শুক্রবার, জুলাই ১৯, ২০১৯

হজ্বে যাওয়ার অনুমতি পেলেন সাবেক এমপি রানা!

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হজ্জে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি রানা বৃহস্পতিবার (১৮ জুলাই) এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে হজে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।

দীর্ঘ ৩৪ মাস কারাগারে থাকার পর আমানুর গত ৯ জুলাই জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর মুক্ত অবস্থায় এ প্রথম তিনি ফারুক হত্যা মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হলেন।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলী (পিপি) মহসিন সিকদার জানান, টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফারুক আহমেদ হত্যা মামলার ময়না তদন্তকারী চিকিৎসক মোজাম্মেল হোসেন সাক্ষ্য দেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এ নিয়ে এ মামলার মোট ১৮ জনের সাক্ষী দেওয়া হলো।

চিকিৎসকের সাক্ষ্য দেওয়ার পর রানা আইনজীবীর মাধ্যমে হজব্রত পালনের জন্য সৌদি আরব যাওয়ার অনুমতি প্রার্থনা করে আবেদন দাখিল করেন। পরে আদালতের বিচারক রাশেদ কবির রানার হজ্বে যাওয়ার আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য,দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর রানা ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর এ আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ফারুক হত্যা মামলায় গত মার্চে এবং এ মাসেই দুই যুবলীগ নেতা হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর গত ৯ জুলাই তিনি মুক্তি পান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷