বুধবার, এপ্রিল ০৬, ২০১৬

ঘাটাইলে এমপি রানাকে গ্রেফতার ও বহিস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ ॥ বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানাকে অবিলম্বে গ্রেফতার ও দল থেকে বহিস্কারের দাবীতে বুধবার রাতে বিক্ষোভ সমাবেশ করেছে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমপি রানাসহ ১০ জন পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ার খবরে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ এ বিক্ষোভ সমাবেশ করে। বুধবার রাত সাড়ে ৮টায় থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঘাটাইল উপজেলা স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা সমাবেশ করে। এ সময় সড়কের উপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে নেতাকর্মীরা। এতে সড়কের উভয় পার্শ্বে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, মুজিবর রহমান, শহিদুজ্জামান খান (ভিপি শহীদ)সহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ। বক্তৃতায় এমপি রানাকে অবিলম্বে গ্রেফতার ও দল থেকে বহিস্কারের দাবি জানান নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, বিগত ২০১৩ সালে ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরে কলেজপাড়া নিজ বাসার কাছ থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ এর গুলিবৃদ্ধ লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার স্ত্রী নাহার আহম্মেদ বাদী হয়ে ২১ জানুয়ারি অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে টাঙ্গাইল থানায় মামলা করেন। আলোচিত এই মামলায় রানা সহ তার অপর তিন সহোদর জড়িত থাকায় তাদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে গোয়েন্দা পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷