টাঙ্গাইলের ঘাটাইলে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন চিত্র সাধারণ জনগণের কাছে তুলে ধরতে ও নৌকার পক্ষে ভোট প্রার্থনায় আজ শনিবার (২০ অক্টোবর) এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডেপুটি এটর্নি জেনারেল শহিদুল ইসলাম এই উন্নয়ন শোভাযাত্রার নেতৃত্ব দেন।
শনিবার সকালে ঘাটাইলের শাহপুর মোড় এলাকা থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার পাকুটিয়া ও দেউলাবাড়ী প্রদক্ষিণ শেষে ঘাটাইল পৌরসভা, কদমতলি, হামিদপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি উপজেলার ধলাপাড়া, সাগরদিঘী, সংগ্রামপুর সহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলার কদমতলি এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় শহিদুল ইসলাম বলেন, ‘সারা বিশ্ব আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকার আবারও দরকার। এই জন্য দলের নেতা-কর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের গল্প শুনাতে হবে, মানুষের মন জয় করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উন্নয়ন এ দুটি শব্দ এখন একাকার হয়ে গেছে। শুধু দেশে নয় বিশ্বের প্রভাবশালী দেশের নেতারাও এখন শেখ হাসিনাকে সামনে রেখে কথা বলেন। অনুকরণ করেন।’ এসময় ভোটের মাধ্যমে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যে উপস্থিত জনগণকে অনুরোধ করেন তিনি।
সে সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রং-বেরংয়ের পোশাক পরে বাদ্যযন্ত্র বাজিয়ে মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
ঘাটাইলের বিভিন্ন এলাকায় দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য আহবান জানানো হয় শোভাযাত্রায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷