ভির জমায়।

নাম প্রকাশ না করার শর্তে ঐ গ্রামের এক গৃহবধু জানায় পীরের পরিবার নানা রকম সুযোগ সুবিধার কথা বলে ঢাকা বাসায় কাজের জন্য নিলেও সামান্য ভুল করলেই পীরের স্ত্রী ও তার ছেলের স্ত্রী নির্মমভাবে নির্যাতন করে থাকে। অতীতে একই গ্রামে লালুর মেয়ে রুমী এবং চাঁন মিয়ার ছেলে রানা নির্যাতনের শিকার হয়ে বাড়ী চলে এসছে।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাকসুদুল আলম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তথ‌্যসূত্র : ঘাটাইল ডট কম।

ঘাটাইলে জঙ্গিবাদ নির্মূলের প্রত্যয়ে মানববন্ধন ও আলোচনা সভা

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে জঙ্গিবাদ নির্মূলের প্রত্যয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) মো. আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আজহারুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি আতা খন্দকার, টিভি অভিনেতা শাহীন নজরুল প্রমুখ।

ছোট পর্দার নতুন জুটি

বাংলাদেশের বিনোদনের অন্যতম মাধ্যম ছোট পর্দার নাটক। প্রতিনিয়তই একের পর এক নতুন নাটক আসছে টিভি পর্দায় কিংবা ইউটিউবে। জনপ্রিয়তার দিক দিয়ে তরুণ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের নাটকই বেশি দেখছেন দর্শকরা। সেই ধারাবাহিকতায় নতুন নতুন মুখদেরও কমতি নেই।

আসছে ঈদুল আজহায়ও নতুন এক জুটিকে দেখা যাবে টিভি পর্দায়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবারের মতো দেখা যাবে স্নিগ্ধা মোমিনকে। নানা রকম আমেজের গল্পে দেখা যাবে তাদের। নাটকের নাম ‘তোমার প্রেমে বিভোর হয়ে’। এটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

প্রথমবার তৌসিফের সঙ্গে অভিনয় প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, 'তৌসিফ আমাদের প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেতা। কখনো ওর সঙ্গে কাজ করা হয়নি। সেই সুযোগটা এবার হয়ে গেল। এই নাটকে রোমান্টিক জুটি হিসেবেই হাজির হচ্ছি আমরা। আসছে কোরবানি ঈদে প্রায় হাফ ডজন নাটক-টেলিছবিতে কাজ করেছি। তার ভিড়ে এই নাটকের গল্প ও নির্মাণ দর্শককে ভিন্ন মাত্রার বিনোদন দিবে বলে আমার বিশ্বাস'।

পরিচালক জানান, গেল ৯ ও ১০ আগস্ট নাটকটির শুটিং হয়েছে। রাজধানীর উত্তরাতে শুটিং হাউস আপন ঘর-৩ এ এই নাটকের দৃশ্যায়ন হয়েছে। আসছে ঈদে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

বিচার বিভাগের স্বাধীনতার প্রশংসা করলেন কমনওয়েলথ মহাসচিব

বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগের কর্মকাণ্ডে অত্যন্ত সন্তোষ প্রকাশ ও প্রশংসা করেছেন সফররত কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক।।
তিনি বলেন, কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে দেশের বিচার বিভাগসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমনওয়েলথের মহাসচিব বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ও কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। বাংলাদেশের বিচার বিভাগ যে স্বাধীনভাবে কাজ করছে, তাতে তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। সাম্প্রতিক ঘটনা নিয়েও আলাপ-আলোচনা করেছি। আইনের বিস্তার লাভ, ডিজিটাইজেশনসহ সবকিছু নিয়ে আলাপ-আলোচনা করেছি। বৈঠকে কমনওয়েলথকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে উভয়ে একমত হয়েছেন।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, কমনওয়েলথ মহাসচিব অনুরোধ করেছেন শেখ হাসিনার সরকার বিচার বিভাগের উন্নয়নে ও দেশের উন্নয়নে যেভাবে এগিয়েছেন এটা যেন আমরা কমনওয়েলথ এর অন্য দেশগুলোর সাথে শেয়ার করি। এতে তারাও উপকৃত হবেন।
আনিসুল হক বলেন, এই সংস্থাকে (কমনওয়েলথ) শক্তিশালী করা না গেলে যে উদ্দেশ্যে এটা গঠন হয়েছে, সেটা বাস্তবায়ন সম্ভব হবে না। এটাকে শক্তিশালী ও কার্যকর করতে পারলে বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে কাজ করা সম্ভব হবে।
বৈঠক শেষে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি সাংবাদিকদের বলেন, কমনওয়েলথ বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে চায়। কমনওয়েলথে অন্তর্ভূক্ত ৫৩টি দেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের একটি বিশেষ স্থান দখল করতে পারেবে।