মঙ্গলবার, নভেম্বর ২৭, ২০১৮

টাঙ্গাইলে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড


টাঙ্গাইলে জুয়েল নামে ছয় বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে আবদুর রহিম (৩৭) নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুর রহিম টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বিল মাগুরআটা গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল আদালতের পিপি এস আকবর খান জানান, ২০১৬ সালের ১৮ নভেম্বর রাতে বিল মাগুরআটা গ্রামের শহিদুর রহমানের ছেলে জুয়েল (৬) ওই গ্রামেই ধর্মসভায় (ওয়াজ মাহফিল) গিয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে পার্শ্ববর্তী পিচুরিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে জুয়েলের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত জুয়েলের মা রোজিনা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০১৭ সালের ৪ জানুয়ারি দণ্ডিত রহিমকে গ্রেফতার করে। রহিম শিশু জুয়েলকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। তারপর থেকে সে কারাগারে আছে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী আতাউর রহমান আজাদ এ মামলায় বাদীপক্ষকে আইনগত সহায়তা দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷