শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

ঘাটাইলে উন্নয়ন মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। এছাড়া প্রথম দিন বৃহস্পতিবার ও আজকে শনিবার শেষ দিনে মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্টলের সামনে দাঁড়িয়ে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে সেলফিতে মেতে থাকতে দেখা গেছে প্রাণোচ্ছল তরুণ-তরুণীদের।
নান্দনিক পরিবেশে সজ্জিত উপজেলা চত্বরে আয়োজিত মেলার ৩২টি স্টলেই লোকজনের ভিড় ছিল লক্ষণীয়।
এদিকে উন্নয়ন মেলাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ সাজানো হয়েছে বেশ সুন্দর করে। প্রধান ফটকে সুদৃশ্য তোরণ নির্মাণ করা হয়েছে। আশাপাশের বিভিন্ন ভবনে আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
মেলার দ্বিতীয় দিনে (শুক্রবার) আসা সরকারি জিবিজি কলেজের ছাত্র মামুন আহমেদ বলেন, নতুন ভাবনায় আয়োজন করা উন্নয়ন মেলা তার ভীষণ ভালো লাগছে। এছাড়া অনেক দিন পরে মেলা হওয়ায় তারা অনেকটা সময় এখানে কাটাতে পারছেন।
ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সালেহা তাবাসসুম জানান, মেলায় এসে অনেক তথ্য জানতে পেরেছেন। যা তার কাছে অনেকটাই নতুন মনে হচ্ছে। আবার মেলায় এসে বইয়ের পাতায় পড়া অনেক কিছুর মিলও পাওয়া যাচ্ছে। যা তার অনেক কাজে লাগবে।
একজন সাধারণ দর্শানার্থী কামাল হোসেন বলেন, টেলিভিশনের মধ্যে সরকারের বিভিন্ন কর্মকান্ড সব সময়ই জানা যাচ্ছে। তবে মেলায় এসে এসবের বিস্তারিত জানা যাচ্ছে, দেখাও যাচ্ছে। এতে বাস্তব ধারণা মিলছে। যা সরকারের সাফল্য বিবেচনায় ভূমিকা রাখবে।
উপজেলা চত্বর ঘুরে দেখা গেছে এবারের উন্নয়ন মেলায় উপজেলা প্রশাসনের তথ্য কেন্দ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, বিএডিসি, কৃষি গবেষণা, জনস্বাস্থ, এলজিইডি, পল্লী উন্নয়ন, সমবায়, যুব উন্নয়ন অধিদফতর, ইসলামী ফাউন্ডেশন, বিভিন্ন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়, এসই পাইলট উচ্চ বিদ্যালয়, একটি বাড়ী একটি খামার, প্রাণী সম্পদ অধিদপ্তর এর স্টল সহ রাষ্ট্রের মধ্যে সরকারি উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত এমন ৩২টি স্টল স্থান পেয়েছে।