রবিবার, মে ০৫, ২০১৯

টাইগার-অনন্যার ‘ফকিরা’ গানটি শুনেছেন?

তরুণ ভক্তকুলে এ বছরের বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। নির্মাতারা একে একে অবমুক্ত করছেন গানের ভিডিও। দর্শক-শ্রোতার মনে দারুণ সাড়াও ফেলছে।

এবার মুক্তি পেল করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র চতুর্থ গান ‘ফকিরা’। এর আগে মুক্তি পেয়েছিল তিনটি গান—‘জওয়ানি’ (‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ গানের রিমিক্স ভার্সন), ‘মুম্বাই দিল্লি দি কুড়িয়াঁ’ ও সাবেক স্টুডেন্ট আলিয়া ভাটের সঙ্গে টাইগার শ্রফের ‘হুক আপ’।

‘ফকিরা’ গানে নেচে ঝড় তুলেছেন ‘বাঘি’ খ্যাত টাইগার শ্রফ ও নবাগত অনন্যা পান্ডে। গেয়েছেন সনম পুরি ও সদ্য বিবাহিত নীতি মোহন। বিশাল-শেখরের সুরে রোমান্টিক ধাঁচের এ গান ভক্তকুলে সাড়া ফেলেছে। গানটি লিখেছেন অন্বিতা দত্ত।

টাইগার শ্রফ ও অনন্যা পান্ডের নতুন রসায়নে উচ্ছ্বসিত অন্তর্জাল দুনিয়া। কলেজ শিক্ষার্থীদের প্রেমের গল্প নিয়ে এ সিনেমা। তরুণ মহলে তাই আগ্রহ বেশি। এ মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার আদিল শেখ।

ছবিটি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর দ্বিতীয় কিস্তি। ২০১২ সালে মুক্তি পেয়েছিল রোমান্টিক কমেডি ধাঁচের প্রথম কিস্তি। এতে অভিষেক হয়েছিল আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার।

পুনিত মালহোত্রা পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রডাকশনস ও ফক্স স্টার স্টুডিওস। এ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে ও সংগীতশিল্পী-অভিনেত্রী তারা সুতারিয়ার। ১০ মে বড়পর্দায় উঠবে এ ছবি। সূত্র : ডিএনএ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷