টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাসা থেকে মোটরসাইকেল চুরি করে অদূরে নিয়ে গিয়ে সেটি চালু করতে না পেরে ফেলে রেখে পালিয়েছে চোরের দল। গত ১৫ আগস্ট (বুধবার) দুপুরে পৌরসভার খরাবর এলাকায় এই ঘটনা ঘটে।
মোটরসাইকেলটির মালিক খোকন জানান, ঘাটাইলে (খরাবর) ভাড়া বাসা থেকে আমার টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি হয়। সেদিন দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে পরেছিলাম। সেই সুযোগে বাসার কলাপসিবল গেটের ভিতরে রাখা আমার মোটরসাইকেলটি চোরেরা বের করে ঠেলে পার্শ্ববর্তী বিলপাড় পর্যন্ত নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়েও সেটি চালু না করতে পেরে সেখানেই ফেলে রেখে চম্পট দেয় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, মোটরসাইকেলটির অন্যান্য লকের সাথে প্লাগকেবলটাও খুলে রেখেছিলাম, তাই হয়তো চুরি যাওয়া মোটর সাইকেল ওরা নিতে পারেনি।
খোকন জানান, একই বাসা থেকে গতবছর আমার হিরো ব্র্যান্ডের অন্য আরেকটি মোটর সাইকেল চোরে নিয়ে যায়। সেটি আর পরবর্তীতে উদ্ধার হয়নি।
এদিকে খরাবর এলাকার ব্যবসায়ী খালিদ হাসানের বাসভবনে লাগানো সিসি ক্যামেরায় চুরি ঘটনার কিছু অংশ (সড়কের) ধারণ করা রয়েছে। প্রশাসন একটু পদক্ষেপ নিলে চোর সনাক্ত করা সম্ভব বলে তিনি জানান।
এ বিষয়ে মোটরসাইকেল মালিক খোকন ঘাটাইল থানায় যোগাযোগ করলে পুলিশ তার থেকে চুরি সম্পর্কিত তথ্য রেখে মোটরসাইকেল উদ্ধারের আশ্বাস প্রদান করেন। সে সময় তিনি একটি সাধারণ ডায়রি করতে চাইলে পুলিশের আশ্বাসের ভিত্তিতে তিনি আর সেটি করেননি।
তাছাড়া ঘাটাইলে প্রায়শই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। প্রকাশ্য দিবালোকে এবং রাতের আঁধারে সমতালেই চলে এই চুরির ঘটনা। মোটরসাইকেল চুরির ঘটনা বন্ধে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঘাটাইলের সুশীল সমাজের লোকজন।
