রবিবার, নভেম্বর ২৫, ২০১৮

ঘাটাইলে ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ মিয়া

আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়ন নিয়েছেন সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া।

জানা যায়, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেও তাকে বিএনপির মনোনয়ন না দেয়া হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। কিন্তু নির্বাচনে অনাকাঙ্ক্ষিতভাবে ভোটাররা ভোট দান থেকে বঞ্চিত হলে তিনি সহ অন্যান্য প্রার্থীরা সে সময় নির্বাচন বয়কট করেন। এখন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও আলোচনায় এসেছেন তিনি। শোনা যাচ্ছে, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নৌকা প্রতীকের আতাউর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে ক্ষেত্রে বাদ পরতে পারেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ, মাইনুল ইসলাম সহ অন্যান্যরা।

এদিকে আব্দুর রশিদ মিয়ার কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশার সংবাদে ঘাটাইলে সর্বস্তরের জনসাধারণের মাঝে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংবাদটি ঘাটাইলে আলোচনা ও বিশ্লেষণের বিশেষ খোঁড়াক দিচ্ছে।

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘাটাইলে এমপি আমানুর রহমানের বাবা আতাউর রহমানকে দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করলে ঘাটাইলের রাজনৈতিক আলোচনায় নতুন প্রাপ্তি যোগ করেছে। এখন আবার রশিদ মিয়ার আলোচনা আসাতে সেসবকে যেন আরও বহুগুণে উস্কে দিয়েছে।

জানা গেছে, আব্দুর রশিদ মিয়া ইতোমধ্যে ঐক্যফ্রন্টের প্রার্থী হওয়ার জন্য আবেদন ফরম পূরণ করে জমা দিয়েছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরউত্তমের গ্রিনসিগন্যাল বা নিশ্চয়তা পেয়েই তিনি আবেদন করেন।



এ বিষয়ে আব্দুর রশিদ মিয়া জানান, আমি ঐক্যফ্রন্টের প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছি। বঙ্গবীর কাদের সিদ্দিকী দেশ ও ঘাটাইলের রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক বিবেচনায় আমাকে তিনি নিশ্চয়তা দিয়েছেন। তিনি ঐক্যফ্রন্ট এবং বিএনপির উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে আলোচনা করবেন। আলোচনা সাপেক্ষে এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ঐক্যফ্রন্ট। তবে ঐক্যফ্রন্টে নেতৃবৃন্দর সাথে আলোচনা শেষ না হলে মনোনয়ন প্রাপ্তি বিষয়ে অগ্রিম কোন কিছু এখনও বলা যাচ্ছে না, চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘাটাইলের গত কয়েক দশকের রাজনীতিতে ঘাটাইলের স্থানীয় বা পৌরসভার কোন মানুষ সংসদ সদস্য হয়ে সংসদে যেতে পারেনি। সে ক্ষেত্রে আমার প্রতি এলাকার সর্বস্তরের জনগণ এবং দলমত নির্বিশেষে একটি বিশেষ ভালোবাসা রয়েছে। আমাকে ঐক্যফ্রন্ট ধানেরশীষ প্রতীক দিলে আমি সকল জনগণের সমর্থনে বিজয়ী হয়ে ঘাটাইল তথা দেশের জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করতে সক্ষম হবো।

এ বিষয়ে স্থানীয় জাহিদ হাসান বলেন, আওয়ামী লীগের মনোনয়নে আতাউর রহমান একটি চমক হিসেবে ঘাটাইলবাসীর নিকট আবির্ভূত হয়েছেন। কারন তার মনোনয়ন প্রাপ্তির বিষয়ে কেউ কিঞ্চিৎ পরিমাণে ধারণা বা অনুমান করতে পারেননি, এমনকি তিনি আলোচনাতে কখনও ছিলেন না। এখন রশিদ মিয়া যদি ঐক্যফ্রন্ট থেকে ধানেরশীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আসেন তাহলে লড়াইটা বেশ জমজমাট হবে। - তথ্যসূত্র : ঘাটাইল ডটকম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷