বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

ভোট দিয়ে নেতা নির্বাচন করল ক্ষুদে শিক্ষার্থীরা

শিশুদের মধ্যে গণতান্ত্রিক চেতনা বিকাশের জন্য গতকাল বৃহস্প্রতিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। এ নির্বাচনে ভোট দিয়ে তাদের নেতা নির্বাাচত করল প্রতিটি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।
সকালে উপজেলা সদরের ঘাটাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে উৎসব মূখর পরিবেশ। নির্বাচনের সকল বিধি বিধান মেনে ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে। ভোট কক্ষের বাইরে ভোট প্রদানের অপেক্ষায় সারি বেধে দাড়িয়ে আছে ক্ষুদে ভোটাররা। কেন্দ্রের ভিতরে নিয়ম অনুযায়ী  দায়িত্ব পালন করছে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচিত প্রিসাইডিং পোলিং অফিসাররা। একই ভাবে আইন শৃঙ্গলার কাজে নিয়োজিত আছে  একদল শিক্ষার্থী। বাইরে দাড়িয়ে ভোটারদের ভোট প্রদানে উৎসাহ যোগাচ্ছে এ বিদ্যালয়ের প্রতিদ্বন্ধী ১৫ প্রার্থী। সরেজমিনে উপজেলার জামুরিয়া ইউনিয়নের বেনীমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে দেখা যায় একই পদ্ধতিতে ভোট দিচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা।

ঘাটাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫র্ম শ্রেনীর ছাত্রী জান্নাত বলেন, এটাই আমার জীবনে প্রথম ভোট দেওয়া। সহপাঠীদের মধ্য থেকে আমরা আমাদের নেতা নির্বাচন করব এটা খুব আনন্দের। বেনীমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থী ৪র্থ শ্রেনীর ছাত্রী রাদিয়া ইসলাম বলেন, এটা আমার জন্য এক নতুন অনুভূতি।  জয়-পরাজয় যাই হোক তা আনন্দের সঙ্গে তা মেনে নিব।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক সাথে উপজেলার ১৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশ গ্রহণ করবে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে।
বেনীমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিশুদের মাঝে নেতৃত্ব বোধ গড়ে তোলা এবং ভোট প্রদানে সচেতন করাই এই নির্বাচনের উদ্দেশ্য। এ নির্বাচন তাদের জন্য নতুন অনুভূতি। এ উদ্যোগ শিশুদের গণতন্ত্র চেতনা বিকাশে সহায়ক হবে।
ঘাটাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মাসুদুর রহমান জানান। প্রতি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি হতে সাতজন প্রার্থী জয়ী হবে। নির্বাচিতরা বিদ্যালয়ের স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিস্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়নসহ সাতটি বিষয়ে  দায়িত্ব পালন করবে ।
ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিমা আখতার বলেন, শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার জন্যই এই নির্বাচন আয়োজন করেছে সরকার।